দেশের তৈরি পোশাক খাত গড়ে উঠেছে মূলত সস্তা শ্রমের ওপর নির্ভর করে। বিপরীতে কম গুরুত্ব পেয়েছে দক্ষতা, উৎপাদনশীলতা ও মূল্য সংযোজনের (পণ্য উৎপাদন থেকে শুরু করে সরবরাহ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বাড়তি মূল্য যোগ করা) মতো বিষয়গুলো। শিল্পটিতে সক্ষমতার এসব সূচকে প্রতিযোগী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশ। রপ্তানিকৃত পোশাকের এককপ্রতি দামও মেলে অন্যদের তুলনায় অনেক কম। এমন পরিস্থিতিতে আসন্ন মজুরি বৃদ্ধিকে শিল্পটির জন্য বড় চ্যালেঞ্জ বলে দাবি করছেন উদ্যোক্তারা।
চলতি মাসের শুরু থেকেই ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের মতো দেশের প্রধান তৈরি পোশাক উৎপাদনকেন্দ্রগুলোয় বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ বিক্ষোভ সংঘাতমুখর হয়ে ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটছে।
আর শ্রমিকদের দাবি মোতাবেক শ্রমঘন শিল্পটিতে (যেখানে প্রযুক্তি বা যন্ত্রের চেয়ে মানুষের শ্রম ব্যবহার হয় বেশি) মাসিক ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি পরিশোধে নিজেদের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করছেন কারখানা মালিকরা। যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবে স্থানীয় ও আন্তর্জাতিক— উভয় বাজারেই এখন চাহিদার মন্দা চলছে বলে দাবি তাদের।
আর পরিস্থিতি এত জটিল হয়ে ওঠার পেছনে অর্থনীতিবিদরা দায়ী করছেন শিল্পটির উৎপাদনশীলতা ও মূল্য সংযোজনে পিছিয়ে পড়াকে। তাঁরা বলছেন, বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় স্থানে উঠতে পেরেছে মূলত সস্তাশ্রমের ওপর নির্ভর করে। কয়েক দশক ধরে মৌলিক পোশাকপণ্য উৎপাদন ও রপ্তানিতেই আটকে আছে শিল্পটির অগ্রগতি। আবার উৎপাদনশীলতা বাড়ানো বা উচ্চমূল্য সংযোজিত পণ্য উৎপাদনের দিকে উদ্যোক্তাদের খুব একটা মনোযোগ নেই। ফলে প্রতিযোগী অন্যান্য দেশের নিরিখে বাংলাদেশি উদ্যোক্তাদের মুনাফার হারও তুলনামূলক কম।
ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে মুজেরি এ বিষয়ে স্ট্রিমকে বলেন, ‘কম উৎপাদনশীলতা ও মুনাফা কমে যাওয়ার পাশাপাশি উচ্চমূল্যের পণ্য উৎপাদনে যেতে পোশাক প্রস্তুতকারকদের অনীহা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অথচ ভিয়েতনাম ও কম্বোডিয়ার প্রতিযোগীরা এ ধরনের পণ্য উৎপাদনের দিকে ঝুঁকেছে’।
বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) ও জাতিসংঘের যৌথ উদ্যোগে গঠিত ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি) ২০২২ সালে ‘দ্য গার্মেন্ট কস্টিং গাইড ফর স্মল ফার্মস ইন ভ্যালু চেইনস’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, পাকিস্তান ও কম্বোডিয়ার মতো প্রতিযোগীদের তুলনায় বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পোশাকপণ্যের এককপ্রতি দাম অনেক কম। এমনকি তা বৈশ্বিক গড়েরও নিচে।
সংশ্লিষ্ট দেশগুলোর রপ্তানি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের চেয়ে বেশি পোশাক রপ্তানি করেছে শুধু চীন। এ সময় বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করেছে ৩ হাজার ৮৭০ কোটি ডলারের। একই সময় চীন রপ্তানি করেছে ১৫ হাজার ১১৮ কোটি ডলারের পোশাকপণ্য। আর অন্যান্য দেশের মধ্যে ভিয়েতনাম ৩ হাজার ৭৫২ কোটি ডলার, তুরস্কের ৩ হাজার ৫৭০ কোটি ও ভারত ১ হাজার ৬০৭ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে।
বিশ্বের দ্বিতীয় শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হলেও বাংলাদেশি পণ্যের এককপ্রতি রপ্তানি মূল্য এখনো বৈশ্বিক গড়ের নিচে অবস্থান করছে। বিশেষ করে দেশের সবচেয়ে বড় দুই রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে এককপ্রতি মূল্যপ্রাপ্তির পরিসংখ্যানে এর স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে।
আন্তর্জাতিক ব্যবসাবিষয়ক সাময়িকী দ্য এম্পায়ারের প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি বর্গমিটারের সমপরিমাণ (এসএমই) বাংলাদেশি পোশাকের গড় রপ্তানি মূল্য ছিল ৩ ডলার ৫ সেন্ট। এ সময়ে বৈশ্বিক গড় মূল্য ছিল প্রতি বর্গমিটারে ৩ ডলার ১৭ সেন্ট। আর শীর্ষ বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে পাওয়া দামের ক্ষেত্রে এ ব্যবধান আরও বেশি।
বাংলাদেশে মূলত এইচঅ্যান্ডএম, জারা ও প্রাইমার্কের মতো পশ্চিমা খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর জন্য কমদামি পোশাক তৈরি করে। এছাড়া নামীদামি ব্র্যান্ডের জন্যও তুলনামূলক সস্তা পণ্য উৎপাদন হয় এখানে। অন্যদিকে চীন, তুরস্ক ও ভিয়েতনামের মতো দেশগুলো এখন তৈরি করছে উচ্চমূল্য সংযোজিত বেশি দামের পোশাক।
গবেষণা প্রতিষ্ঠান নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি খন্দকার গোলাম মোয়াজ্জেম এ বিষয়ে স্ট্রিমকে বলেন, ‘বাংলাদেশের রপ্তানিকারকরা দীর্ঘদিন ধরেই এ ধরনের উৎপাদন কাঠামো বজায় রেখেছেন। কিন্তু বাড়তি উৎপাদনশীলতার কারণে সেখানকার প্রতিষ্ঠানগুলো মুনাফা করছে বেশি। আবার শ্রমিকদের মজুরি পরিশোধের দিক থেকেও ভিয়েতনাম বাংলাদেশকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশে নতুন মজুরি কাঠামো নির্ধারণের ক্ষেত্রে শিক্ষা, যাতায়াত ও চিকিৎসাসহ জীবনযাপনের সামগ্রিক ব্যয় বিবেচনায় নেওয়া প্রয়োজন।’
ভিয়েতনামে তৈরি পোশাক শ্রমিকরা অঞ্চলভেদে ন্যূনতম মাসিক মজুরি পান ১৪০ থেকে ২০০ ডলার। আর বাংলাদেশে এ খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রায় ১০০ থেকে ১০৫ ডলারের মধ্যে। বিশ্বের প্রধান পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে এটিই সর্বনিম্ন।
প্রতিযোগী অন্যান্য দেশের মধ্যে এ খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি সবচেয়ে বেশি তুরস্কে— ৪৫০ থেকে ৫৫০ ডলারের সমপরিমাণ। এরপরে অবস্থানে থাকা চীনে অঞ্চলভেদে মজুরি ২১০ থেকে ৩৮০ ডলারের সমপরিমাণ। আর ভারতের বিভিন্ন রাজ্যে এর পরিমাণ ১১০ থেকে ১৮০ ডলার এবং পাকিস্তানে ১১০ থেকে ১২০ ডলারের সমপরিমাণ।
তৈরি পোশাক খাতে শ্রমিকদের বিদ্যমান মজুরি কাঠামো নির্ধারণ হয়েছিল ২০২৩ সালে। নতুন কাঠামোর দাবিতে চলতি মাসের শুরুতে পোশাকশ্রমিকদের ব্যাপক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর নেতৃত্বে একটি নতুন ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়। গত ৯ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা বর্তমান ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন।
শ্রমিক প্রতিনিধিদের অন্যতম এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার ঢাকা স্ট্রিমকে বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি, বাড়িভাড়া, চিকিৎসা ব্যয় এবং সন্তানদের শিক্ষার খরচ বিবেচনায় নিয়ে এ প্রস্তাব দেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরে মূল্যস্ফীতির হার ৯ শতাংশের ওপরে থাকায় শ্রমিকদের দৈনন্দিন ব্যয় মেটানো ক্রমেই কঠিন হয়ে পড়েছে’।
তৈরি পোশাক রপ্তানিকারকদের প্রতিনিধিত্বকারী শীর্ষ দুই বাণিজ্য সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠনকে স্বাগত জানিয়েছে। তবে একই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, দেশের অভ্যন্তরে জ্বালানিসংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে ক্রয়াদেশ কমে যাওয়ার মতো চ্যালেঞ্জও রয়েছে বলে জানিয়েছেন সংগঠন দুটির প্রতিনিধিরা। এজন্য শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের পাশাপাশি পোশাক কারখানাগুলোর আর্থিক সক্ষমতা ও উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখাও সমান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তারা।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘দেশের গেজেটভুক্ত ৪৪টি খাতের কোনোটিতেই ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নয়। মজুরি ব্যাপকভাবে বাড়ানো হলে আন্তর্জাতিক ক্রেতারা আরও প্রতিযোগিতামূলক দামে পণ্য পেতে অন্য দেশে ক্রয়াদেশ সরিয়ে নিতে পারেন’।
শ্রমিক প্রতিনিধিরা বলছেন, এর আগে বিভিন্ন সময়ে ন্যূনতম মজুরি বাড়ানো হলেও তাতে শ্রমিকদের জীবনযাপনের সামগ্রিক ব্যয়ের যথাযথ প্রতিফলন দেখা যায়নি। ১৯৮৪ সালে ৬২৭ টাকা, ১৯৯৪ সালে ৯৩০, ২০০৬ সালে ১ হাজার ৬৬২, ২০১০ সালে ৩ হাজার, ২০১৩ সালে ৫ হাজার ৩০০ এবং ২০১৮ সালে ৮ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। এসব মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূলত খাদ্য ও বাসস্থানের মৌলিক ব্যয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার নতুন মজুরি কাঠামো দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘কোনো স্বার্থান্বেষী মহল যাতে নাশকতা উসকে দিয়ে তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়েও সরকারকে সতর্ক থাকতে হবে’।
চলতি সপ্তাহেই মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্রুত সুপারিশ চূড়ান্ত করা সম্ভব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে বোর্ড সদস্যরা বলছেন, এর মধ্য দিয়ে জানুয়ারি থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের পথও সুগম হবে।