জননিরাপত্তা বজায় রাখা এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর মধ্যে গোপালগঞ্জে ৮ প্লাটুন, গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের রাজনৈতিক অস্থিরতা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় এ বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় কাজ করছেন মোতায়েন করা সদস্যরা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালন করছেন।
কেপিআইভুক্ত স্থাপনাসহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় তারা নির্ধারিত স্থানে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রধান সড়ক ও মহাসড়কে টহল দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখছেন।
সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন রোধে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে, এমন কর্মকাণ্ড প্রতিরোধেও সতর্ক অবস্থানে রয়েছেন সদস্যরা।
মাঠপর্যায়ে নিরাপত্তাব্যবস্থার কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।