বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে এমন অস্থিরতার প্রভাব পড়ছে আন্তর্জাতিক ক্রেতাদের মনোভাবেও। বিরক্তি ও উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বড় ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।
শ্রম অসন্তোষে একের পর এক কারখানায় উৎপাদন বন্ধ থাকায় বাংলাদেশের পোশাক সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক ক্রেতাদের। গত আড়াই থেকে তিন বছরে বারবার ব্যবসায়িক বিঘ্নের মুখে পড়ে তাদের মধ্যে তৈরি হয়েছে বিরক্তি ও হতাশাও। ইন্ডিটেক্স ও এইচঅ্যান্ডএমের মতো বড় প্রতিষ্ঠানের পোশাক সংগ্রহের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস বাংলাদেশ। তবে সময়মতো পণ্য পাওয়া নিয়ে অনিশ্চয়তা এ দুই বড় ক্রেতাসহ বাংলাদেশ থেকে পোশাক কেনা আন্তর্জাতিক ক্রেতাদের ভাবাচ্ছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ক্রয়াদেশ দেয়া প্রতিষ্ঠানগুলো আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে অস্থিরতা দীর্ঘায়িত হলে বিকল্প উৎস বিবেচনায় নিতে পারে তারা। তাৎক্ষণিক ক্রয়াদেশনির্ভর ক্রেতাদের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে আরো আগে। খাতসংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন স্বাভাবিক করা এবং নির্ধারিত সময়ে সরবরাহ নিশ্চিত করাই এখন ক্রেতাদের আস্থা ধরে রাখার প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠেছে বাংলাদেশের পোশাক খাতের।
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ, কাজ বন্ধ ও সংঘর্ষের ঘটনা ঘটছে। শ্রমিক প্রতিনিধিরা মজুরি বোর্ডে ৩২ হাজার টাকার প্রস্তাব দিয়েছেন। অসন্তোষের জেরে গতকালও বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ছিল ৫৬টি পোশাক কারখানা। সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ ও উৎপাদন বিঘ্নের ঘটনা অব্যাহত থাকায় তৈরি পোশাক শিল্পের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ পরিস্থিতি সামাল দিতে শিল্পাঞ্চলগুলোয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
গত ১৪ নভেম্বর সাভার, আশুলিয়া ও গাজীপুরে ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ করতে হয়েছিল বলে জানিয়েছিল তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির হিসাবে, ওইদিন ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়। এসব কারখানার মধ্যে বড় ক্রেতাদের পণ্য তৈরি হয় এমন সরবরাহকারীও রয়েছে বলে সূত্র জানিয়েছে।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে এমন অস্থিরতার প্রভাব পড়ছে আন্তর্জাতিক ক্রেতাদের মনোভাবেও। বিরক্তি ও উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বড় ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। ইন্ডিটেক্স ও এইচঅ্যান্ডএমের পোশাক সংগ্রহের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস বাংলাদেশ। স্পেনভিত্তিক ইন্ডিটেক্সের সরবরাহকারী ক্লাস্টারের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিষ্ঠানটির ২৭৫টি সেলাই কারখানা এবং অন্যান্য প্রক্রিয়ার ১৯১টি কারখানা রয়েছে। এসব উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকের সংখ্যা ১০ লাখ ১৩ হাজার ২৬০। খাতসংশ্লিষ্ট সূত্রগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে বছরে অন্তত ২ বিলিয়ন ডলারের পোশাক ক্রয় করে।
আরেক বৃহৎ ক্রেতাপ্রতিষ্ঠান সুইডিশ এইচঅ্যান্ডএমের আগস্ট ২০২৬ পর্যন্ত সরবরাহকারী তালিকায় বাংলাদেশে ১৮৮টি কারখানা রয়েছে। এর মধ্যে ১৩৪টি মূল উৎপাদন বা সেলাই কারখানা এবং ৫৪টি অন্যান্য প্রক্রিয়া ও উপকরণ সরবরাহের সঙ্গে যুক্ত। এসব কারখানায় শ্রমিকের সর্বনিম্ন নিশ্চিত সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ১৮৮; গড় প্রাক্কলনে এ সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৫০০। এইচঅ্যান্ডএম বাংলাদেশ থেকে বছরে অন্তত ৩ বিলিয়ন ডলারের পোশাক ক্রয় করত, যা এখন কমে এসেছে।
এমন প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহকারী অন্যতম বৃহৎ ক্রেতাপ্রতিষ্ঠানের এক কান্ট্রি হেড নাম প্রকাশ না করার শর্তে বণিক বার্তাকে বলেন, ‘গত আড়াই-তিন বছরে বাংলাদেশে ব্যবসা পরিচালনায় নানা ধরনের বিঘ্নের মুখে পড়তে হচ্ছে ক্রেতাদের। একের পর এক পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। চলমান পরিস্থিতি নিয়ে ক্রেতারা হতাশ ও বিরক্ত। বারবার একই ধরনের পরিস্থিতি তৈরি হলে তাদের মধ্যে “আর কত শুনতে হবে”—এমন প্রশ্নও তৈরি হচ্ছে।’
তবে এখনই বাংলাদেশ থেকে বড় পরিসরে ক্রয়াদেশ কমানো বা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিচ্ছে না দীর্ঘমেয়াদি পরিকল্পনায় পণ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো। সাধারণত পরবর্তী মৌসুমের উৎপাদন পরিকল্পনা অন্তত ছয় মাস আগে চূড়ান্ত করা হয়। কোনো দেশ থেকে ক্রয়াদেশ সরানোর আগে সংশ্লিষ্ট কারখানার উৎপাদন সক্ষমতা, পণ্যের মান, টেকসই ব্যবস্থাপনা, আর্থিক স্থিতিশীলতা ও সময়মতো পণ্য সরবরাহের সক্ষমতা পর্যালোচনা করতে হয়। ফলে বড় ক্রেতারা আপাতত চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
তৈরি পোশাকের এক বৈশ্বিক ক্রেতাপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার পর্যবেক্ষণ অনুযায়ী, চলমান পরিস্থিতি এক-দুই সপ্তাহের মধ্যে স্বাভাবিক হলে পরবর্তী মৌসুমের ক্রয়াদেশে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা কম। তবে শ্রম অসন্তোষ আরো এক মাস স্থায়ী হলে কিংবা নতুন এলাকায় ছড়িয়ে পড়লে বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহের কৌশল পুনর্বিবেচনা করতে পারে ক্রেতারা।
তাৎক্ষণিক ক্রয়াদেশের ওপর নির্ভরশীল ক্রেতাদের ক্ষেত্রে পরিস্থিতির প্রভাব তুলনামূলক বেশি হতে পারে। এ ধরনের ক্রেতাদের সাধারণত বাংলাদেশে কার্যালয় থাকে না। নির্দিষ্ট সময়ে দেশে এসে কারখানা পরিদর্শন করে তারা ক্রয়াদেশ দিয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে পণ্য সরবরাহের সময়সীমা কাছাকাছি এলেও তারা ক্রয়াদেশ দেয়। অস্থির পরিস্থিতিতে তাদের বাংলাদেশে আসা ব্যাহত হলে নতুন ক্রয়াদেশ দেয়ার সুযোগও কমে যেতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
আরেক ক্রেতা প্রতিষ্ঠানের কর্মকর্তার হিসাবে, বাংলাদেশের মোট পোশাক রফতানি বাজারে এ ধরনের তাৎক্ষণিক ক্রয়াদেশনির্ভর ক্রেতাদের অংশ আনুমানিক ১৫-২০ শতাংশ। তাদের মধ্যে ছোট ক্রেতা যেমন রয়েছে, তেমনি এমন প্রতিষ্ঠানও আছে, যাদের বাংলাদেশে নিজস্ব কার্যালয় নেই। দীর্ঘমেয়াদি ক্রয়াদেশের মতো ছয় মাস আগে পরিকল্পনা না করে তারা নির্দিষ্ট সময়ে এসে কারখানা পরিদর্শন ও দরদাম শেষে ক্রয়াদেশ দেয়। অন্যদিকে বাংলাদেশে কার্যালয় রয়েছে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ক্রয়াদেশ দেয়, এমন ক্রেতাদের ক্ষেত্রে তাৎক্ষণিক প্রভাব তুলনামূলক কম।
বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহের ক্ষেত্রে ক্রেতাদের কৌশলগত পরিবর্তন অবশ্য সাম্প্রতিক শ্রম অসন্তোষের কারণে শুরু হয়নি। বৈশ্বিক বাজারে চাহিদার পরিবর্তন, মূল্যস্ফীতি, ভোক্তা ব্যয় সংকোচন এবং উৎপাদন ব্যয় কমানোর চাপের মধ্যে বড় ব্র্যান্ডগুলো আগেই সরবরাহ ব্যবস্থা পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছিল। এরই অংশ হিসেবে বাংলাদেশে সরবরাহকারী কারখানার সংখ্যা কৌশলগতভাবে পুনর্বিন্যাস করছে এইচঅ্যান্ডএম।
শিল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২০ সালে বাংলাদেশে এইচঅ্যান্ডএমের সঙ্গে যুক্ত কারখানার সংখ্যা ছিল অন্তত ২৩৫। সর্বশেষ তালিকায় তা কমে ১৮৮ হয়েছে। তবে কারখানার সংখ্যা কমানোর বিষয়টিকে কোনো একক কারণে ব্যাখ্যা করেনি প্রতিষ্ঠানটি।
এইচঅ্যান্ডএমের সরবরাহ ব্যবস্থার আগস্ট ২০২৬ পর্যন্ত তথ্য অনুযায়ী, ৩২টি দেশে তাদের মোট সরবরাহকারী কারখানার সংখ্যা ১ হাজার ৫৪৭। এর মধ্যে চীনে ৪৬৬টি, তুরস্কে ২৭৮, ভারতে ২২০ ও বাংলাদেশে ১৮৮টি কারখানা রয়েছে। বাংলাদেশে সরবরাহকারী কারখানাগুলোয় শ্রমিকের গড় প্রাক্কলিত সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৫০০, যা তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। ভারতের ক্ষেত্রে এ সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ২৫০ ও চীনে ১ লাখ ৭৭ হাজার ৭৫০। অর্থাৎ কারখানার সংখ্যা পুনর্বিন্যাস করলেও এইচঅ্যান্ডএমের সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের উৎপাদন ও কর্মসংস্থানের গুরুত্ব এখনো বড়।
স্পেনভিত্তিক ইন্ডিটেক্সের সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থানও গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটির সরবরাহকারী ক্লাস্টারের তথ্য অনুযায়ী, বাংলাদেশে তাদের ২৭৫টি সেলাই কারখানা ও অন্যান্য প্রক্রিয়ার ১৯১টি কারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকের সংখ্যা ১০ লাখ ১৩ হাজার ২৬০। সেলাই কারখানার সংখ্যায় চীন, তুরস্ক ও মরক্কোর পর বাংলাদেশের অবস্থান। তবে তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে শ্রমিকের সংখ্যায় বাংলাদেশ শীর্ষে। ইন্ডিটেক্সের তথ্যের পাদটীকা অনুযায়ী, ২০২৫ সালের গ্রীষ্ম ও শীতকালীন মৌসুমে যেসব কারখানা থেকে ২০ হাজারের বেশি ইউনিট পণ্য কেনা হয়েছে, সেগুলো এ হিসাবে অন্তর্ভুক্ত। সরবরাহ ব্যবস্থায় থাকা ২০ হাজার ইউনিটের কম উৎপাদনকারী কারখানার অংশ ২ শতাংশ।
বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানের ওপর নতুন চাপ তৈরি করছে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)। চলতি বছরের ২৭ জানুয়ারি দুই পক্ষ চুক্তির আলোচনা শেষ করার ঘোষণা দেয়। ইউরোপীয় কমিশনের প্রকাশিত চুক্তির সারসংক্ষেপ অনুযায়ী, চুক্তি কার্যকর হওয়ার সময়ই ভারতের বস্ত্র ও পোশাক পণ্যের অধিকাংশ শুল্ক তুলে নেয়ার কথা রয়েছে। ভারতের সরকারি তথ্য অনুযায়ী, দেশটির বস্ত্র ও পোশাক খাতের সব শুল্ক লাইনে শূন্য শুল্ক সুবিধা পাওয়ার কথা। চুক্তিটি এখনো কার্যকর হয়নি; স্বাক্ষর ও অনুমোদনের প্রক্রিয়া শেষ হওয়ার পর তা কার্যকর হবে।
ইউরোপীয় বাজারে বাংলাদেশের পোশাক রফতানিকারকদের জন্য এ চুক্তি প্রতিযোগিতার নতুন বাস্তবতা তৈরি করতে পারে। ভারত শুল্কমুক্ত প্রবেশাধিকার পেলে দেশটির উৎপাদকরা বাংলাদেশের সঙ্গে একই বাজারে আরো সুবিধাজনক অবস্থানে প্রতিযোগিতা করতে পারবে। ফলে শুধু উৎপাদন ব্যয় বা পণ্যের মান নয়, বাজারে প্রবেশের শর্তও ক্রেতাদের সোর্সিং সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বৈশ্বিক চাহিদার পরিবর্তন, সরবরাহ ব্যবস্থায় ব্যয়দক্ষতা বাড়ানোর চাপ এবং প্রতিযোগী দেশের বাণিজ্য সুবিধার প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান নিয়ে ক্রেতাদের হিসাব-নিকাশ নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
চলমান পরিস্থিতি নিয়ে ক্রেতাদের উদ্বিগ্ন, বিরক্ত ও হতাশ হওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন তৈরি পোশাক পণ্য প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বণিক বার্তাকে তিনি বলেন, ‘উদ্বেগ থাকাটাই স্বাভাবিক। কেউ প্রকাশ করছে, কেউ করছে না। চেহারা দেখে তো বোঝা যায় না। একটি দেশের সরবরাহকারীরা নিয়মিত সময়মতো পণ্য দিতে ব্যর্থ হলে বিকল্প উৎসের কথা ভাবতেই পারে সংশ্লিষ্ট ক্রেতা প্রতিষ্ঠান। সরবরাহ বিঘ্ন দীর্ঘায়িত হলে কোনো ক্রেতা বিকল্প সোর্সিংয়ের বিষয়টি বিবেচনায় নিলে তা অস্বাভাবিক নয়।’
খাতসংশ্লিষ্ট সংগঠনের নেতারা বলছেন, একটি প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনায় নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে পণ্য না পেলে ক্রেতাপ্রতিষ্ঠানের নিজস্ব বিপণন ও বিক্রয় কার্যক্রম ব্যাহত হয়। পোশাকের ক্ষেত্রে খুচরা বিক্রয় কেন্দ্রে পণ্যের ঘাটতি তৈরি হলে তার প্রভাব পড়ে ক্রেতার ব্যবসায়িক পরিকল্পনায়ও। ফলে কোনো সরবরাহকারী নিয়মিত সময়মতো পণ্য দিতে ব্যর্থ হলে বিকল্প উৎসের কথা ভাবতে পারে ক্রেতাপ্রতিষ্ঠান। বাংলাদেশের পোশাক খাতেও সরবরাহ বিঘ্ন দীর্ঘায়িত হলে বিকল্প সোর্সিংয়ের বিষয়টি বিবেচনায় নেয়া স্বাভাবিক।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সরবরাহ ব্যবস্থায় ধারাবাহিক অস্থিরতা তৈরি হলে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ও ব্যবসায়িক পরিকল্পনায় তার প্রভাব পড়তে পারে। ক্রেতারা শুধু পণ্যের দাম ও মান বিবেচনা করে না, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের নিশ্চয়তাও তাদের সোর্সিং সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ বিষয়। ফলে উৎপাদন ও সরবরাহে অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে বিকল্প উৎস বিবেচনার প্রবণতা তৈরি হতে পারে।
তাদের মতে, শ্রমিকের মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধু বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করলেই হবে না। একজন শ্রমিকের জীবনযাত্রার ব্যয় মেটানোর মতো আয় নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধির বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে। শ্রমিকের জীবনযাত্রার ন্যূনতম প্রয়োজন পূরণ না হলে কর্মদক্ষতা ও উৎপাদনশীলতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
চলমান পরিস্থিতি সামাল দিতে সরকারকে শ্রমিক, মালিক ও ক্রেতা পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা আরো কার্যকরভাবে পালন করতে হবে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে খোলামেলা আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সমস্যার জায়গাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে বলেও মনের করেন খাতসংশ্লিষ্টরা।
বাংলাদেশের সরবরাহ ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের উদ্বেগকে স্বাভাবিক বলে মনে করছেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোস্তফা আবিদ খান। বণিক বার্তাকে তিনি বলেন, ‘যখনই এ ধরনের পরিস্থিতি তৈরি হয়, তখন আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে বাংলাদেশে আসা নিয়ে সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি হয়। তাদের উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। বিশেষ করে গত দুই বছরে বাংলাদেশে আরো বিভিন্ন ঘটনা ঘটেছে।’