Image description

ময়মনসিংহের ফুলপুরে এক সহকারী শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ে শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিযুক্ত শিক্ষকের নাম আব্দুল লতিফ তরফদার। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সহকারী শিক্ষক আব্দুল লতিফের ফেসবুক আইডি থেকে তাঁর আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ে। বিষয়টি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর নজরে এলে তাঁদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে রোববার সকালে তাঁরা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন। এ সময় অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ে শাটডাউন ঘোষণা করেন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেনের নেতৃত্বে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছায়। এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় নেতারা সেখানে উপস্থিত হন। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের শান্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা তখন কোনো ব্যবস্থা নেননি। এবারও একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাদের। অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা বলেন, ‘এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা কোন ব্যবস্থা নেয়নি। এবারও ওই শিক্ষক একই ঘটনা ঘটিয়েছে। আমরা তার পদত্যাগের দাবি জানাই। অন্যথায় আরও কঠোর কর্মসুচি দেওয়া হবে।’

অভিভাবক ও এলাকাবাসীও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের ভাষ্য, একজন শিক্ষকের আচরণ নিয়ে এমন অভিযোগ উঠলে শিক্ষার্থীদের ওপর তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাঁরা বলেন, ‘একজন শিক্ষকের চরিত্রের এই অবস্থা হলে, আমাদের বাচ্চারা তাদের কাছে কি শিখবে। ওই শিক্ষকের পদত্যাগসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন সহকারী শিক্ষক আব্দুল লতিফ তরফদার। তিনি দাবি করেন, তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর তৃতীয় কোনো পক্ষ এ ধরনের ছবি প্রকাশ করেছে। এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর তৃতীয় কোনো পক্ষ এ ধরনের ছবি প্রকাশ করেছে।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে আবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ফুলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, রোববার রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ থেকে সরে আসেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা বলেন,  ‘সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে। পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।’