কোনোটা বিমানবন্দর থেকেই শুরু, কোনোটাবা এখানে এসে শেষ। আবার বিমানবন্দরকে পাশ কাটিয়ে বা এফোঁড়-ওফোঁড় করে চলে গেছে— এমন প্রকল্পের সংখ্যাও কম নয়। সব মিলিয়ে রাজধানীর এই প্রবেশদ্বার ছুঁয়ে যাবে অন্তত ১০টি বড় প্রকল্প।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এখনই মানুষ গিজগিজ করে। তীব্র যানজটে নাভিশ্বাস ওঠে যাত্রীর। তার অর্থ— উন্নয়নের এ ভোগান্তি মাথায় নিয়ে চলতে হবে আরও দীর্ঘ সময়। কারণ প্রকল্পগুলোর কোনোটি শেষ হয়েছে, কোনোটি মাঝপথে, কোনোটি সবে ডালপালা মেলছে, আবার কোনোটি এখনো কাগজ-কলমেই। ঢাকার যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ এসব প্রকল্পের কোনো কোনোটির মেয়াদ গড়াবে ২০৪৫ সাল পর্যন্ত। আর নির্মাণ শেষ হলেই যে মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা এত প্রকল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা হবে, তারও কোনো সমন্বিত পরিকল্পনা নেই।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী থেকে উড়ে আসা উড়াল সড়কটি নামছে বিমানবন্দরের কাওলায়। এর একটি শাখা ঢুকছে বিমানবন্দরের থার্ড টার্মিনালে।
কাওলায় যেখানে আগের উড়াল সড়কটি শেষ হবে, ঠিক সেখান থেকেই উড়াল শুরু হবে আরেক মহাসড়কের— ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের। এখান থেকে খানিক এগোলেই দেখা মিলবে ঢাকা-গাজীপুর বিআরটি করিডরের (যা বাতিল করে এখন ছয় লেনের মহাসড়ক করার পরিকল্পনা চলছে)। বিমানবন্দরের এপার থেকে ওপারের হাজী ক্যাম্পকে যুক্ত করতে চৌরাস্তার নিচে একটি পাতালপথেরও ভাবনা রয়েছে। আবার বিমানবন্দর থেকে কমলাপুর যাবে মেট্রোরেলের একটি লাইন। নতুন বাজারের মেট্রোরেলের প্রভাবও পড়বে এই পথে। একই এলাকায় সড়কের উল্টো পাশে রয়েছে ঢাকার অন্যতম ব্যস্ত বিমানবন্দর রেলওয়ে স্টেশন। তৃতীয় ও চতুর্থ রেললাইন নির্মাণের মধ্য দিয়ে এ স্টেশনের সক্ষমতাও বাড়ছে। শুধু তা-ই নয়, স্টেশনটি কেন্দ্র করে একটি রেলওয়ে মাল্টিমোডাল হাব তৈরিরও পরিকল্পনা রয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম অবশ্য মনে করছেন, প্রকল্পগুলো চালু হলে পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব কিছু হবে না। এতগুলো প্রকল্পের চাপ বিমানবন্দর এলাকা সইতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি আগামীর সময়কে বলেছেন, ‘থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হয়ে গেলে এখনকার গোলচত্বরের দৃশ্য অনেকটাই বদলে যাবে। বিকল্প পরিকল্পনাও ভাবনায় আছে। ফলে কোনো ধরনের জটিলতা তৈরি হবে না।’
সব মিলিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে কয়েক কিলোমিটার এলাকায় একসঙ্গে গড়ে উঠছে সড়ক, রেল, মেট্রোরেল ও বিমান চলাচলের বিশাল অবকাঠামো। কিন্তু এসব অবকাঠামোর সংযোগ, যানবাহন চলাচল ও যাত্রী ওঠানামার চাপ সামলানোর মতো সড়ক ও জনপরিসর কতটা প্রস্তুত, তা নিয়ে রয়েছে প্রশ্ন। প্রতিটি প্রকল্প আলাদাভাবে বাস্তবায়িত হলেও পুরো এলাকার চলাচলব্যবস্থা নিয়ে সমন্বিত পরিকল্পনা না থাকলে অবকাঠামোর সঙ্গে বাড়বে যানজট ও জনচাপও। কারণ সংকট শুধু গাড়ির সংখ্যা নয়; একই এলাকায় একাধিক পরিবহনব্যবস্থার প্রবেশ, যাত্রী ওঠানামা, পারাপার ও ভবিষ্যৎ নগরায়ণের চাপ কীভাবে সামলানো হবে, সেটিও।
যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শামছুল হকের আশঙ্কা, শিল্পাঞ্চল ও দূরপাল্লার সড়কের কাছাকাছি জনবসতি বাড়লেও সড়কের ধারণক্ষমতা বাড়ছে না। তার ভাষ্য, ‘এখানে শুধু সোজা সড়ক হচ্ছে। বিকল্প কোনো রিং রোড হচ্ছে না। এটি বিপর্যয়ের কারণ হতে পারে। বিমানবন্দরের সামনের সড়কটি চারপাশের সব অবকাঠামোর মেরুদণ্ড। এটি শক্ত না করলে এই মেরুদণ্ড ভেঙে পড়বে। সব অবকাঠামো চালু হলে যানবাহন ও মানুষের চলাচল কেমন বাড়বে এবং সেটি ধারণক্ষমতার মধ্যে থাকবে কি না, তা কেন্দ্রীয় সমীক্ষার মাধ্যমে যাচাই করা দরকার।’
চালুর অপেক্ষায় রয়েছে থার্ড টার্মিনাল। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সমীক্ষা অনুযায়ী, ২০৩৫ সালে হযরত শাহজালালে যাত্রী চলাচলের চাহিদা দাঁড়াবে ২ কোটি ৪৮ লাখ ৫২ হাজারে, যা বর্তমান সময়ের দ্বিগুণের বেশি। যাত্রীর এ চাপ বিমানবন্দরের ভেতরে প্রবেশের আগে বাইরের সড়কের ওপর পড়বে।
অন্যদিকে, বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বর্তমানে হাতিরঝিল পর্যন্ত আংশিক চালু হয়েছে। এটি কুতুবখালী পৌঁছানোর পর ঢাকার বাইরের গাড়ির চাপ বিমানবন্দর সড়কে আরও বাড়বে। আবার কাওলা থেকে আবদুল্লাহপুর, আশুলিয়া ও বাইপাইল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও চলছে। এ দুই উড়াল মহাসড়ক বিমানবন্দর এলাকাতেই একসঙ্গে যুক্ত হবে। ফলে উড়াল মহাসড়কে ওঠানামার মুখ এবং নিচের সড়কের সংযোগব্যবস্থা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
বিমানবন্দরকেন্দ্রিক গণপরিবহনের বড় সংযোজন হবে মেট্রোরেল লাইন-১ ও লাইন-৫ (উত্তর)। জাইকার সমীক্ষা অনুযায়ী, ২০৩৫ সালে লাইন-১-এর ব্যস্ততম অংশে প্রতি ঘণ্টায় একদিকে সর্বোচ্চ প্রায় ৪৭ হাজার ৯৭০ জন যাত্রীর চাহিদা তৈরি হতে পারে। আর হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার লাইন-৫ (উত্তর) পথে ২০৩৫ সালে ব্যস্ততম অংশে প্রতি ঘণ্টায় একদিকে ২৮ হাজার ৬০০ যাত্রী চলাচলের চাহিদা তৈরি হবে। যদিও এটি সরাসরি বিমানবন্দর ছোঁবে না, তবে নতুন বাজারে লাইন-১-এর সঙ্গে যুক্ত হবে। এতে বিমানবন্দর থেকে গুলশান, বনানী, মিরপুর, গাবতলী ও হেমায়েতপুরের দিকে যাতায়াতের সুযোগ বাড়বে। দুটি লাইন চালু হলে যাত্রী পরিবহনের পরিধি বাড়লেও স্টেশন থেকে টার্মিনাল, রেলস্টেশন ও সড়কে যাত্রী স্থানান্তরের কার্যকর ব্যবস্থা না থাকলে সুফল সীমিত হবে।
এদিকে গাজীপুর-টঙ্গী-বিমানবন্দর করিডরের ২০ কিলোমিটার বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ বাস করিডর সরিয়ে সড়কটি ছয় লেনে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। ফলে এ পথে বিমানবন্দরগামী যাত্রীদের জন্য বিআরটির নির্ধারিত গণপরিবহন সুবিধা থাকছে না। তবে সড়ক প্রশস্ত করার কারণে গাড়ির চাপ স্বাভাবিকের চেয়ে বাড়বে। আবার ঢাকা-টঙ্গী তৃতীয় ও চতুর্থ রেললাইন এবং টঙ্গী-জয়দেবপুর ডাবল লাইন নির্মাণের কাজও চলমান রয়েছে। এমনিতেই ঢাকার অর্ধেকের বেশি ট্রেনযাত্রী বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যাতায়াত করেন। স্টেশনের ধারণক্ষমতা বাড়লে যাত্রীর চাপ আরও বাড়বে, যার প্রভাব পড়বে সামনের সড়কে।
বিমানবন্দর রেলস্টেশনকে রেল, মেট্রোরেল, বাস ও বিমানবন্দরের সঙ্গে যুক্ত করতে মাল্টিমোডাল হাবের সম্ভাব্যতা সমীক্ষা ও ধারণাগত নকশা তৈরির প্রস্তাব অনুমোদন হয়েছে। পাশাপাশি বিমানবন্দর গোলচত্বরের আশপাশে টার্মিনাল, রেলস্টেশন, মেট্রোরেল ও বাসের মধ্যে সংযোগ তৈরিতে প্রায় ৬২০ মিটার আন্ডারপাসের পুরনো পরিকল্পনাও রয়েছে। তবে এর বর্তমান অনুমোদন ও বাস্তবায়ন অবস্থা নিশ্চিত নয়।
সব মিলিয়ে প্রকল্পগুলোর উদ্দেশ্য আলাদা হলেও প্রভাব পড়বে একই এলাকায়। থার্ড টার্মিনালে যাত্রী আনা-নেওয়ার গাড়ি, এক্সপ্রেসওয়ের যানবাহন, মেট্রোরেল ও রেলস্টেশনের যাত্রীদের চলাচল মিলবে বিমানবন্দর-সংলগ্ন সড়কগুলোতে। এর সঙ্গে যুক্ত হবে উত্তর ঢাকার ক্রমবর্ধমান জনবসতি। উত্তরা ছাড়িয়ে উত্তরখান ও দক্ষিণখানেও বাড়ছে আবাসন এবং বাণিজ্যিক স্থাপনা। এসব এলাকার মানুষের কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও বাজারে যাতায়াতের চাহিদা বাড়লে স্থানীয় চলাচলও বিমানবন্দরমুখী যানবাহনের সঙ্গে একই সড়কে এসে মিশবে। এই একই সড়ক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককেও যুক্ত করে। ফলে বিমানবন্দর এলাকা শুধু একটি প্রবেশদ্বার নয়, উত্তর ঢাকার বড় পরিবহন ও নগরকেন্দ্রে পরিণত হতে পারে।
প্রশ্ন হচ্ছে, এসব যানবাহন ও যাত্রী কি আলাদা পথে চলাচল করতে পারবে, নাকি একই প্রবেশপথ ও সড়কের ওপর নির্ভর করতে হবে? উড়াল সড়ক থাকলেই নিচের সড়কের যানজট কমবে— এমন নিশ্চয়তা নেই। উড়াল সড়কে ওঠানামার মুখে গাড়ির চাপ সৃষ্টি হতে পারে। আবার মেট্রোরেল বা রেলস্টেশনে বিপুল যাত্রী এলেও পর্যাপ্ত ফুটপাত, পারাপারের পথ, বাস থামার জায়গা ও সংযোগ সড়ক না থাকলে স্টেশনের আশপাশেই ভিড় বাড়বে।
নগরবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকতার মাহমুদ মনে করেন, বিমানবন্দর এলাকা রেল, সড়ক ও আকাশ— তিন পথের যান চলাচলের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এখানে সমন্বয়ের কোনো বিকল্প নেই। তার মতে, ‘ভালোভাবে সমন্বয় করতে পারলে দুর্ভোগ কিছুটা কমবে এবং যাতায়াত তুলনামূলক সহজ হবে। সমন্বয় করার ক্ষেত্রে ওই অংশে উড়াল, সমতল ও পাতাল— এ তিন স্তরকে কীভাবে কাজে লাগানো যায়, তা ভাবনায় রেখে সরকারকে পরিকল্পনা করতে হবে।’
প্রকল্পগুলোর কাজ একই সময়ে শুরু বা শেষ হবে না। কোনোটি ২০২৬-২৭ সালের মধ্যে আংশিক চালুর লক্ষ্য নিয়ে এগোচ্ছে, কোনোটি ২০৩০-এর দশক পর্যন্ত নির্মাণাধীন থাকবে, আবার কোনো পরিকল্পনার মেয়াদ ২০৪৫ সাল পর্যন্ত। ফলে একটি প্রকল্প চালু হওয়ার পরও অন্য প্রকল্পের নির্মাণকাজ চলবে। দীর্ঘ সময় ধরে নির্মাণ, যানবাহন চলাচল ও যাত্রী পারাপারের চাপ সামলাতে হবে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান বলেছেন, ‘২০৪৫ সাল পর্যন্ত পরিবহন খাতের সমন্বিত মহাপরিকল্পনা করা আছে। সেই মহাপরিকল্পনার দিকনির্দেশনা সুনির্দিষ্টভাবে মানা হলে কোনো সমস্যা তৈরি হবে না। তবে বাস্তবতা হচ্ছে, মূল পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন
হয় না।’