Image description

আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির পরিসংখ্যান বাড়িয়ে দেখানো হয়েছে। সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটির ফরেনসিক অডিটে ২০১৪-১৫ অর্থবছর থেকে পরের বছরগুলোতে জিডিপির প্রাক্কলনের ওপর বড় ধরনের গরমিল পাওয়া গেছে।

গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সম্মেলন কক্ষে ‘পিয়ার রিভিউ অব ফরেনসিক অডিট রিপোর্ট অন জিডিপি এস্টিমেটস’ শীর্ষক সেমিনারে অডিটের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা  রাশেদ আল মাহমুদ তিতুমীর। সেমিনারে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার। বিবিএসের ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদন (কিউজিডিপি) ও জেলাভিত্তিক জিডিপি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত বিশেষজ্ঞ কমিটির খসড়া প্রতিবেদনের ওপর মতামত নিতে এ সেমিনারের আয়োজন করা হয়। 

অডিট প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক অতনু রব্বানী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক ও জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ এবং বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি অধ্যাপক  সৈয়দ শাহাদাত হোসেন। 

অনুষ্ঠানে জানানো হয়, বিবিএসের সরাসরি মাঠপর্যায় থেকে সংগ্রহ করা প্রাথমিক জরিপের তথ্যে গরমিল না থাকলেও প্রশাসনিক ও মাধ্যমিক (সেকেন্ডারি) উৎসের উপাত্তের দুর্বলতার সুযোগ নিয়ে সাতটি খাতের তথ্যে মনগড়া উপাত্ত যুক্ত করে জিডিপির আকার ও প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছিল। এতে দেখা যায়, ২০১৪-১৫ অর্থবছর থেকে পরবর্তী বছরগুলোতে প্রকৃত হিসাবের তুলনায় জিডিপি প্রবৃদ্ধি শূন্য দশমিক ৭ থেকে ১ দশমিক ৩০ শতাংশীয় পয়েন্ট (কোনো কোনো হিসাবে শূন্য দশমিক ৮ থেকে ১ দশমিক ১৩ শতাংশীয় পয়েন্ট) পর্যন্ত অতিরঞ্জিত বা বাড়িয়ে দেখানো হয়েছে।

উৎপাদন খাতের ভূমিকা অস্বাভাবিক 
অডিট প্রতিবেদনে ২০১০-১১ থেকে ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত  দুটি মেয়াদের অর্থনৈতিক উপাত্ত পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, প্রথম মেয়াদে গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ২৭ শতাংশ, যা দ্বিতীয় মেয়াদে দাঁড়ায় ৭ দশমিক ৩৯ শতাংশে। 
বিশেষজ্ঞ কমিটি বলেছে, অতিরিক্ত প্রবৃদ্ধির প্রায় ৪১ শতাংশই দেখানো হয়েছে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাত থেকে। প্রথম মেয়াদে এ খাতের গড় প্রবৃদ্ধি ৯ দশমিক ৭৬ শতাংশ হলেও দ্বিতীয় মেয়াদে ছিল ১২ দশমিক ১১ শতাংশ। উৎপাদন খাতের প্রবৃদ্ধি বৃদ্ধির প্রায় ৭৯ শতাংশীয় পয়েন্ট এসেছে মাঝারি ও বৃহৎ শিল্প থেকে এবং জিডিপিতে এ খাতের অংশ ১৫ দশমিক ১৬ থেকে বেড়ে  ১৮ দশমিক ২৫ শতাংশে উন্নীত হয়। 

শিল্প উৎপাদনের ২২টি উপখাত পরীক্ষা করে সাতটি খাত অতিমূল্যায়িত বলে চিহ্নিত করেছে অডিট কমিটি। প্রতিবেদন অনুযায়ী, শিল্প উৎপাদন সূচকে ৩৪ দশমিক ৮৪ শতাংশ অবদান রাখা তৈরি পোশাক খাতের গড় প্রবৃদ্ধি প্রথম মেয়াদের ১৩ দশমিক ৫৫ শতাংশ থেকে কমে দ্বিতীয় মেয়াদে ৮ দশমিক ৬৯ শতাংশে নেমে আসে। পোশাক খাতে তথ্যের স্বচ্ছতা বেশি থাকায় সেখানে কারসাজির সুযোগ কম ছিল। 
সামগ্রিক প্রবৃদ্ধি বেশি দেখানোর জন্য পোশাকবহির্ভূত ১৬টি উপখাতে কৃত্রিম প্রবৃদ্ধি দেখানো হয়। যেমন– সিমেন্ট ও ইট উৎপাদনসংশ্লিষ্ট অধাতব খনিজ খাতের প্রবৃদ্ধি ২ দশমিক ৩২ শতাংশ থেকে লাফিয়ে ২৫ দশমিক ৬৭ শতাংশে পৌঁছায় এবং সিমেন্ট খাতে পর পর তিন বছর ৬১ দশমিক ৬ শতাংশ, ৫১ দশমিক ৭ শতাংশ ও ৪৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি দেখানো হয়, যেখানে ক্লিঙ্কার আমদানি, মজুত পণ্য বা প্রকৃত মূল্য সংযোজনের হিসাবের কোনো সামঞ্জস্য ছিল না।

তথ্যের উৎসে কারসাজি ও প্রশাসনিক দুর্বলতা
উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, বিগত সরকার পরিসংখ্যানকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে অতিরঞ্জিত উন্নয়নের বয়ান দিয়েছিল, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের পরিসংখ্যানের গ্রহণযোগ্যতা বিনষ্ট করেছে। বিবিএসের মাঠপর্যায়ের প্রাথমিক জরিপ বস্তুনিষ্ঠ হলেও সেকেন্ডারি উৎস বিশেষ করে এনবিআরের উপাত্ত এবং কাস্টমস, ইপিবি ও বাংলাদেশ ব্যাংকের রপ্তানি হিসাবের গরমিলকে কাজে লাগিয়ে তথ্য বাড়িয়ে দেখানো হয়। 

আন্তর্জাতিক সংশয় ও ঐতিহাসিক প্রেক্ষাপট
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২২ সালে বিশ্বব্যাংক তথ্য বিশ্লেষণ করে দেখায় যে, বাংলাদেশের ঘোষিত জিডিপির সঙ্গে প্রকৃত অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় ফারাক ছিল। ২০২৪ সালে শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে ২০১২-১৩ অর্থবছর থেকে কর আদায়, বেসরকারি বিনিয়োগ ও ব্যাংক ঋণের গতিপ্রকৃতির সঙ্গে ঘোষিত জিডিপির সামঞ্জস্যহীন ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে প্রশ্ন তোলা হয়। 
এ ছাড়া ২০২৪ সালে আইএমএফ বাংলাদেশের জাতীয় হিসাব সংকলন কাঠামোকে ‘সি’ গ্রেড প্রদান করে এবং ২০২৫ সালের টাস্কফোর্স প্রাতিষ্ঠানিক স্বাধীনতার অভাব ও রাজনৈতিক প্রভাবের ঝুঁকি চিহ্নিত করেছিল।

পরিসংখ্যান ব্যবস্থার সংস্কার উদ্যোগ
অনুষ্ঠানে জানানো হয়, পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ফেরাতে সরকার কিছু সংস্কার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে মাঠপর্যায়ে তথ্য সংগ্রাহকদের উপস্থিতির ভৌগোলিক প্রমাণ নিশ্চিত করতে জিও-কোডিং প্রযুক্তিসহ কম্পিউটার-অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউ  চালু, শিল্প উৎপাদনের সত্যতা যাচাইয়ে বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার সূচক পর্যবেক্ষণ এবং উন্মুক্ত তথ্যনীতি গ্রহণ।
পাশাপাশি ত্রৈমাসিক জিডিপি প্রকাশ, উৎপাদন ও ব্যয়ের পাশাপাশি আয়ভিত্তিক জিডিপি হিসাব প্রবর্তন এবং অভিন্ন ইনপুট-আউটপুট টেবিল তৈরির কাজ চলছে। সেমিনারে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ কৃষি ও অনানুষ্ঠানিক খাতের প্রকৃত অবদান নিরূপণে বৈজ্ঞানিক নমুনা নির্বাচন এবং জাতিসংঘের জাতীয় হিসাব ব্যবস্থা অনুসরণের জোর তাগিদ দেন।