আগের ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছিল ব্রাজিল। প্রশ্ন উঠেছিল কোচ কার্লো আনচেলত্তির পদে থাকা নিয়েও। সমালোচনার সেই জবাবটা দারুণভাবেই দিল সেলেসাওরা। সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকে ৭-০ গোলের বিশাল জয় পেয়েছে ব্রাজিল।
প্রথমবারের মতো সিঙ্গাপুরের মুখোমুখি হয়ে ব্রাজিল যেন আগের ম্যাচের 'রাগটাই' ঝাড়ছে। ম্যাচের মাত্র ২০ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায় সেলেসাওরা। হ্যাটট্রিক করে ব্রাজিলকে বিশাল জয়ের দিকে এগিয়ে নিচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র।
ম্যাচের ৯ম মিনিটে প্রথম গোল পান ভিনি। গোলে অ্যাসিস্ট ছিল ব্রুনো গিমারেসের। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এবার অ্যাসিস্ট ছিল এন্দ্রিকের। ২১ মিনিটে এস্তেভাওয়ের পাসে বল পেয়ে ব্রাজিলের হয়ে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান ভিনি।
এটি তার ক্যারিয়ারের চতুর্থ হ্যাটট্রিক। আগের তিনটি হ্যাটট্রিকই রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে।
৩১ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল করেন এন্দ্রিক। হাফ টাইমের ঠিক আগে এস্তেভাও গোল পেলেও সেটা বাতিল হয়। শেষ পর্যন্ত ৪-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে আরও তিনবার প্রতিপক্ষের জালে বল জড়ায় সেলেসাওরা। ৫১ মিনিটে গোলের দেখা পান এস্তেভাও। ৬৫ মিনিটে গোল করেন রায়ান।
ব্রাজিলের শেষ গোলটা এসেছে ৭৪ মিনিটে। সুহাইমির আত্মঘাতী গোলে ৭-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।
শেষ পর্যন্ত বিশাল এই জয় নিয়েই প্রথমবারের মতো সিঙ্গাপুরের মুখোমুখি হওয়াটা স্মরণীয় করে রাখলেন ভিনিরা।