Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। এতে দাবি করা হচ্ছে, ‘দেশের অধিকাংশ জেলা আওয়ামী লীগের দখলে চলে গেছে এবং বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল-মিটিং হলেও সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে।’

তবে যাচাই করে দেখা যায়, নাহিদ ইসলামের এমন কোনো বক্তব্যের সত্যতা মেলেনি। বরং, কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই তাঁর নামে মন্তব্যটি প্রচার করা হয়েছে।

কী দাবি করা হচ্ছে?

ফেসবুকের ‘Sajeeb Wazed Joy’ নামের একটি গ্রুপ থেকে গত ১০ অক্টোবর আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়। এতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ছবি ব্যবহার করা হয়েছে। ফটোকার্ডে তাঁর নামে লেখা হয়েছে, ‘আজকে যা দেখলাম দেশের অধিকাংশ জেলা স্বৈরাচার আওয়ামীলীগের দখলে চলে গেছে এখানে সরকারি দল এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে। চট্টগ্রাম গাজীপুর গোপালগঞ্জ ফরিদপুর নারায়ণগঞ্জ বগুড়া দেশের অধিকাংশ জায়গায় নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল মিটিং করেছে।’

প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত পোস্টটি ২৫ বার শেয়ার হয়েছে। এতে ২৩৮টি প্রতিক্রিয়া পড়েছে।

যাচাইয়ে যা মিলছে

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করা হয়। তবে নাহিদ ইসলাম এমন মন্তব্য করেছেন—এমন কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

পরবর্তীতে নাহিদ ইসলামের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত বক্তব্যের কোনো পোস্ট পাওয়া যায়নি। এ ছাড়া, তাঁর মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি এমন মন্তব্য করলে তা মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু প্রাসঙ্গিক কোনো সংবাদও পাওয়া যায়নি।

এ বিষয়ে আগামীর সময়কে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত নিশ্চিত করেন, নাহিদ ইসলাম এমন কোনো মন্তব্য করেননি।

অর্থাৎ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া। তিনি এমন কোনো বক্তব্য দেননি।