আওয়ামী আমলে রেল বিভাগের দুর্নীতি-লুটপাট বহুল আলোচিত একটি বিষয়। রেল বিভাগে বরাদ্দ ছিল বেশি, লুটপাটও হয়েছে বেশি। খোদ শেখ হাসিনা-রেহানাসহ প্রভাবশালী ব্যক্তিরা এই খাত থেকে হাতিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। লুটপাটের সুযোগ করে দিয়ে এর ভাগবাটোরার একটি অংশ পেয়েছেন রেল বিভাগের কর্মকর্তারাও।
মানুষ আশা করেছিল, অন্তর্বর্তী সরকারের আমলে সেইসব লুটপাটের বিচার হবে। দুর্নীতিবাজদের শাস্তি হবে। বিশেষ করে মুহাম্মদ ফাওজুল কবির খান এই বিভাগের দায়িত্ব পাওয়ার পর সবাই আশাবাদী হয়েছিল যে, দুর্নীতির তথ্য উদঘাটন হবে এবং দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কারণ, তিনি নিজেকে একজন সৎ ব্যক্তি হিসেবে বক্তব্য-বিবৃতি ও লেখালেখিতে দাবি করে এসেছেন বরাবর।
উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর শুরুর দিকে সেই রকমেরই কিছুটা ভূমিকা ছিল তাঁর। রেল বিভাগের অভ্যন্তরীণ বৈঠকে, কার্যক্রমে এবং বক্তব্য-বিবৃতিতে এমন ভাবই প্রকাশ করছিলেন। কিন্তু এক পর্যায়ে হঠাৎ করেই দেখা গেলো, তিনি সম্পূর্ণ পাল্টে গেছেন। রেল বিভাগের শীর্ষ দুর্নীতিবাজ কর্মকর্তাদেরই কাছে টেনে নিলেন।
আওয়ামী লীগ আমলে রেল বিভাগের লুটপাটের প্রকল্পগুলোর সবচেয়ে সেরা প্রকল্প হলো পদ্মা রেল সেতু নির্মাণ প্রকল্প। এ প্রকল্পের আগা থেকে গোড়া পর্যন্ত যিনি ছিলেন লুটপাটের মাস্টারমাইন্ড এবং যার হাত দিয়ে প্রকল্পের সিংহভাগ বিল পরিশোধ হয়েছে সেই শীর্ষ দুর্নীতিবাজ পিডি মো. আফজাল হোসেনকে তিনি এনে বসিয়েছেন রেল বিভাগের সর্বোচ্চ পদে। তাও অন্য দু’জন কর্মকর্তাকে ডিঙিয়ে। এর মধ্যে একজন রয়েছেন, যিনি মেধা তালিকায় আফজাল হোসেনের ব্যাচের প্রথম ব্যক্তি। ৩য় গ্রেডে পদোন্নতি পেয়েছেন অনেক আগে। এমনকি রেল বিভাগে তুলনামূলক সৎ হিসেবেও তার কিছুটা পরিচিতি রয়েছে। কিন্তু সৎ দাবিদার উপদেষ্টা চাকরিতে ও পদে জুনিয়র, শীর্ষ দুর্নীতিবাজ কর্মকর্তাকেই পছন্দ করলেন! উপদেষ্টার এমন অসৎ বা দুর্নীতিমূলক কর্মকাণ্ডে অবাক হয়েছেন রেল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। তবে এতে অত্যন্ত খুশি হয়েছেন রেলের অন্যান্য দুর্নীতিবাজ কর্মকর্তারা, যারা অতীতে আওয়ামী লুটপাটের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ছিলেন। এবং আশংকা করছিলেন, অতীত অপকর্মের জন্য এ আমলে চাকরি তো যাবেই, আরো বড় ধরনের শাস্তির মুখে পড়তে হবে তাদের। উপদেষ্টা ফাওজুল কবির খান তাদেরকে সেই আশংকা থেকে বাঁচিয়ে দিয়েছেন শীর্ষ দুর্নীতিবাজ কর্মকর্তা আফজাল হোসেনকে নিশ্চিত শাস্তির পরিবর্তে পুরষ্কৃত করে।
রেল সচিব পদে আছেন প্রশাসনের ১৩তম ব্যাচের কর্মকর্তা মো. ফাহিমুল ইসলাম। অর্থাৎ ডিজি আফজাল হোসেনের ব্যাচমেট তিনি। শুধু ব্যাচমেটই নন, তাঁরা দু’জন ঘনিষ্ঠ বন্ধুও বটে- আফজাল হোসেনই গর্ব করে একথা প্রচার করে থাকেন। আফজাল হোসেন প্রকাশ্যেই সচিব ফাহিমুল ইসলামকে বন্ধু হিসেবে পরিচয় দিয়ে থাকেন। ফাহিমুল ইসলামও তাতে সায় দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। একদিকে উপদেষ্টার ঘনিষ্ঠ, অন্যদিকে আবার সচিবের বন্ধু! ফ্যাসিস্ট ও লুটেরা হাসিনা-রেহানার পছন্দের শীর্ষ দুর্নীতিবাজ কর্মকর্তা আফজাল এমন অবস্থায় যেন হাওয়ার ওপর চলেছেন শুরু থেকেই! অতীত দুর্নীতি ধামাচাপা দেয়া এবং নতুন করে দুর্নীতিবাজদের সমন্বয়ে সিন্ডিকেট গড়ে তোলার কাজে কোমর বেঁধে নেমে পড়েন তিনি ডিজি পদে নিয়োগ পাওয়ার সঙ্গে সঙ্গে। রেলে আওয়ামী দুর্নীতিবাজ প্রকৌশলীদের নতুন নতুন আকর্ষণীয় পদায়নের ব্যবস্থা করেন, যাতে সিন্ডিকেট গড়ার কাজে সুবিধা হয়। হয়েছেও তাই। সচিব ফাহিমুল ইসলাম এবং ডিজি আফজাল হোসেনের নেতৃত্বে গড়ে ওঠে অন্তর্বর্তী সরকারের আমলে নতুন সিন্ডিকেট। এই সিন্ডিকেট একদিকে আওয়ামী লীগ আমলের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করেছে, আবার নতুন দুর্নীতিতেও জড়িয়ে পড়েছে। এসবের মাধ্যমে নিজেরাও নতুন করে কামিয়ে নিয়েছেন।
সচিব-ডিজি পদে নিয়োগেও পারষ্পরিক সংশ্লিষ্টতা
বাংলাদেশ রেলওয়ের ডিজি পদে নিয়োগ পেয়েছেন মো. আফজাল হোসেন ২০২৪ সালের ২৮ নভেম্বর এবং ৮ ডিসেম্বর ২০২৪ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সরদার সাহাদাত আলীর স্থলাভিষিক্ত হন ২৮ নভেম্বর ২০২৪। এদিকে একই দিনে রেল সচিব পদে যোগদান করেছেন মো. ফাহিমুল ইসলাম। ফাহিমুল ইসলাম ইতিপূর্বে ছিলেন সেতু বিভাগের সচিব পদে। উপদেষ্টা ফাওজুল কবির খান এবং সচিব ফাহিমুল ইসলাম উভয়েই জামায়াত ঘরানার। তার তাই উভয়ের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের সূত্র ধরেই ফাওজুল কবির খান নিজে উদ্যোগী হয়ে ফাহিমুল ইসলামকে প্রথমে সেতু বিভাগের সচিব পদে নিয়োগের ব্যবস্থা করেন। এরপরে ফাহিমুল ইসলামের আগ্রহে তাকে আবার রেল মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগের জন্য ডিও লেটার লেখেন। ৭ নভেম্বর, ২০২৪ জনপ্রশাসন সচিব বরাবর ডিও লেটার লেখেন উপদেষ্টা ফাওজুল কবির। এর পরিপ্রেক্ষিতে ২০ নভেম্বর, ২০২৪ তখনকার রেল সচিব আবদুল বাকীকে ওএসডি করে এবং একই সঙ্গে ফাহিমুল ইসলামকে ওই পদে পদায়ন করা হয়। ফাহিমুল ইসলাম রেল সচিব পদে যোগদান করেন ২৮ নভেম্বর, ২০২৪ এবং সেইদিন তিনি বন্ধু- আওয়ামী দুর্নীতিবাজ আফজাল হোসেনকে রেলের ডিজি পদে নিয়োগের আদেশ জারি করেন। আর এর মধ্য দিয়েই রেল বিভাগে অনিয়ম-দুর্নীতি, লুটপাটের নতুন যুগের সূচনা হয়।
রেল বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, সেই থেকে রেলওয়ের সচিব এবং ডিজি উভয় পদের দায়িত্বই পালন করছেন হাসিনা-রেহানার লুটপাটের সহযোগী শীর্ষ দুর্নীতিবাজ আফজাল হোসেন। আর সচিব ফাহিমুল ইসলামের দায়িত্ব হলো, সরকারি মহলে তদবির চালিয়ে আফজাল হোসেনের চাকরি টিকিয়ে রাখা। অন্তর্বর্তী সরকারের আমলে এমনকি বিএনপি সরকারের আমলেও তিনি এ দায়িত্বটি ভালোভাবে পালন করছেন। জামায়াত নেতা ফাহিমুল ইসলাম বিএনপি আমলে রাজনৈতিক বোলও পাল্টে ফেলেছেন ডিজি এবং নিজের পদ রক্ষা করতে গিয়ে।
কেমন চলেছিল ইউনুস সরকারের রেল প্রায় ১৮ মাস।
এটা ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে, আওয়ামী আমলে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে এই রেল বিভাগেই। হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু রেল বিভাগ যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। আশা করা হয়েছিল, ড. মুহাম্মদ ইউনূস সরকারের আমলে রেল বিভাগকে সেই পরিস্থিতি থেকে টেনে তোলা হবে। অথচ বাস্তবে এর কোনো চেষ্টাই হয়নি। সচিব ফাহিমুল ইসলাম-ডিজি আফজাল হোসেন সিন্ডিকেটের নানা অপকর্মে সরকারের বৃহৎ এই প্রতিষ্ঠানটির সেবার মান আরও যেন রসাতলে গেছে, বলছেন সংশ্লিষ্টরা।
রেল বিভাগের সূত্রগুলো বলছে, ড. ইউনূসের অন্তর্বর্র্তী সরকারের ১৮ মাসে এক টাকা সমপরিমাণের কল্যাণ কাজও হয়নি। এই সময় রেল শুধু কয়েকটা কমিটি গঠন করা হয়েছিল। কমিটির কার্যপ্রণালী ও সদস্য নির্বাচন নিয়েও অনেক প্রশ্ন ছিল। (১) রেলের টিকিট কালোবাজারি রোধ কমিটি। (২) লোকোমোটিভ মানে ইঞ্জিনের কার্যকারিতা বৃদ্ধি এবং ইঞ্জিনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ কমিটি। (৩) বাংলাদেশ রেলওয়ের রুট রেশনালাইজেশন করার লক্ষ্যে কমিটি গঠন। (৪) রেলওয়েকে একটি লাভজনক এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণিত করার জন্য তিনজন ছাত্রের বরাবর ফ্রী টিকিট ইস্যু।
শেষের ইস্যুটাকে নিয়ে আগে পর্যালোচনা করা যাক। রুট রেশনালাইজেশন মানে কোন রুট লাভজনক, কোন রুটে ট্রেন চলবে, কোনটাতে চলবে না বা কমাতে হবে। কোন রুটে ট্রেনের কোচ বাড়বে বা কমবে, ইত্যাদি। কমিটির সদস্য যাদের করা হয়েছিল, তা ছিল প্রশ্নবিদ্ধ। রেলওয়েকে একটি লাভজনক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করার জন্য তিনজন ছাত্রকে সারা দেশে ভ্রমণের জন্য ফ্রী টিকিট এর ব্যবস্থা করা হয়েছিল। ফ্রী টিকিটের তিন ছাত্র প্রতিনিধি, ফ্রী টিকিটের অপব্যবহার করায় অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠিত হয়, কমিটির রিপোর্টের ভিত্তিতে তারা রেল ছাড়তে বাধ্য হয়।
এবার আসা যাক প্রথমটাতে। টিকিট কালোবাজারি রোধ, টিকিটং ব্যবস্থা তথা সহজ ডটকমের টিকিট কালোবাজারিতে কোনো যোগসাজশ আছে কিনা, তা অনুসন্ধান ও পরামর্শ দেয়া। লোকোমোটিভ বা ইঞ্জিনের কার্যকারিতা বৃদ্ধি ও ভবিষ্যৎ ইঞ্জিনের মান ডিজাইন কেমন হবে, সেজন্য কমিটি গঠন করা হল। মাত্র কয়েকবছর আগে কেনা কোরিয়ান হুন্দাই রোটেম থেকে দুর্নীতির মাধ্যমে কেনা ৩০টি ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় সবাই অনেক লেখালেখি ও প্রতিবাদ করায় এই কমিটি গঠন করা হয়েছিল। তারা ইঞ্জিনের ত্রুটি-বিচ্যুতি, দুর্নীতি নির্ধারণ এবং ইঞ্জিন কেমন হবে, সেটার মতামত দেবে। ১,২ ও ৩ নং কমিটি কোন প্রতিবেদন জমা দেয়নি। তারা কখনোই কোনো তদন্ত, পর্যবেক্ষণ, পরিবীক্ষণ, অনুসন্ধান কিছুই করেনি। করার কথাও নয়। আদতে মন্ত্রণালয় বা বিভাগের নিয়ন্ত্রণ যখন দুর্নীতিবাজদের হাতে চলে যায়, তখন এসব কমিটি গঠনের বিষয়টা একেবারেই ‘আইওয়াশ’ হিসেবে বিবেচিত হয়।
সচিবের প্রশাসনিক ব্যর্থতা ও অধীনস্থ সংস্থার ওপর কার্যকর নিয়ন্ত্রণের অভাব
রেল বিভাগ সংশ্লিষ্টদের মতে, মো. ফাহিমুল ইসলাম রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করার আগে তাঁর পূর্ববর্তী দায়িত্ব ও চাকরির অভিজ্ঞতা সম্পর্কে সরকারি নথি রয়েছে। তবে সচিব হিসেবে তাঁর দায়িত্বের প্রধান মূল্যায়ন হওয়া উচিত- রেলওয়ের প্রশাসনিক শৃঙ্খলা, সরকারি অর্থের সুরক্ষা, প্রকল্পের অগ্রগতি, অভিযোগ নিষ্পত্তি এবং দুর্নীতি প্রতিরোধে কী কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে যে, রেলওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর, প্রকল্প ও ক্রয় কার্যক্রমে অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও কার্যকর তদারকি, সময়মতো তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। কোনো কর্মকর্তা বা প্রকল্প পরিচালকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে সংশ্লিষ্ট নথি যাচাই, নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দায়িত্ব মন্ত্রণালয়ের প্রশাসনিক কাঠামোর আওতাভুক্ত। এ ক্ষেত্রে সচিবের কাছে উপস্থাপিত অভিযোগের সংখ্যা, নিষ্পত্তির হার, তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন, নিরীক্ষা আপত্তি নিষ্পত্তি এবং প্রকল্প পরিদর্শনের প্রতিবেদন পরীক্ষা করা জরুরি। কোনো অভিযোগে প্রাথমিকভাবে অনিয়মের তথ্য থাকার পরও সচিব ব্যবস্থা না নিয়ে থাকলে, অথবা বিধিবহির্ভূত সিদ্ধান্তে অনুমোদন বা সহযোগিতা করে থাকলে তা দায়িত্বে অবহেলা কিংবা অসদাচরণের প্রশ্ন সৃষ্টি করতে পারে।
সুতরাং, সচিবের দায়িত্বকালীন সময়ের একটি স্বাধীন প্রশাসনিক ও কার্যসম্পাদন নিরীক্ষা পরিচালনা করে নির্ধারণ করা হোক- তিনি রেলওয়ের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন কি-না এবং ব্যর্থতার পেছনে অবহেলা, অদক্ষতা, পক্ষপাত অথবা অনিয়মে সহযোগিতার প্রমাণ রয়েছে কি-না।
ট্র্যাকশন মোটর মেরামতের দরপত্রে গোপন প্রাক্কলিত মূল্য ফাঁস ও প্রতিযোগিতা সীমিত করার গুরুতর অভিযোগ
সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের ৩৪টি ট্র্যাকশন মোটর মেরামতের দরপত্রে দাপ্তরিক প্রাক্কলিত মূল্য ঠিকাদারের কাছে ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কাজটির প্রাক্কলিত ব্যয় ছিল প্রায় ৫ কোটি ৯৫ লাখ টাকা এবং ২৩ জুন ২০২৬ তারিখে শ্রীজা মেটাল ইন্ডাস্ট্রিজকে প্রায় ৬ কোটি ৪৫ লাখ ৫২ হাজার টাকার কার্যাদেশ দেওয়া হয়। অর্থাৎ প্রতিবেদনে উল্লিখিত অঙ্ক অনুযায়ী কার্যাদেশের মূল্য প্রাক্কলনের চেয়ে প্রায় ৫০.৫৩ লাখ টাকা বেশি।
অভিযোগে জানা গেছে, দরপত্রে অংশগ্রহণের অভিজ্ঞতা-সংক্রান্ত শর্ত পরিবর্তন, দরপত্র চলাকালে ঠিকাদারের চিঠিপত্রে প্রাক্কলিত মূল্যের সঙ্গে মিলে যাওয়া অঙ্ক উল্লেখ এবং দর ফাঁসের অভিযোগ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত থাকার বিষয় উত্থাপিত হয়েছে। দরপত্র আহ্বানকারী কর্মকর্তা ও রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বেলাল হোসেন সরকারও গোপন তথ্য ফাঁসের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। ঠিকাদার অবশ্য কার্যাদেশ পাওয়ার ক্ষেত্রে বিধি অনুসরণের দাবি করেছেন। কিন্তু কোনটি সঠিক তা তদন্ত করে দেখা উচিত। যদিও এ পর্যন্ত কোনো পদক্ষেপ দেখা যায়নি কর্তৃপক্ষের। সাম্প্রতিক ঘটে যাওয়া এ ঘটনাটি তেমন বড় না হলেও নিঃসন্দেহেই গুরুতর। [চলবে]