ভারতের মুম্বাইয়ে নিজ বাড়ি থেকে গত ১৯ জুলাই সবজি কিনতে বের হয়েছিলেন শাহিদা ফকির। ছোট ছেলেকে তখন বলেছিলেন, কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু তিন মাসের বেশি সময় পেরিয়ে গেলেও আর বাড়ি ফিরতে পারেননি ৩৮ বছর বয়সী এই নারী। এখন তিনি বাস করছেন বাংলাদেশের সাতক্ষীরার সীমান্তবর্তী একটি গ্রামে। স্বামী ও দুই ছেলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে দিন কাটছে তার।
শাহিদা ফকিরের অভিযোগ, সাদাপোশাকের ভারতীয় পুলিশ সদস্যরা তাকে বিনা কারণে আটক করে সঙ্গে থাকা মুঠোফোন কেড়ে নেন। ওই ফোনেই তার ভারতের নাগরিকত্ব পরিচয়পত্রসহ প্রয়োজনীয় নথির অনুলিপি সংরক্ষিত ছিল। তিনি ইসলাম ধর্মের অনুসারী হওয়ায় পরে তাকে জোর করে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের নথি অনুযায়ী, শাহিদাকে আটকে অংশ নেওয়া কর্মকর্তারা মুম্বাই পুলিশের অপরাধ তদন্ত শাখার সদস্য।
এসব তথ্য উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে। সংবাদ মাধ্যমটির কাছে দেওয়া সাক্ষাৎকারে শাহিদা সেদিনের লোমহর্ষক ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, ‘হুট করেই পেছন থেকে একজন আমার হাত চেপে ধরে গাড়িতে উঠতে নির্দেশ দেন। আমার মুঠোফোনটিও সঙ্গে সঙ্গে তারা কেড়ে নেন। আমি চিৎকারের চেষ্টা করছিলাম। তাদের বোঝাতে চাইছিলাম আমি অপরাধী নই।’
সাম্প্রতিক বছরগুলোতে ভারতে সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদ, আটক কিংবা দেশ থেকে বিতাড়নের শিকার হওয়া ১০টি পরিবারের সঙ্গে কথা বলেছে রয়টার্স। শাহিদা তাদেরই একজন।
এসব পরিবারের সদস্যদের কাছে ভারতীয় পরিচয়পত্র কিংবা পারিবারিক নথি রয়েছে। তাদের মা-বাবা, ভাইবোনসহ অন্য স্বজনদের নামও ভোটার তালিকায় বহাল রয়েছে। তবুও তাদের অবৈধ অভিবাসী কিংবা ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে ভারত থেকে বিতাড়িত করা হচ্ছে।
এসব ঘটনা থেকে স্পষ্ট, ভোটার তালিকা সংশোধনের বিতর্কিত কার্যক্রমের সঙ্গে কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বহিষ্কারের আলাদা অভিযান জড়িয়ে পড়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। অথচ ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লেই তিনি ‘বিদেশি’ নাগরিক হিসেবে প্রমাণিত হন না।
রয়টার্সের খবরে বলা হয়, মুসলমানরা ভারতের বৃহত্তম সংখ্যালঘু জনগোষ্ঠী। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে মুসলমানরা ক্রমবর্ধমান বৈষম্য ও বঞ্চনামূলক নীতির শিকার হচ্ছেন
পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে অন্তত ১৩ কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। দেশটির ইতিহাসে ভোটার তালিকা থেকে এত বিপুলসংখ্যক নাম বাদ দেওয়ার ঘটনা আগে কখনো ঘটেনি। বিভিন্ন তথ্য-উপাত্তে দেখা গেছে, বাদ পড়াদের মধ্যে মুসলমানদের হার তুলনামূলকভাবে বেশি।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কার্যক্রম সবচেয়ে বেশি এগিয়েছে। চলতি বছরের শুরুর দিকে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সেখানে প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাবার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বাদ দেওয়া ২৭ লাখ ভোটারের প্রায় ৭০ শতাংশই মুসলমান। অথচ পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার কেবল ২৭ শতাংশ মুসলমান।
ওই নির্বাচনে জয়লাভ করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে বিজেপি।
ভোটার তালিকা সংশোধনের এই উদ্যোগ ঘিরে ভারতে এরইমধ্যে ব্যাপক বিক্ষোভ হয়েছে। অভিযোগ উঠেছে, নিজেদের রাজনৈতিক সুবিধা নিশ্চিত করতে ভোটারদের তালিকা নতুনভাবে সাজাচ্ছে বিজেপি। তবে বৈধ নাগরিকদের ধর্মের ভিত্তিতে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে দলটি।
সাবার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাবির আহমেদ বলেন, ‘ক্ষমতাসীনদের বিরুদ্ধে জনঅসন্তোষের বিষয়টি আমরা অস্বীকার করতে পারি না। তবে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল নির্ধারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনা বড় ভূমিকা রেখেছে।’
ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং কথিত অবৈধ অভিবাসীদের দেশ থেকে বহিষ্কারের মধ্যে সরাসরি সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
গত ৫ নভেম্বর উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় এক সমাবেশে অমিত শাহ বলেন, ‘বিজেপির সংকল্প হলো, আমরা অনুপ্রবেশকারীদের শনাক্ত করব, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেব এবং তারপর একে একে তাদের ধরে দেশ থেকে বের করে দেব।’
ভারতে মূলত বাংলাভাষী মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যে নাগরিকত্ব ও অভিবাসনের বিষয়টি বিশেষভাবে সংবেদনশীল। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসকরা ভারত ভাগের সময় বাংলাকে দুই অংশে বিভক্ত করে সীমান্ত নির্ধারণ করেছিলেন। দেশভাগের সময় এবং পরবর্তী সময়ে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় লাখ লাখ মানুষ সীমান্ত অতিক্রম করেন। এর ফলে সীমান্তের দুই পাশে বহু পরিবার ও জনগোষ্ঠীর মধ্যে আত্মীয়তা ও সামাজিক সম্পর্ক গড়ে ওঠে।
ভোটার তালিকা সংশোধন এবং অভিবাসীদের বহিষ্কার নিয়ে মন্তব্য জানতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে কোনো প্রতিষ্ঠানই সাড়া দেয়নি।
এদিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে শাহিদা ফকির বলেন, রাত একটার দিকে সীমান্তের এমন একটি জায়গা দিয়ে তাকে বাংলাদেশে পাঠানো হয়, যেখানে কোনো সীমান্ত বেড়া কিংবা সীমান্তরক্ষীদের উপস্থিতি ছিল না।
তিনি জানান, কাদামাখা অবস্থায় তিনি কয়েক ঘণ্টা ধরে হাঁটতে থাকেন। একপর্যায়ে স্থানীয় এক কৃষক তাকে কান্নারত অবস্থায় দেখতে পান এবং নিজের আশ্রয়ে নিয়ে যান।
তবে আদালতে মুম্বাই পুলিশ দাবি করেছে, শাহিদাকে আসাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
এ বিষয়ে মন্তব্য জানতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি।
আদালতের নথিতে দেখা যায়, অবৈধ অভিবাসনবিরোধী ওই অভিযানে ভারতীয় কর্তৃপক্ষ যাদের ‘বাংলাদেশি নাগরিক’ হিসেবে শনাক্ত করে ফেরত পাঠিয়েছে, শাহিদা তাদের মধ্যে একজন। অভিযানে মোট ১৪৯ জনকে বাংলাদেশে পাঠানো হয়।
শাহিদা বলেন, ‘আমি কখনো কল্পনাও করিনি, এক মুহূর্তের জন্যও ভাবিনি, তারা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমার বাড়ি, আমার দাদা-দাদি, নানা-নানি এবং আমার পুরো বংশের শিকড় ভারতেই।’
বর্তমানে তার স্বামী জুম্মান আদালতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। গত আগস্টে শাহিদার পরিবারের পক্ষ থেকে ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়। সেখানে যুক্তি দেওয়া হয়, ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়া তার নাগরিকত্ব নির্ধারণের ভিত্তি হতে পারে না। যথাযথ যাচাই ছাড়াই প্রশাসনের কোনো দাবির ভিত্তিতে তাকে দেশ থেকে বের করে দেওয়াও আইনসম্মত হতে পারে না।
একই সঙ্গে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে লাখ লাখ মানুষ আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন।
রয়টার্সের পর্যালোচনা করা পারিবারিক নথি অনুযায়ী, ১৯৫২ সালে ভারতের প্রথম জাতীয় নির্বাচন থেকেই সাহিদার মা-বাবা ও দাদা-দাদি পশ্চিমবঙ্গের স্বরূপনগরে নিবন্ধিত ভোটার ছিলেন।
২০০২-০৩ সালের ভোটার তালিকাতেও তাদের নাম ছিল। সবশেষ ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে ওই সময়ের তালিকাকে একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে। যাদের নাম সেখানে রয়েছে, তাদের অতিরিক্ত নথিপত্র জমা না দিয়েই ভোটার তালিকায় থাকার সুযোগ রয়েছে।
রয়টার্সের দেখা ভোটার পরিচয়পত্র অনুযায়ী, শাহিদা নিজেও ২০০৮ সাল কিংবা তারও আগে থেকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন।
তবে মুম্বাইয়ের বিদেশি নাগরিক নিবন্ধন দপ্তর কলকাতা হাইকোর্টে দাবি করেছে, জিজ্ঞাসাবাদের সময় শাহিদা বাংলাদেশের একটি জন্মসনদ দেখিয়েছিলেন। পাশাপাশি ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য গ্রহণযোগ্য কিংবা বিশ্বাসযোগ্য কোনো নথি উপস্থাপন করতে পারেননি।
এই দাবি প্রত্যাখ্যান করেছেন শাহিদা। তিনি জানান, কর্তৃপক্ষ তার মুঠোফোন জব্দ করায় সেখানে সংরক্ষিত পরিচয়পত্র ও অন্য নথির অনুলিপি দেখানোর সুযোগি তিনি পাননি। ভারতের আইন অনুযায়ী, দেশটির নাগরিকদের সব সময় বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখাও বাধ্যতামূলক নয়।
একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন বাসনপত্র ফেরি করে বিক্রি করা নাসিরুদ্দিন শেখও। কলকাতা হাইকোর্টে করা পৃথক এক আবেদনে তিনি ও আরও চারজন অভিযোগ করেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর তাদের আটক করা হয়। অথচ নাম বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে তাঁদের আপিল তখনো বিচারাধীন ছিল।
নাসিরুদ্দিন জানান, নিজের বাড়ি থেকে কয়েক শ কিলোমিটার দূরে ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাকেসহ ২৩ জনকে আটক করে। কর্তৃপক্ষ সংশোধিত ভোটার তালিকায় নাম খুঁজে পাওয়ায় আটকের ১৪ দিন পর ১৯ জনকে ছেড়ে দেয়। কিন্তু নাসিরুদ্দিনসহ বাকি চারজনের নাম তালিকায় না থাকায় তাদের ৩২ দিন আটক রাখা হয়।
নাসিরুদ্দিন বলেন, ‘একজন পুলিশ সদস্য আমাকে বলেছিলেন, তোমার নাম ভোটার তালিকায় নেই। তুমি বাংলাদেশি।’
আদালতে তাদের মামলার শুনানির আগের রাতে নাসিরুদ্দিন ও অন্যদের মুক্তি দেওয়া হয়।
আটক অবস্থার বর্ণনা দিয়ে নাসিরুদ্দিন জানান, তাদের যে কেন্দ্রে রাখা হয়েছিল, সেখানে একটি বড় কক্ষ ছিল। ওই কক্ষে ৬০ জনের বেশি মানুষের ঘুমানোর ব্যবস্থা ছিল। আটক ব্যক্তিদের সেখানে রাখার আগে স্বাস্থ্য পরীক্ষা ও আঙুলের ছাপসহ জৈবিক পরিচিতি নিবন্ধন করা হতো।
তিনি বলেন, ‘সব দিক থেকেই সেটি ছিল একটি কারাগার। আমরা বাইরে যেতে পারতাম না।’
তবে কলকাতা হাইকোর্টে পুলিশ ও রাজ্য সরকারের আইনজীবীরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী আটক শিবির নেই।
এদিকে মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশি অভিবাসীদের রাখার একটি কেন্দ্রে গিয়ে ভিন্ন চিত্র দেখেছেন রয়টার্সের সাংবাদিকেরা।
তারা দেখতে পান, কেন্দ্রটির ভেতরে কাপড়চোপড় ঝুলছে এবং জানালা দিয়ে মানুষ বাইরে তাকিয়ে আছেন। কঠোর নিরাপত্তাবেষ্টিত ওই চত্বরে একটি অ্যাম্বুলেন্স ও ঢাকনাযুক্ত পুলিশের একটি বাসও দাঁড়িয়ে ছিল। কেন্দ্রটির বিপরীতে বসবাসকারী মৌসুমি রায় জানান, দুই মাস আগে তিনি সেখানে লোকজনকে নিয়ে আসতে দেখেছেন। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদের কেন্দ্রের বাইরে কান্নাকাটি করতেও দেখেছেন তিনি।
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা এবং বিচারপ্রক্রিয়ার ধীরগতিতে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মী কীর্তি রায়।
তিনি বলেন, ‘ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা রয়েছে। মানুষ ন্যায়বিচারের অপেক্ষায় আছেন। কিন্তু ট্রাইব্যুনালগুলোর কার্যক্রম ধীরগতিতে চলছে। যা ঘটছে, তাতে আমরা আশাহীন হয়ে পড়েছি।’