সাংবাদিক ও কলামিস্ট তারিক চয়ন বলেছেন, এক ‘নয়ন’ আতঙ্কেই অস্থির হয়ে পড়েছে গোটা আওয়ামী লীগ। বিএনপির ভয়ে দলটি না জানি কতটা আতঙ্কিত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
পোস্টে তারিক চয়ন লেখেন, জুলাই-আগস্টের পর প্রায় দুই বছর আগে ভারতের এক শীর্ষ কূটনীতিকের সঙ্গে সাক্ষাতের সময় তিনি আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ জানতে চেয়েছিলেন। জবাবে ওই কূটনীতিক বলেছিলেন, বিএনপি যতটুকু চাইবে।
তিনি লেখেন, কূটনীতিকের বক্তব্য শুনে আমার মনে ফ্যাসিস্টের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার মাতা-পুত্রের ছবি ভাসছিল। হায়রে আওয়ামী লীগ! স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে ‘বাপের চাকর’, নিতান্তই ভদ্রমহিলা-মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়াকে ‘এতিমের টাকা চোর’, ‘মদখোর’ আর শারীরিক ও মানসিক নির্যাতনের সর্বোচ্চ শিকার তারেক রহমানকে ‘পলাতক চোর’ ‘জঙ্গি’ আখ্যা দিয়েছিলে তোমরা। এখন সেই তোমাদেরই নাকি নিজেদের রাজনীতি যথাসম্ভব টিকিয়ে রাখবার জন্যে বিএনপির কাছে হাজিরা দিতে হবে।
পোস্টে তিনি প্রশ্ন রেখে লেখেন, গোপালগঞ্জের ঘটনা বাদ দিলে সারা দেশে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান কি ওই কূটনীতিকের ভবিষ্যদ্বাণীকেই মনে করিয়ে দিচ্ছে না? পালিয়ে থেকে হুংকারের নামে ফেসবুক-টিকটকে অলস সময় কাটানো, এক হালি ইউটিউবারকে দিয়ে আগডুম-বাগডুম আষাঢ়ে গল্প প্রচার আর মিছিল দেখাতে মুখে মাস্ক পরে ভোঁ-দৌড়, এসবের বাইরে মাঠেঘাটে, রাজপথে, জনসভায় কোথায় আছে আওয়ামী লীগ?
তারিক চয়ন লেখেন, যদিও মহাভারতের শকুনি মামার ন্যায় ওদের কূটকৌশল থেমে নেই। গতকালই পত্রিকায় পড়লাম, বিএনপি মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভীর বাসায় হামলার প্রস্তুতির সময় হাতেনাতে ধরে কয়েকটা সন্ত্রাসীকে পুলিশে দিয়েছে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। গত কয়েকদিন ধরেই এমন অনেক ঘটনা প্রত্যক্ষ করেছি।
সবশেষে তিনি পোস্টে লেখেন, তবে মজার বিষয় হচ্ছে, এক ‘নয়ন’ আতঙ্কেই অস্থির গোটা আওয়ামী লীগ। সেক্ষেত্রে, গোটা বিএনপির ভয়ে তারা না জানি কতোটাই আতঙ্কিত।