মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, মন্দিরের পুরোহিত ও সেবায়েতসহ ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিদেরকে সম্মানী দেওয়া হচ্ছে। তবে মসজিদের খতিবকে এই সম্মানীর আওতাভুক্ত করার পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের উত্তরে ধর্ম বিষয়ক মন্ত্রী এ সব কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
প্রশ্নে মো. মোস্তাফিজুর রহমান বাবুল জানতে চান, চলতি অর্থ-বছরে দেশের সর্বমোট কতটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, মন্দিরের পুরোহিত ও সেবায়েত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুদের রাষ্ট্রীয় সম্মানানী প্রদান করা হইবে; মসজিদের খতিবগণকে উক্ত কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করিবার কোনো পরিকল্পনা রহিয়াছে কিনা?
জবাবে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, চলতি ২০২৬-২০২৭ অর্থ বছরে সারাদেশে বিদ্যমান ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জায় কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিবর্গকে সম্মানী প্রদান করা হবে। নীতিমালা অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এ সম্মানী প্রাপ্য হবেন।