Image description

কতিপয় শিক্ষকের বিকৃত মানসিকতা আর প্রশাসনিক উদাসীনতায় দেশের অনেক মাদরাসায় শিশুদের শৈশব চরম ট্রমা ও ভয়ের অভিজ্ঞতায় রূপ নিচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি ও ঘটনা ধামাচাপা দেওয়ার প্রবণতা পুরো মাদরাসা শিক্ষাব্যবস্থাকে গভীর সংকটে ফেলেছে।

ইসলাম শিশুদের প্রতি স্নেহ ও সদয় আচরণের নির্দেশ দিলেও বিভিন্ন মাদরাসায় মারধর ও মানসিক নির্যাতনের পাশাপাশি ‘ব্যাড টাচ’ এবং ভয়ংকর যৌন নিপীড়নের মতো অপরাধের চিত্র উঠে এসেছে। এমনকি আবাসিক ব্যবস্থায় বা পড়ানোর নামে অনেক শিক্ষক ছাত্রদের দিয়ে পা বা মাথা টিপানোর মতো অমানবিক ‘শারীরিক খেদমত’ করিয়ে থাকেন। লোকলজ্জা, সামাজিক চাপ এবং নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর নজরদারির অভাবে বেশিরভাগ ঘটনাই থমকে যাচ্ছে মাদরাসার চার দেয়ালের ভেতরেই।

শীর্ষস্থানীয় কয়েকজন আলেম বলেন, এই সংকট কেবল ব্যক্তি অপরাধের নয়, বরং প্রাতিষ্ঠানিক নজরদারি এবং কাঠামোগত দুর্বলতার এক মারাত্মক পরিণতি। এই নীরবতার সংস্কৃতি ভাঙতে এবং অপরাধীদের দায়মুক্তি রোধে জরুরি আমূল সংস্কার ও কঠোর আইনি নজরদারির ওপর জোর দিয়েছেন তারা।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক চিকিৎসকের বয়ানে উঠে এসেছে তার কাছে যাওয়া চার শিক্ষার্থীকে নিপীড়নের ভয়ংকর তথ্য। তিনি জানান, তার চেম্বারে একবার আট বছরের এক শিশুকে নিয়ে আসে তার স্বজনরা। শিশুটি একটি আবাসিক মাদরাসার ছাত্র ছিল এবং ডাক্তারি ভাষায় সে ‘ফেকাল ইনকন্টিনেন্স ডিউ টু ইনজুরি টু এক্সটার্নাল অ্যানাল স্ফিংকটার’ ও ‘অ্যানাল ফিশার’ এর সমস্যায় ভুগছিল। কারণ অনুসন্ধানে জানা যায়, শিশুটিকে টানা কয়েক মাস তার দুই শিক্ষক ভয়াবহ যৌন নিপীড়ন চালিয়েছিল।

তার বর্ণনায় উঠে এসেছে ভয়াবহ আরেকটি ঘটনা, যেখানে ২৩ বছর বয়স্ক এক মাদরাসা শিক্ষার্থীর ‘এইচআইভি পজিটিভ’ শনাক্ত হয়েছে। চিকিৎসার সময়ে জানা যায়, সে অতীতে বেশ কয়েকজন সমকামী সঙ্গীর সঙ্গে মিলিত হয়েছে এবং ডাক্তারি ভাষায় ‘অ্যানাল ফিশার’ ও ‘হ্যামারয়ড’-এ ভুগছে।

গত সপ্তাহেই তার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ১১ বছরের আরেক মাদরাসা শিক্ষার্থী আসে, যাকে একটি বিয়েবাড়িতে ১৩ বছরের আরেক মাদরাসা ছাত্র যৌন নিপীড়নের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে স্বজনরা অভিযুক্তকে ধরে পুলিশে সোপর্দ করে। এছাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ২২ বছর বয়সি এক মাদরাসা শিক্ষার্থী চিকিৎসার জন্য এসেছিল, যাকে বেশ কয়েকবার তার শিক্ষক যৌন নিপীড়ন করায় সে এখন ‘মেজর ডিপ্রেসিভ ইলনেস উইথ ফোবিয়া’ আক্রান্ত। এটি কেবল একটি উপজেলার চিত্র। নিরাপত্তার কথা ভেবে পরিচয় প্রকাশ করতে রাজি হননি সেই চিকিৎসক।

সারা দেশেই এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও মাদরাসার মুরুব্বীরা কোনো ব্যবস্থা নেন না। অনেক বয়স্ক শিক্ষকের বিরুদ্ধেও এমন ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। এমনই একটি ঘটনার খবর পাওয়া গেছে চট্টগ্রামের একটি গ্রামের মসজিদের পাশের ফোরকানিয়া মাদরাসায়। সেখানে দীর্ঘ ২৫ বছর ধরে পড়ানো এক শিক্ষক, যিনি পাশের ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে বিয়ে করেছেন এবং একাধিক সন্তানের জনক। একদিন ধরা পড়েন এক শিশুকে যৌন নিপীড়ন করতে গিয়ে।

বেশ কয়েকজন আলেম, মাদরাসার শিক্ষক, চিকিৎসক ও আইনজীবীর সঙ্গে আলাপকালে উঠে এসেছে ভয়ংকর অপরাধের এসব খণ্ডিত চিত্র। কিন্তু প্রকৃত চিত্র আরো ভয়াবহ।

তারা বলছেন, সরকারি নিয়ন্ত্রণ ও নিয়মিত পরিদর্শনের অভাবে অনেক আবাসিক ও কওমি মাদরাসা নিজস্ব নিয়মে পরিচালিত হয়। শিক্ষার অংশ হিসেবে শারীরিক প্রহারকে অনেক অভিভাবক ও শিক্ষক এখনো স্বাভাবিক বা প্রয়োজনীয় মনে করেন। ঘটনা প্রকাশ পেলে তাৎক্ষণিক স্থানান্তরিত করা বা আপস-মীমাংসার মাধ্যমে অপরাধীদের পার পাইয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়।

মাদরাসাগুলোতে শিশুদের মনের কথা বলার বা অভিযোগ জানানোর নিরাপদ মাধ্যমের অনুপস্থিতি ও চাইল্ড হেল্পলাইনের অভাব রয়েছে। যখন কোনো অপরাধের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি না হয়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয় বা কেবল মাদরাসা থেকে বের করে দিয়ে পার পাইয়ে দেওয়া হয়, তখন পরিবেশের ভেতরে অপরাধের প্রতি এক ধরনের সহনশীলতা কাজ করে এবং শিক্ষার্থীরাও বিষয়টিকে পরিবেশের জন্য স্বাভাবিক বা মানিয়ে নেওয়ার মতো মনে করে।

শীর্ষ আলেমরা যা ভাবছেন

শিক্ষাপ্রতিষ্ঠানে যে কোনো অনৈতিক আচরণ বা শিশু নিপীড়ন গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক আচরণ বা শিশু নিপীড়ন গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে তারা উল্লেখ করেন, শিশু যৌন নির্যাতনের সমস্যাটি পুরোনো অভ্যন্তরীণ সামাজিক সমস্যা, যা কেবল কোনো একটি কমিউনিটিকেন্দ্রিক নয়, বরং স্কুল, মাদরাসা ও অন্যান্য পরিসরেও কমবেশি বিদ্যমান। শিশুদের নিরাপত্তা ও মানসিক স্বস্তি অগ্রাধিকার দিতে স্কুল-মাদরাসায় কঠোর নীতিমালা অবলম্বন, সার্বক্ষণিক সিসি ক্যামেরা পর্যবেক্ষণ নিশ্চিত করা এবং অপরাধীদের প্রাতিষ্ঠানিক ও আইনগত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

আল জামিয়া ইসলামিয়া লালখানবাজার মাদরাসার সহকারী পরিচালক ইসলামী চিন্তাবিদ মুফতি হারুন ইজহার বলেন, যৌন হয়রানি সংক্রান্ত প্রকাশিত ঘটনার বেশিরভাগই প্রাইভেট প্রতিষ্ঠান সংশ্লিষ্ট এবং এটি জাতীয় নৈতিক অবক্ষয়ের অংশ। মূলধারার মাদরাসার বিষয়ে এমন অভিযোগ কম হলেও আলেম সমাজের কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথেষ্ট নয়। আরো কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে বিচ্ছিন্ন ঘটনায় পুরো আলেম সমাজকে বদনাম করার চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানান তিনি।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বিবৃতিতে বলেন, মাদরাসায় বিভিন্ন অনাচারের যেসব ঘটনা সামনে আসে, তার অধিকাংশই ভুঁইফোঁড় ও মানহীন বেসরকারি মাদরাসার সঙ্গে সংশ্লিষ্ট। তবে এর নেতিবাচক প্রভাব পুরো মাদরাসা ব্যবস্থার ওপর পড়ছে। লাখ লাখ এতিম ও অসহায় শিক্ষার্থীর আশ্রয়স্থল এসব প্রতিষ্ঠান রক্ষা ও মানুষের আস্থা অটুট রাখতে মাদরাসা শিক্ষা বোর্ডের কর্ণধার ও শীর্ষ আলেমদের সর্বশক্তি দিয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় ইতিহাসে এর দায় তাদেরই বহন করতে হবে। অভিযুক্ত শিক্ষককে রক্ষার চেষ্টা বা সত্য আড়াল করা মাদরাসা ব্যবস্থার জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনবে।

শিক্ষার্থী নিপীড়ন রোধে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ গত ১৯ সেপ্টেম্বর কওমি মাদরাসা বোর্ডগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এতে প্রতিটি মাদরাসায় ‘শিক্ষার্থী সুরক্ষা কমিটি’ গঠন বা সচল করা, হটলাইন ও শক্তিশালী মনিটরিং সেল চালু এবং সর্বোচ্চ সাতদিনের মধ্যে অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো মাদরাসা এই ব্যবস্থা নিতে ব্যর্থ হলে বা কমিটি নিষ্ক্রিয় থাকলে সেটির অধিভুক্তি স্থগিত বা বাতিল করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

লেখক, গবেষক আহমেদ রফিক মাদরাসা কর্তৃপক্ষের মানসিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, অনেক বড় মাদরাসা ঘটনা ধামাচাপা দিয়ে মনে করে সমস্যা নেই। তিনি সুপারিশ করেন, শিক্ষক নিয়োগে পূর্ববর্তী প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র এবং তার অতীত রেকর্ড যাচাই বাধ্যতামূলক করতে হবে, যাতে অপরাধীদের শিক্ষক হওয়ার পথ বন্ধ হয়।

প্রশাসনিক ও অভ্যন্তরীণ পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ছোট শিশুদের ঢালাও আবাসিক ব্যবস্থা নিরুৎসাহিত করা, বিভিন্ন বয়সের (৯-১০ ও ১৬ বছর) শিক্ষার্থীদের একই কক্ষে রাখা বন্ধ করে বয়সভিত্তিক বিভাজন নিশ্চিত করা এবং শিক্ষক বা বড় ভাইদের পা বা মাথা টিপানোর মতো তথাকথিত ‘শারীরিক খেদমত’ কঠোরভাবে নিষিদ্ধ করা জরুরি।

সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ওমর বলেন, শিশু নির্যাতন বা যৌন নিপীড়ন কেবল মাদরাসার নয়, বরং পুরো দেশের সামাজিক সমস্যা। সরকারের তরফ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি ও যৌন নিপীড়ন বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন, বাধ্যতামূলক শিশু সুরক্ষা কমিটি এবং জাতীয় পর্যায়ে স্বাধীন তদারকি সেল গঠন করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষকদের ব্যাকগ্রাউন্ড চেক, ক্লাসরুম, বারান্দা, সিঁড়ি ও সংলগ্ন স্থানে সিসিটিভি স্থাপন এবং গোপনীয় অভিযোগ দায়েরের ব্যবস্থা চালুর পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বোর্ডগুলোর নিয়মিত তদারকি এবং দ্রুত শাস্তি নিশ্চিত করা জরুরি।

চট্টগ্রামের আইনজীবী ও লেখক আব্দুর রহমান রাহীল বলেন, মাদরাসা শিক্ষা নামে এদেশে যেটা আছে, তা মূলত সেক্যুলার সিস্টেম অনুমোদিত পুরোহিত তৈরির কারখানা। অতীতের ইসলামী শাসনব্যবস্থায় আমাদের পূর্বপুরুষরা একই সঙ্গে আইনবিদ, বিজ্ঞানী ও ডাক্তার হয়ে গড়ে উঠতেন। কিন্তু বর্তমান সিস্টেমে কেবল কিছু পরনির্ভরশীল লোক তৈরি করছে। খ্রিষ্টান চার্চ বা হিন্দু মন্দিরের অতীত ইতিহাসের মতো এখানেও শিক্ষকরা সমকামী, উভয়কামী ও শিশুকামী হয়ে উঠছে। এই ব্যবস্থার আমূল পরিবর্তন জরুরি।

শিশু নিপীড়নেমাদরাসা-শিক্ষক শের মুহাম্মদ বলেন, দীর্ঘ সময় ধরে সমাজের সবচেয়ে দরিদ্র ও অবহেলিতদের সন্তানরাই মাদরাসায় পড়াশোনা করে। তবে গত তিন দশকে কওমি অঙ্গনে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির বিকাশ ঘটেছে, ফলে সচেতনতাও বাড়ছে। এ ধরনের পরিস্থিতি সামলাতে যে দক্ষতা ও দূরদর্শিতা প্রয়োজন, বর্তমান মুরুব্বিদের মধ্যে তার ঘাটতি আছে।

বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে আটটি সংবাদপত্রে প্রকাশিত ৮৭৯টি ঘটনার তথ্য বিশ্লেষণ করে দেখিয়েছে, ১০.২ শতাংশ (৯০টি) ঘটনার জন্য মাদরাসার শিক্ষক বা ধর্মীয় নেতাদের অভিযুক্ত করা হয়েছে এবং ৮৯.৮ শতাংশ (৭৮৯টি) ঘটনার জন্য স্কুলশিক্ষক বা কর্মচারী, কিশোর গ্যাং, মাদক কারবারি, গৃহশিক্ষক ও রাজনীতিবিদসহ অন্যদের অভিযুক্ত করা হয়েছে।

এর মধ্যে ৭% (৬১টি) ঘটনায় মাদরাসার ছেলে শিশু যৌন নিপীড়নের শিকার বলে অভিযোগ এসেছে। এসবের মধ্যে ৫.৫% (৪৮টি) ঘটনায় মাদরাসার শিক্ষককে অভিযুক্ত করা হয়েছে এবং ১.৫% (১৩টি) ঘটনায় অন্যদের অভিযুক্ত করা হয়েছে।

এছাড়া ১০.৯% (৯৬টি) ঘটনায় মাদরাসার মেয়ে শিশু যৌন নিপীড়নের শিকার বলে অভিযোগ এসেছে। এসবের মধ্যে ৩.১% (২৭টি) ঘটনায় মাদরাসার শিক্ষককে অভিযুক্ত করা হয়েছে এবং ৭.৮% (৬৯টি) ঘটনায় অন্যদের অভিযুক্ত করা হয়েছে।

৮২.১% (৭২২টি) ঘটনায় মাদরাসায় পড়ে না এমন শিশু নিপীড়নের শিকার বলে অভিযোগ এসেছে। এসবের মধ্যে ১.৭% (১৫টি) ঘটনায় মাদরাসা শিক্ষক বা ধর্মীয় নেতাদের অভিযুক্ত করা হয়েছে এবং ৮০.৪% (৭০৭টি) ঘটনায় অন্যদের অভিযুক্ত করা হয়েছে।