Image description

গোবিন্দগঞ্জে মোবাইল হ্যাকার ও প্রতারক চক্রের তথ্য প্রশাসনকে দেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ১০ লক্ষাধিক টাকা লুটের অভিযোগ উঠেছে। উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদল মিয়া বাদী হয়ে সিদ্দীক মিয়াসহ ১৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদল মিয়া দীর্ঘদিন ধরে বাড়ির সামনে নগদ, বিকাশ ও মনোহারির ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি ওই এলাকায় বিভিন্ন ভাতাভোগীর মোবাইল ফোন হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়া একটি চক্র সক্রিয় হয়ে ওঠে। বাদল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রশাসন ওই চক্রের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। এরপর থেকেই প্রতারক চক্রের সদস্যরা তাঁকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে সিদ্দীক মিয়ার নেতৃত্বে বাদল মিয়ার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। হামলাকারীরা দোকান ভাঙচুর করে ড্রয়ারে থাকা নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এ সময় বাদল মিয়ার চিৎকারে তাঁর স্ত্রী, সন্তান ও সম্বন্ধি এগিয়ে এলে তাদের মারধর করা হয়। বাদল মিয়ার স্ত্রী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগের বিষয়ে সিদ্দীক ও ইউসুফ মিয়া দাবি করেন, বাদল মিয়ার দেওয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রশাসন নিরীহ মানুষকে হয়রানি করছে । তাই এলাকাবাসী তাঁর ওপর ক্ষুব্ধ হলেও কারা হামলা চালিয়েছে তা তাদের জানা নেই।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, অভিযোগ  তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।