Image description

রাজধানীর মোহাম্মদপুর থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরবি-২)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিন (৫৫)।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদিয়া হাউজিং রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অন্য দুজন হলেন মো. বিল্লাল হোসেন (৪১) ও মো. আবুল বাশার (৪৭)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার তিনজনই গোপালগঞ্জ জেলার বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সদস্য। তাদের মধ্যে কাজী নুরুল আমিন তুহিন যুবলীগের কাশিয়ানী থানা কমিটির সাবেক সভাপতি। তিনি আওয়ামী লীগের যাত্রাবাড়ী ৫১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

এতে আরও বলা হয়, তুহিনের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতা করে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন বলে স্বীকার করেছেন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

 

  •  

পুলিশের অপরাধী তথ্য ব্যবস্থাপনা (পিসিপিআর) যাচাই করে জানা গেছে, কাজী নুরুল আমিন তুহিনের বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, চুরি, অগ্নিসংযোগ, মারধর ও গুরুতর জখমের অভিযোগে একটি মামলা রয়েছে। এ ছাড়া ডিএমপির যাত্রাবাড়ী থানায় খুন, হত্যাচেষ্টা, গুরুতর জখম, অপরাধমূলক ষড়যন্ত্র, দাঙ্গা ও বেআইনি সমাবেশের অভিযোগে আরও একটি মামলা রয়েছে।

 

গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে গোপালগঞ্জের পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।