Image description

গোপালগঞ্জে যৌথবাহিনীর চিরুনি অভিযানের দৃশ্য দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অনেককে মাটিতে উপুড় হয়ে শুয়ে থাকতে দেখা যায়। তাঁদের পেছনে দাঁড়িয়ে আছেন পুলিশ ও সেনাসদস্যরা।

তবে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুক পোস্টে দেখানো দৃশ্যটি ২০২৫ সালের ১ মার্চ গাজীপুরের টঙ্গীর হাজি মাজার বস্তিতে যৌথবাহিনীর অভিযানের। ওই অভিযানে ৬০ জনকে আটক করা হয়।

সংবাদমাধ্যমে টঙ্গীর অভিযানের বিবরণ

২০২৫ সালের ২ মার্চ প্রকাশিত জাগো নিউজের প্রতিবেদনের দ্বিতীয় ছবিটির সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর একটি দৃশ্যের মিল পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, গাজীপুরের টঙ্গীতে মাজার বস্তি এলাকায় অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তাদের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছেন। অভিযানে গ্রেপ্তারদের থেকে নগদ টাকা, মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

একই দিন প্রকাশিত প্রথম আলোর একটি প্রতিবেদনেও ওই অভিযানের বিবরণ পাওয়া যায়। অভিযান শেষে আটক ব্যক্তিদের টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আটক ব্যক্তিদের আমাদের থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

টঙ্গীর মাজার বস্তিতে ওই অভিযান নিয়ে ইউটিউবে ভিডিও প্রতিবেদন প্রকাশ করে সময় টিভি, যমুনা টিভি ও ইনডিপেনডেন্ট টেলিভিশন।

সুতরাং, গোপালগঞ্জে যৌথবাহিনীর চিরুনি অভিযানের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের ১ মার্চ গাজীপুরের টঙ্গীর হাজি মাজার বস্তিতে চালানো অভিযানের।