বিজয়ের মাস ডিসেম্বরের সব অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সারা দেশে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বলয় গড়ে তোলা হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাসমূহের সমন্বয়ে।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রস্তুতিমূলক (আন্তঃমন্ত্রণালয়) সভা হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এদিকে ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এর মধ্যেই সভায় বিজয় দিবসের কর্মসূচি ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলাসহ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে নেওয়া জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে নেওয়া হয়েছে বিভিন্ন সিদ্ধান্ত।
সভা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ভ্যারিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, সভায় বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খল করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাসমূহের সমন্বয়ে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যসহ দেশি-বিদেশি ভিভিআইপি ও সাধারণ জনগণের সাভার জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন এবং পুষ্পস্তবক অর্পণকালে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহারের অংশ হিসেবে সাভার স্মৃতিসৌধ এলাকা এবং এর প্রবেশপথে পর্যাপ্ত সংখ্যক সিসি/আইপি ক্যামেরা স্থাপন করা হবে এবং সিসি ক্যামেরাসমূহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে যুক্ত থাকবে বলে জানানো হয়।
সভা থেকে বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে সম্ভাব্য যেকোনো বিশৃঙ্খলা বা অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে এসবিসহ অন্য গোয়েন্দা সংস্থাকে অধিকতর সতর্ক থেকে গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া, বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানে আসা মেহমানদের দেহ ও যানবাহনে তল্লাশিসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম এবং সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে।
যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার মূল সড়ক ও স্মৃতিসৌধের আশপাশের এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। জরুরি সেবা নিশ্চিত করতে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ অন্যান্য সব অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নি নির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত ছিলেন।