Image description

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও বিভিন্ন সেবা দেওয়ার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় প্রতারক চক্র নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতর্কবার্তা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি চক্র হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের এনআইডি সংশোধন করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। প্রতারণার খাতিরে তারা কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে এবং সাধারণ মানুষের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে।

এনআইডি সংশোধন বা এ সংক্রান্ত অন্য কোনো সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কখনো হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে না বলে বিজ্ঞপ্তিতেক জানানো হয়েছে। পাশাপাশি এ ধরনের প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে এবং যেকোনো এনআইডি সেবা পেতে সরাসরি নিজ নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া যেকোনো তথ্যের জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল হটলাইন নম্বর ১০৫-এ কল করে সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে এ ধরনের অনলাইন প্রতারকদের বিষয়ে নিজে সতর্ক থাকার এবং অন্যদের সতর্ক করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন ।