Image description

চট্টগ্রামের খাতুনগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমের দোকান ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় মিছিল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজনই মহানগর ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।

 

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তানজিল ইসলাম ও অনিক দত্ত। মঙ্গলবার দুপুর ১টায় নগরের খাতুনগঞ্জে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টায় নগরের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা সেখানে অবস্থিত ‘ইলিয়াছ ব্রাদার্স’ নামের প্রতিষ্ঠানটি ভাঙচুর করেন। এতে প্রতিষ্ঠানটির গ্লাস ও দরজা ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। কোতোয়ালি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আইনে চালান দেয়। একই সঙ্গে দোকান ভাঙচুরের ঘটনায় আরও একটি মামলা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ‘খাতুনগঞ্জে একটি দোকানে ভাঙচুর চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। আমরা খবর পেয়ে দুজনকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নিয়েছি। এ ঘটনায় একটি মামলাও হয়েছে।’