Image description

দেশবাসীর বিবেককে নাড়া দেওয়া বহুল আলোচিত চার হত্যা মামলার বিচার কতদূরÑএমন প্রশ্ন ভিকটিমের পরিবারের। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে নারায়ণগঞ্জে সেভেন মার্ডার, পুরান ঢাকায় বিশ্বজিৎ দাসকে ছাত্রলীগ সন্ত্রাসীদের কুপিয়ে হত্যা, বুয়েটে ছাত্রলীগ ক্যাডারদের নির্মম নির্যাতনে আবরার ফাহাদের শাহাদাতবরণ এবং কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের নিহতের ঘটনায় হওয়া মামলা বর্তমানে আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়।

দ্রুত মামলার সব প্রক্রিয়া শেষ করে আসামিদের দণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন ভিকটিম পরিবারগুলোর সদস্যরা। প্রভাবশালী আসামিরা কোনোভাবেই যাতে আইনি ফাঁকফোকর গলিয়ে রেহাই না পায়, সে বিষয়েও সোচ্চার থাকার দাবি জানিয়েছেন মামলার বাদী ও ন্যায়বিচারের অপেক্ষায় থাকা নিহতদের পরিবারের সদস্যরা।

আলোচিত এই চার মামলায় আপিল বিভাগের শুনানির তারিখ নির্ধারণে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আমার দেশকে তিনি বলেন, এসব নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা শুধু কয়েকটি পরিবারকে ক্ষতিগ্রস্ত করেনি, রাষ্ট্রেরও অনেক ক্ষতি করেছে। আলোচিত এসব মামলা দ্রুত নিষ্পত্তি এবং রায় বাস্তবায়নের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে রাষ্ট্রের পক্ষ থকে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

সেভেন মার্ডার

সেভেন মার্ডারে জড়িত খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক জনপ্রিয় কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। ২০১৪ সালের ২৭ এপ্রিল নজরুলসহ সাতজনকে নৃশংসভাবে হত্যার পর পেট কেটে বস্তায় ভরে নদীতে ফেলে দেয় খুনিরা। আলোচিত ওই হত্যাকাণ্ডের মামলার বাদী বিউটি আমার দেশকে বলেন, এক যুগ পার হয়েছে ঘরের প্রধান কর্তাব্যক্তি নেই। ছেলেমেয়েরাও তাদের বাবার হত্যাকারীদের মৃত্যুদণ্ডের রায় কার্যকর দেখতে চায়। আমি মারা যাওয়ার আগে অন্তত দেখে যেতে চাই খুনিদের শাস্তি হয়েছে। অপরাধীরা যাতে কোনোভাবেই পার পেয়ে না যায়, এটিই আমাদের চাওয়া।

নজরুলকে খুন করতে নারায়ণগঞ্জের ত্রাস শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নাসিকের সাবেক কাউন্সিলর নূর হোসেন তৎকালীন র‌্যাব-১১-এর কর্মকর্তাদের প্রায় ছয় কোটি টাকায় ভাড়া করেন। হত্যার আগে নূর হোসেন র‌্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মুহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানার সঙ্গে চুক্তি করেন বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। তারেক সাঈদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা। টাকার বিনিময়ে র‌্যাবের ওই কর্মকর্তারা নজরুল ছাড়াও তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমকে হত্যা করেন।

সাত খুনের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় ৩৫ আসামির মধ্যে ২০১৭ সালের ১৬ জানুয়ারি নূর হোসেন ও সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেয় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত। বাকি ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই বছরের ২২ আগস্ট হাইকোর্টে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় হয়। এতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ আসামির মধ্যে নূর হোসেন এবং চাকরিচ্যুত তিন কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও মাসুদ রানাসহ ১৫ জনের ফাঁসি বহাল এবং ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।ৎ

হাইকোর্টের ওই রায়ের পর প্রায় ৯ বছর ধরে অপেক্ষায় থাকা মামলাটির আপিল নিষ্পত্তির জন্য আগামী ১৭ নভেম্বর শুনানির দিন ধার্য করেছে আপিল বিভাগ।

সাত খুন মামলায় আসামিদের অপরাধের বিষয়ে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের ৬ এপ্রিল থেকে ২৭ এপ্রিল রাত ১০টা ৫৫ মিনিট পর্যন্ত মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেনের মোবাইলে মেজর (অব.) আরিফ হোসেন ২৭ বার কল করে কথা বলেন। আর নূর হোসেন তার সঙ্গে ওই হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন ১২ বার। সরকারি টেলিফোন নম্বরে তারেক সাঈদ সাতবার কল করে আরিফের সঙ্গে কথা বলেন। এছাড়া তারেক সাঈদ তার মোবাইল থেকে আরিফের মোবাইলে হত্যাকাণ্ড ও টাকার লেনদেন নিয়ে দুটি এসএমএস পাঠান বলে প্রতিবেদনে উঠে আসে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, র‌্যাবের দুটি মাইক্রোবাসে থাকা ভিকটিম নজরুলসহ সাতজনের মুখে পলিথিন দিয়ে গলায় রশি আটকে শ্বাসরোধে হত্যা করে র‌্যাব সদস্যরা লাশগুলো ট্রলারে তুলে নেন। এরপর তারা ট্রলার নিয়ে রাত আড়াইটার দিকে মেঘনা ও শীতলক্ষ্যা নদীর মোহনায় যান। প্রতিটি লাশের সঙ্গে দুটি করে ইটের বস্তা বেঁধে মেজর (অব.) আরিফসহ অন্য র‌্যাব সদস্যরা চাকু দিয়ে সাতজনের পেট ফুটো করে নদীতে লাশ ফেলে দেন।

দীর্ঘদিন পর হলেও স্বামী হত্যাকারীদের দণ্ড কার্যকর হওয়ার পথ সুগম হয়েছে উল্লেখ করে মামলার বাদী বিউটি বলেন, ‘এক যুগ ধরে বাড়ির অভিভাবক নেই। ছেলেমেয়েরা বাবার স্মৃতি নিয়েই বেঁচে আছে। আমি সংসার সামলানোর পাশাপাশি তাদের বাবার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য লড়াই করে চলেছি। দণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’

এখনো আঁতকে ওঠে বিশ্বজিতের পরিবার

পুরান ঢাকায় ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সন্ত্রাসীদের হাতে নিহত বিশ্বজিৎ দাসের বড় ভাই উত্তম কুমার দাস বলেন, বিশ্বজিৎ নেই প্রায় ১৪ বছর হতে চলেছে। তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনার কথা মনে হলে আঁতকে উঠি। মা-বাবার চোখ দিয়ে এখনো অশ্রু ঝরে।

সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতের দেওয়া রায় এখনো কার্যকর না হওয়ার আক্ষেপও আছে পরিবারের সদস্যদের মধ্যে। উত্তম আমার দেশকে বলেন, ‘সত্যিকারার্থে আমরা হতাশ। ভেবেছিলাম রাজনৈতিক পটপরিবর্তন হলে অপরাধীদের সাজা কার্যকর হবে। এখনো আমরা অপেক্ষায় আছি।’

২০১২ সালের ৯ ডিসেম্বর। বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ কর্মসূচি চলছিল। বিশ্বজিৎ পুরান ঢাকার বাসা থেকে বের হয়ে বাহাদুর শাহ পার্কের কাছে পৌঁছাতেই ছাত্রলীগ নেতাকর্মীরা নির্মমভাবে তাকে চাপাতি দিয়ে কোপান। ছাত্রলীগ সন্ত্রাসীদের কোপ থেকে বাঁচতে বহু কাকুতি-মিনতি করেন। কিন্তু রেহাই মেলেনি।

বিশ্বজিতের ভাইয়ের বক্তব্য, আমরা কোনো রাজনীতি করি না। অপরাজনীতির শিকার। আমার ভাই একটি দর্জির দোকানের খুবই অল্প বেতনের শ্রমিক ছিল। তার আয়ে আমাদের সংসারের খরচের ক্ষেত্রে কিছু সহযোগিতা হতো। সন্ত্রাসীরা আমার নিরীহ ও নিরপরাধ ভাইকে কুপিয়ে হত্যা করল। তার ছোট শরীরে দেওয়া প্রতিটি কোপই যেন আমাদের হৃদয় ভেদ করে গেছে।

দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী বিশ্বজিৎকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ওই রায়ের পর আসামিদের আপিল ও জেল আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২০১৭ সালের ৬ আগস্ট হাইকোর্ট রায় দেয়। হাইকোর্ট মৃত্যুদণ্ড পাওয়া আট আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন ও অপর দুজনকে খালাস দেয়। পাশাপাশি বিচারিক আদালতে যাবজ্জীবনপ্রাপ্ত ১৩ আসামির মধ্যে দুজনকে খালাস দেওয়া হয়।

হাইকোর্টের রায়ের পর কেটে গেছে প্রায় ৯ বছর। তবে অ্যাটর্নি জেনারেল অফিসের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৮ ডিসেম্বর এ মামলার আপিল শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তারিখ নির্ধারণ করেছে। একই সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে হাইকোর্টে দেওয়া খালাসের বিরুদ্ধেও রাষ্ট্রপক্ষের আপিলেরও শুনানি হবে।

আপিল বিভাগে বিশ্বজিতের পরিবার ন্যায়বিচার পাবেÑএমন প্রত্যাশার কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, বিশ্বজিৎ হত্যার ঘটনায় উচ্চ আদালতে ন্যায়বিচার নিশ্চিত হবে বলে আমরা আশা করছি।

আবরার ফাহাদের শাহাদাতবরণ

বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ১৭তম ব্যাচের মেধাবী ছাত্র আবরার ফাহাদ ২০১৯ সালের ৬ অক্টোবর কুষ্টিয়ার গ্রামের বাড়ি থেকে বুয়েটের হলে ফেরেন। রাত ৮টায় শেরেবাংলা হলের দোতলার ২০১১ নম্বর কক্ষে তাকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতারা তার মোবাইল ফোন ঘেঁটে ফেসবুক ও মেসেঞ্জারে ভারতবিরোধী স্ট্যাটাস পান। এরপর রাতভর পৈশাচিক নির্যাতন শেষে তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ সন্ত্রাসীরা।

ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার দুদিন আগে আবরার ফাহাদ লিখেছিলেন, ‘৪৭-এ দেশভাগের পর দেশের পশ্চিমাংশে কোনো সমুদ্রবন্দর ছিল না। তৎকালীন সরকার ছয় মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করল। কিন্তু দাদারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ দিয়েছিল। বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মোংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাসে আজ ইন্ডিয়াকে সেই মোংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে।’

ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ের পরিবর্তে ফেনী নদীর পানি দেওয়ার সমালোচনা করে আবরার ফাহাদ লিখেছিলেন, ‘কাবেরি নদীর পানি ছাড়াছাড়ি নিয়ে কানাড়ি আর তামিলদের কামড়াকামড়ি কয়েক বছর আগে শিরোনাম হয়েছিল। যে দেশের এক রাজ্যই অন্যকে পানি দিতে চায় না, সেখানে আমরা বিনিময় ছাড়া দিনে দেড় লাখ কিউবিক মিটার পানি দেব।’

তিনি আরো লেখেন, ‘কয়েক বছর আগে নিজেদের সম্পদ রক্ষার দোহাই দিয়ে উত্তর ভারত কয়লা-পাথর রপ্তানি বন্ধ করেছে অথচ আমরা তাদের গ্যাস দিব। যেখানে গ্যাসের অভাবে নিজেদের কারখানা বন্ধ করা লাগে, সেখানে নিজের সম্পদ দিয়ে বন্ধুর বাতি জ্বালাব।’

আবরার ফাহাদের এ স্ট্যাটাসগুলোকে ভারতবিরোধী উল্লেখ করে ছাত্রলীগ সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বলে জানান প্রত্যক্ষদর্শী ছাত্ররা।

২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার অপু, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফসহ ছাত্রলীগের ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। বিচারিক আদালতের রায় অপরিবর্তিত রেখে গত বছর ১৬ মার্চ হাইকোর্ট রায় দেয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দণ্ডিত আসামিদের করা লিভ টু আপিলের শুনানি হবে আগামী ২৪ নভেম্বর।

আপিল বিভাগেও খুনিদের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকবে এবং এটি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবিস্মরণীয় নজির হয়ে থাকবেÑএমন আশাবাদ ব্যক্ত করেছেন শহীদ আবরার ফাহাদের ছোট ভাই বুয়েটের ছাত্র আবরার ফাইয়াজ। আমার দেশকে তিনি বলেন, একটি মতামত প্রকাশের কারণে আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন ঘটনা যাতে আর কখনো দেশে না ঘটে এ মামলার রায় কার্যকরের মাধ্যমে সেটাই প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করছি।

মেজর সিনহার মায়ের অপেক্ষা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগামী ১ ডিসেম্বর মেজর (অব) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আপিলের শুনানি হবে। ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশ গুলি করে মেজর সিনহাকে হত্যা করে। টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশকে এ নৃশংস হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করা হয় মামলার তদন্ত প্রতিবেদনে। ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এ মামলার আসামি ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেয়। এছাড়া ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাতজনকে খালাস দেওয়া হয়। বিচারিক আদালতের এ রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে গত বছরের ২ জুন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ডসহ অপর ছয় আসামির কারাদণ্ড বহাল রাখে।

আপিল বিভাগে আগামী ১ ডিসেম্বর এ মামলায় শুনানি হবে। হত্যাকারীদের ফাঁসি বহাল থাকবে বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মেজর সিনহার পরিবারের সদস্যরা।

মেজর সিনহার মা নাসিমা আক্তার ছেলে হত্যার ন্যায়বিচার দাবি করে বলেন, ‘আমাদের জন্য প্রাণের উৎস ছিল আমার ছেলে। সব সময় সে মানুষের কল্যাণে কাজ করেছে। যেসব নরপিশাচ আমার ছেলেকে হত্যা করে আমার বুক খালি করেছে, তাদের আমি কোনোদিন ক্ষমা করব না। পরম করুণাময় আল্লাহর কাছে তো বিচার দিয়েই রেখেছি। আমার একমাত্র প্রত্যাশা, যারা আমার ছেলেকে হত্যা করে আমার বুক খালি করেছে, তাদের যেন দ্রুত ফাঁসির রায় কার্যকর হয়।’

তিনি আরো বলেন, ‘আমি আশায় বুক বেঁধে আছি, যেদিন এদের ফাঁসি হবে, আমার মনটা কিছুটা হলেও শান্তি পাবে। দেশের বিচারব্যবস্থার প্রতি আস্থা রয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে এই বিচারের রায় কার্যকর হবে এবং দৃষ্টান্ত হয়ে থাকবে। এতে কোনো মায়ের বুক খালি করার মতো দুঃসাহস কেউ দেখাবে না।’

আপিল বিভাগের রায়েও বিচারিক আদালতের প্রতিফলন থাকবে বলে আশা করছেন মেজর সিনহার বোন ও মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস। আমার দেশকে তিনি বলেন, ‘আমার ভাইকে হত্যার ছয় বছর পেরিয়ে গেলেও আমরা এখনো ন্যায়বিচারের প্রত্যাশা করছি। আমাদের একমাত্র চাওয়া, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে আদালতের দেওয়া রায় দ্রুত কার্যকর করা হোক। ন্যায়বিচার যেন কেবল রায়ের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, তার যথাযথ বাস্তবায়নও নিশ্চিত হয়।’

তিনি আরো বলেন, ‘আমার ভাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নেওয়া একজন সামরিক কর্মকর্তা ছিলেন। তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা শুধু পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি নয়, এটি দেশের আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চাই, এই মামলার চূড়ান্ত রায় ও তার দ্রুত বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার একটি দৃঢ় দৃষ্টান্ত তৈরি হোক। কোনো ব্যক্তি বা ক্ষমতার অপব্যবহারকারী আইনের ঊর্ধ্বে নয়—এই বার্তাটি স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হওয়া জরুরি। আমরা দেশের বিচারব্যবস্থার প্রতি আস্থাশীল। সরকারের কাছে আমাদের প্রত্যাশা, মামলার চূড়ান্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত রায় কার্যকরের কার্যকর উদ্যোগ নেওয়া হবে। আমরা ভাই হত্যার ন্যায়বিচার দেখতে চাই।’

সরকার চায় দ্রুত নিষ্পত্তি

চারটি মামলার দ্রুত নিষ্পত্তির উদ্যোগের বিষয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল দায়েরকারী পক্ষের দ্রুত শুনানির উদ্যোগ নেওয়ার প্রাথমিক দায়িত্ব থাকলেও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়েরও এতে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সে বিবেচনায় আলোচিত মামলাগুলো অগ্রাধিকার দিয়ে শুনানির জন্য আবেদন করা হয়েছে।

তিনি বলেন, নির্ধারিত তারিখে শুনানি শুরু হওয়া নিয়ে অতীতে নানা বাস্তবতায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এবার মামলাগুলোর গুরুত্ব বিবেচনায় নির্ধারিত দিনেই শুনানি শুরু হবে বলে আশা করছি। শুনানির প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে। নির্ধারিত তারিখের আগেই প্রয়োজনীয় আইনি প্রস্তুতি শেষ করা হবে।