আদালত মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। তবু ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট ও পরিচয়পত্র চেয়ে তাঁর আইনজীবীদের সংস্থা ঢাকার বাংলাদেশ হাই কমিশনে চিঠি পাঠিয়েছিল। কিন্তু বাংলাদেশের সরকার সেই অনুরোধ খারিজ করেছে। বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান দাবি করেছেন, ভারত-বাংলাদেশ বন্দি প্রত্যর্পণচুক্তি মেনেই হাসিনাকে ফেরাতে হবে। অন্য কোনও বিকল্প নেই। এ বিষয়ে ঢাকার তরফে যা যা করণীয় ছিল, করা হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ, বল এখন ভারতের কোর্টে।
সরকারি ভাবে হাসিনার প্রত্যর্পণ নিয়ে কোনও মন্তব্য করেনি ভারত। বিবিসি বাংলার প্রতিবেদনে দাবি, হাসিনাকে ফেরানোর বিষয়ে নয়াদিল্লি দু’টি শর্ত দিয়েছে ঢাকাকে। প্রথমত, বাংলাদেশ সেনাবাহিনী বিমান পাঠিয়ে তাঁকে নিয়ে যেতে পারে, অথবা স্থলসীমান্তের কোনও নির্দিষ্ট জায়গায় তাঁকে গ্রহণ করতে পারে। দ্বিতীয় শর্ত হিসেবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ ও নতুন বিচারের নিশ্চয়তার কথা বলা হয়েছে। কিন্তু ভারত সরকার এই শর্তগুলির কোনওটিই আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেনি। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রত্যর্পণ আইনি বিষয় এবং আইন মেনেই তা বিবেচনা করা হবে। আনুষ্ঠানিক ভাবে মুখ না-খুললেও আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রীর প্রত্যাবর্তনকে ঘিরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে যে নতুন করে টানাপড়েন শুরু হয়েছে, টের পাচ্ছেন অনেকেই। এই পরিস্থিতিতে বার বার আলোচনায় উঠে আসছে দুই দেশের বন্দি প্রত্যর্পণচুক্তি। বস্তুত, হাসিনাকে ফেরানোর প্রশ্নে যেমন ওই চুক্তিকে ‘অস্ত্র’ করছে বাংলাদেশ, তেমনই তা হয়ে উঠছে ভারতের ‘ঢাল’।
চুক্তিতে কী আছে
ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণচুক্তি স্বাক্ষরিত হয়েছিল ঢাকায়, ২০১৩ সালের ২৮ জানুয়ারি। চুক্তিটি কার্যকর হয় ২০১৩ সালের ২৩ অক্টোবর। ২০১৬ সালের ২৮ জুলাই চুক্তির ১০(৩) অনুচ্ছেদ সংশোধনের জন্য দুই দেশ একটি চুক্তি স্বাক্ষর করে। অর্থাৎ, ২০১৬ সালে গোটা চুক্তিটি নতুন করে সংশোধিত হয়নি, নির্দিষ্ট একটি অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়েছিল। মূল চুক্তিপত্রে মোট ২১টি অনুচ্ছেদ রয়েছে। অপরাধ দমনে এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় দুই দেশের সহযোগিতাকে কার্যকর করতে অপরাধীদের পারস্পরিক প্রত্যর্পণের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ অপরিহার্য, চুক্তিতে দুই দেশই তা স্বীকার করে। চুক্তির শর্ত অনুযায়ী, ভারত বা বাংলাদেশের ভূখণ্ডে এমন কোনও ব্যক্তিকে যদি খুঁজে পাওয়া যায়, যার বিরুদ্ধে প্রত্যর্পণযোগ্য অপরাধের অভিযোগ রয়েছে, যাকে বিচারবিভাগ দোষী সাব্যস্ত করে কোনও সাজা দিয়েছে, তবে সংশ্লিষ্ট দেশটি ওই ব্যক্তিকে অনুরোধকারী দেশের হাতে তুলে দেবে। তবে তা চুক্তির অন্যান্য শর্ত সাপেক্ষে। দুই দেশের আইনেই যে অপরাধের জন্য অন্তত এক বছরের কারাদণ্ডের বিধান রয়েছে, তা প্রত্যর্পণযোগ্য। কর ও রাজস্ব সংক্রান্ত অপরাধও এর আওতায় পড়তে পারে। ওই অপরাধে সাহায্য করা, প্ররোচনা দেওয়া বা সহযোগী হিসেবে যুক্ত থাকার ক্ষেত্রেও প্রত্যর্পণ চাওয়া যেতে পারে।
প্রত্যর্পণযোগ্য অপরাধ কোনগুলি?
চুক্তির শর্ত অনুযায়ী, দুই দেশের আইনের অধীনে ন্যূনতম এক বছরের কারাদণ্ডের যোগ্য যে কোনও অপরাধ প্রত্যর্পণযোগ্য। কর বা রাজস্ব সংক্রান্ত, অর্থনৈতিক বিষয়ের সঙ্গে সম্পর্কিত অপরাধ হলেও তা প্রত্যর্পণযোগ্য হতে পারে। এই ধরনের অপরাধে সাহায্য করা বা প্ররোচনা দেওয়ার ক্ষেত্রেও প্রত্যর্পণ মঞ্জুর হবে। তা ছাড়া, অপরাধ যদি কোনও এক দেশে বসে করা হয় এবং তার প্রভাব অন্য দেশের উপর পড়ে, সে ক্ষেত্রে ভুক্তভোগী দেশটি অপরাধীকে ফেরত চাইলে চুক্তি অনুযায়ী বিবেচনা করে প্রত্যর্পণ মঞ্জুর হবে।
চুক্তির কেন্দ্রে কারা
প্রত্যর্পণ চুক্তির কেন্দ্রে রয়েছে ভারতের বিদেশ মন্ত্রক এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। দুই দেশ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখবে এবং সংশ্লিষ্ট মন্ত্রকে যে কোনও পরিবর্তনের বিষয়ে একে অপরকে অবহিত করবে। নাগরিকত্ব কখনও প্রত্যর্পণে বাধা হবে না। অপরাধী অনুরোধপ্রাপ্ত দেশের নাগরিক হলেও অপর দেশের অনুরোধের ভিত্তিতে তাঁর প্রত্যর্পণ মঞ্জুর করতে হবে।
ব্যতিক্রম কী
রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণচুক্তিতে কিছু ব্যতিক্রম রয়েছে। যে অপরাধের জন্য প্রত্যর্পণ চাওয়া হচ্ছে, তার প্রকৃতি যদি রাজনৈতিক হয়, তবে অনুরোধপ্রাপ্ত দেশ চাইলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে। তা ছাড়া, যার প্রত্যর্পণ চাওয়া হয়েছে, সংশ্লিষ্ট অপরাধের ভিত্তিতে তাঁর বিচার যদি অনুরোধপ্রাপ্ত দেশেই সম্ভব হয়, তবে প্রত্যর্পণ প্রত্যাখান করা যাবে। সে ক্ষেত্রে ওই দেশে বিচারের ব্যবস্থাও করতে হবে। তবে চুক্তিতে কয়েকটি অপরাধকে রাজনৈতিক অপরাধের তালিকার বাইরে রাখা হয়েছে।
কোন অপরাধ রাজনৈতিক নয়
খুন, উদ্দেশ্যপ্রণোদিত আঘাত, বিস্ফোরণ ঘটিয়ে হামলা, জীবন ও সম্পত্তির ক্ষতিসাধনের অভিপ্রায়ে বিস্ফোরক দ্রব্য বা আগ্নেয়াস্ত্র তৈরি করা এবং সঙ্গে রাখা, নিজের বা অন্য কারও গ্রেফতারি ঠেকাতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার, অপহরণ, অন্যায় ভাবে আটকে রাখা, খুনে প্ররোচনা দেওয়া, সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং এই ধরনের অপরাধের ষড়যন্ত্র করা রাজনৈতিক অপরাধের তালিকায় পড়বে না।
কখন প্রত্যর্পণ করা হবে না?
অপরাধের প্রকৃতি যদি তুচ্ছ হয়, অপরাধের অভিযোগের পর যদি দীর্ঘসময় অতিবাহিত হয়ে যায়, তা হলে প্রত্যর্পণ সম্ভব নয়। তা ছাড়া, অপরাধ যদি সামরিক হয়, সাধারণ ফৌজদারি আইনের অধীন না হয়, তবে প্রত্যর্পণ করা যাবে না। অনুরোধপ্রাপ্ত দেশে যদি অপরাধের বিচার হয়ে গিয়ে থাকে, সে ক্ষেত্রেও একই অপরাধের জন্য তাঁকে আর প্রত্যর্পণ করা যাবে না।
চুক্তিতে আরও বলা হয়েছে, একটি দেশে সাজাপ্রাপ্ত কোনও ব্যক্তির প্রত্যর্পণের অনুরোধ যদি অন্য দেশ থেকে আসে, সাময়িক ভাবে তাঁকে প্রত্যর্পণ করা যেতে পারে। সংশ্লিষ্ট দেশে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হলে আবার আগের দেশে তাঁকে ফিরিয়ে দিতে হবে।
প্রত্যর্পণের প্রক্রিয়া
কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অপরাধী, অপরাধের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে, যাবতীয় নথি দেখিয়ে প্রত্যর্পণের অনুরোধ করতে হবে। অনুরোধপ্রাপ্ত দেশ যদি মনে করে সাক্ষ্যপ্রমাণ পর্যাপ্ত নয়, তবে অতিরিক্ত নথিপত্র, প্রমাণ জমা দিতে হবে। ২০১৬ সালের সংশোধনে বলা হয়, অনুরোধকারী দেশের আদালতের গ্রেফতারি পরোয়ানা পেশ করলেই প্রত্যর্পণের অনুরোধ বৈধ। তার জন্য আর আলাদা করে সাক্ষপ্রমাণ দেওয়ার প্রয়োজন নেই।
অন্যান্য গুরুত্বপূর্ণ শর্ত
বিশেষ পরিস্থিতিতে কোনও চুক্তিবদ্ধ রাষ্ট্র অপর রাষ্ট্রকে সংশ্লিষ্ট ব্যক্তির সাময়িক গ্রেফতারির অনুরোধ করতে পারে। গ্রেফতারের ৬০ দিনের মধ্যে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ না পৌঁছলে ওই ব্যক্তিকে মুক্তি দিতে হবে। তবে পরে নতুন করে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করা যেতে পারে।
যে অপরাধের বিচারের জন্য প্রত্যর্পণ হয়েছে, তার বাইরে অন্য কোনও অপরাধের বিচার করা যাবে না বা অভিযুক্তকে অন্য কোনও অপরাধের শাস্তি দেওয়া যাবে না। তবে চুক্তিতে কিছু ব্যতিক্রম আছে: প্রত্যর্পণের জন্য প্রমাণিত তথ্য থেকে উঠে আসা অপেক্ষাকৃত কম গুরুতর অপরাধ, অথবা অনুরোধপ্রাপ্ত দেশের সম্মতি।
যদি একই ব্যক্তির প্রত্যর্পণ চেয়ে একাধিক দেশ আবেদন জানায়, তবে যার কাছে আবেদন করা হচ্ছে, সেই দেশের কর্তৃপক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
প্রত্যর্পণে সম্মতি পাওয়ার পরে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ে যেতে হবে। তবে অনুরোধপ্রাপ্ত দেশের আইন অনুমতি দিলে সময়সীমা বাড়ানো যেতে পারে। নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁকে না নিয়ে যাওয়া হলে একই অপরাধের জন্য প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা হতে পারে।
২০১৬ সালে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির ১০(৩) অনুচ্ছেদ সংশোধন করা হয়েছিল। তার ফলে, কোনও বিচারাধীন অভিযুক্তকে ফেরত চাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের উপযুক্ত আদালতের গ্রেফতারি পরোয়ানা পেশ করাই যথেষ্ট। আগে পরোয়ানার পাশাপাশি অপরাধের প্রাথমিক সাক্ষ্যপ্রমাণও জমা দিতে হত। সংশোধনের পরে সেই বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়। তবে হাসিনার ক্ষেত্রে এই নিয়ম সরাসরি প্রযোজ্য নয়। কারণ, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই তাঁকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে। অর্থাৎ, তাঁকে বিচারের জন্য নয়, আদালতের দেওয়া সাজা কার্যকর করার উদ্দেশ্যে প্রত্যর্পণ চাওয়া হচ্ছে। সে ক্ষেত্রে চুক্তির ১০(৪) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশকে দোষী সাব্যস্ত হওয়ার শংসাপত্র, সাজার নথি জমা দিতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি আর ওই রায় বা সাজা নিয়ে আইনি প্রশ্ন তুলতে পারবেন না— এমন বিবৃতি জমা দিতে হবে। পাশাপাশি, সাজার কতটা এখনও কার্যকর করা বাকি, তা-ও জানাতে হবে। অর্থাৎ, ২০১৬ সালের সংশোধনে বিচারাধীন অভিযুক্তের প্রত্যর্পণের প্রক্রিয়া সহজ করা হলেও, হাসিনার মতো ইতিমধ্যে দোষী সাব্যস্ত ব্যক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্রের শর্ত আলাদা। তবে, বাংলাদেশ প্রয়োজনীয় নথি জমা দিলেই ভারতকে বাধ্যতামূলক ভাবে হাসিনাকে ফেরত দিতে হবে, এমন নয়। ভারত নথিপত্র ও চুক্তির অন্যান্য শর্ত খতিয়ে দেখতে পারে। বাংলাদেশের দেওয়া রায় ও সাজার নথি যথাযথ কি না, তা পরীক্ষা করতে পারে। প্রয়োজন হলে অতিরিক্ত তথ্য বা নথি চাইতে পারে। চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের যে কারণগুলি রয়েছে, সেগুলি বিবেচনা করতে পারে। এ ছাড়া, অভিযোগটি ন্যায়বিচারের স্বার্থে সৎ উদ্দেশ্যে করা হয়নি, অথবা প্রত্যর্পণ অন্যায্য বা নিপীড়নমূলক হবে— এমন যুক্তি প্রযোজ্য কি না, তা খতিয়ে দেখতে পারে ভারত।
২০২৪ সালের ৫ আগস্ট দেশে গণবিক্ষোভের চাপে পদত্যাগে বাধ্য হয়েছিলেন হাসিনা। বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিলেন। সেই থেকে ভারতের আশ্রয়েই আছেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তাঁকে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে। হাসিনা যদিও অভিযোগ ও রায় প্রত্যাখ্যান করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তাঁর প্রত্যর্পণ চেয়ে দিল্লিকে চিঠি দিচ্ছে ঢাকা। কিন্তু ভারত বারবারই জানিয়েছে, আইন মেনে পদক্ষেপ করা হবে। সম্প্রতি হাসিনা নিজে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা ঘোষণা করেন। যদিও নির্দিষ্ট কোনও দিনক্ষণ তিনি জানাননি। বরং জানিয়েছেন, গ্রেফতার, মৃত্যু কোনও আশঙ্কাই তাঁর সিদ্ধান্ত টলাতে পারবে না। সূত্রের দাবি, এই পরিস্থিতিতে হাসিনা যদি দেশে ফেরেন, তাঁর সুবিচার এবং নিরাপত্তা নিশ্চিত করতে চায় দিল্লি। কূটনৈতিক স্তরে তা নিয়ে আলোচনা চলছে। বন্দি প্রত্যর্পণচুক্তি অনুযায়ী কোন পক্ষ কী পদক্ষেপ করে, তা অবশ্য সময়ই বলবে।
সূত্র- আনন্দবাজার