বাগেরহাট জেলার মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের সাবরিনের (ছদ্মনাম) যখন বিয়ে হয়, তখন তার বয়স মাত্র ১৫ বছর। ৬০ বছর বয়সী সেই স্বামীকে তিনি বিয়ের আগে কখনো দেখেননি। পরে জানতে পারেন, ওই ব্যক্তির আগে থেকেই দুটি স্ত্রী ছিল। দুটি সন্তানের জন্ম দেওয়ার পর সাবরিনের তলপেটে ব্যথা শুরু হয়। প্রথমে তিনি ব্যাপারটাকে তেমন পাত্তা দেননি। কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের পরীক্ষা করাতে গিয়ে চিকিৎসকদের চোখে ধরা পড়ে তার জরায়ুর মুখে একটি সমস্যা আছে।
পরে আরও পরীক্ষা-নিরীক্ষা করে সেখানে একটি ক্ষত পাওয়া যায়, যা সময়মতো চিকিৎসা না করালে ক্যানসারে রূপ নিতে পারত। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করে তার জরায়ুর একটি অংশের রক্তনালি কেটে বাদ দিতে হয়।
সাবরিনের মতো দেশের বহু নারীই শারীরিক নানা সমস্যাকে স্বাভাবিক ধরে নিয়ে বছরের পর বছর অবহেলা করেন। অনেকে বিপদসংকেতই বুঝতে পারেন না। আবার কেউ কেউ সামাজিক লজ্জা, আর্থিক অনটন বা হাসপাতালে যাওয়ার ঝামেলার কারণে পরীক্ষা করাতে চান না। ফলে যে ক্যানসার খুব সহজেই প্রতিরোধ করা সম্ভব এবং রোগ ধরা পড়লে নিরাময়ও করা যায়, সেই ক্যানসারেই প্রতিবছর হাজার হাজার নারীর প্রাণ ঝরে যাচ্ছে।
বাংলাদেশে প্রতিবছর প্রায় ৮ হাজার ২৬৮ জন নারী জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হন, মারা যান ৪ হাজার ৯৭১ জন। নারীদের মধ্যে এটি দ্বিতীয় প্রধান ক্যানসার। অথচ নিয়মিত স্ক্রিনিং (পরীক্ষা), এইচপিভি টিকা এবং ক্যানসার হওয়ার আগের ক্ষতগুলোর সঠিক চিকিৎসা নিলে এই রোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব।
‘রিসার্চ ইন হেলথ সার্ভিসেস অ্যান্ড রিজিওনস’ নামের একটি সাময়িকীতে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের ১৮ থেকে ৬৯ বছর বয়সী নারীদের মধ্যে মাত্র ৬ দশমিক ২ শতাংশ নারী জরায়ুমুখ ক্যানসারের স্ক্রিনিং করিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ক্যানসার গবেষণা বিষয়ক আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, সারা বিশ্বে প্রতিবছর প্রায় ৬ লাখ ৬০ হাজার নারী এই ক্যানসারে আক্রান্ত হন এবং মারা যান প্রায় ৩ লাখ ৫০ হাজার জন। এর প্রায় ৯০ শতাংশ রোগী ও মৃত্যুর ঘটনা ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে, যেখানে টিকা, পরীক্ষা বা চিকিৎসার সুযোগ অনেক কম।
বাংলাদেশে সরকার ‘ভিআইএ’ পদ্ধতির মাধ্যমে বিনামূল্যে এই পরীক্ষা করানোর ব্যবস্থা রেখেছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সেন্টার ফর সারভাইক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং অ্যান্ড ট্রেনিংয়ের অধীনে প্রায় ৫৭০টি সরকারি কেন্দ্রে ৩০ থেকে ৬০ বছর বয়সী নারীদের বিনামূল্যে ভিআইএ পরীক্ষা এবং ‘দেখুন ও চিকিৎসা নিন’ সেবা দেওয়া হয়।
তবে দেশের বিশাল জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থার তুলনায় এই কেন্দ্রের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। ভাল ও বিশেষায়িত চিকিৎসাসেবা এখনো মূলত রাজধানী এবং বড় বড় শহরকেন্দ্রিক। যে কারণে গ্রাম, চরাঞ্চল, উপকূল বা পাহাড়ি এলাকার নারীদের জন্য পরীক্ষা করাতে যাওয়া খুবই কঠিন। এমনকি প্রথম পরীক্ষায় কোনো সমস্যা ধরা পড়লে পরবর্তী পরীক্ষা বা চিকিৎসার জন্য অনেক দূরের শহরে যাওয়ার প্রয়োজন পড়ে।
সাতক্ষীরার শ্যামনগরের ৪৪ বছরের ডালিয়া (ছদ্মনাম) টাকার অভাবে কোনোমতে একটা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন। কিন্তু সেখানকার সেবাদানের ব্যবস্থা নিয়ে তার ক্ষোভের শেষ নেই।
তিনি বলেন, ‘টাকার অভাবে মাঝে মাঝে কিছু ওষুধ কিনতে পারি, বাকিগুলো পারি না। আর যদি জানতেও পারি যে আমার ক্যানসার হয়েছে, সেই চিকিৎসার খরচ চালানোর সামর্থ্য আমার নেই। তার চেয়ে বরং পরীক্ষা না করানোই আমার জন্য ভালো।’
সামাজিক লজ্জা ও রক্ষণশীলতাও নারীদের এই পরীক্ষা থেকে দূরে সরিয়ে রাখে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার আইরিন (ছদ্মনাম) জানান, তাদের গ্রামের বয়স্ক মানুষেরা এই রোগটিকে পাপ কিংবা আল্লাহর অভিশাপ বলে মনে করেন।
তিনি বলেন, ‘আমি তো কোনো পাপ করিনি। আল্লাহ আমাকে এই সমস্যা দিয়েছেন, তিনিই আমাকে রক্ষা করবেন।’
বুড়িডাঙ্গা ইউনিয়নের বিউটি সাফ জানিয়ে দিলেন, পুরুষ চিকিৎসক হলে তিনি কখনোই পরীক্ষা করাবেন না। তিনি বলেন, ‘মরে গেলেও পুরুষ চিকিৎসকের কাছে স্ক্রিনিং করাব না। নারী চিকিৎসক না পেলে আমি চিকিৎসা নেওয়াই বন্ধ করে দেব।’ তার আবার বিশ্বাস, অবিবাহিত মেয়েদের এসব পরীক্ষা করানোর কোনো প্রয়োজন নেই।
চিলা ইউনিয়নের মনসুরার স্বামী একজন পুলিশ কর্মকর্তা। মনসুরা সাধারণ চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে গেলেও জরায়ুর সমস্যার কথা সেখানে জানাননি, কারণ সেখানে কোনো নারী চিকিৎসক ছিলেন না। পরে এক চিকিৎসকের পরামর্শে তিনি খুলনার ২৫০ শয্যা হাসপাতালে গিয়ে পরীক্ষা করান।
আশাশুনির আরেক নারী ডালিয়া ভুল ধারণাবশত বললেন, ‘আমার শরীরে তো কোনো রকম কষ্ট বা সমস্যা নেই, তাহলে শুধু শুধু আগেভাগে হাসপাতালে দৌড়ে গিয়ে পরীক্ষা করাব কেন?’
অথচ জরায়ুমুখ ক্যানসারের প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো স্পষ্ট লক্ষণ বা উপসর্গ থাকে না। তাই লক্ষণ প্রকাশের জন্য অপেক্ষা না করে নির্দিষ্ট বয়সে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করানোটা খুবই জরুরি।
‘প্লস ওয়ান’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, সাতক্ষীরার উপকূলীয় এলাকা, উত্তরের দুর্গম চরাঞ্চল এবং যেসব পরিবারের নারীরা ঘরের সিদ্ধান্তে কথা বলতে পারেন না, তাদের মধ্যে জরায়ুমুখ ক্যানসার নিয়ে সচেতনতা খুবই কম।
জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক মানুষেরই জানা ছিল না এই রোগের লক্ষণ বা ঝুঁকির কারণগুলো কী কী। নারীদের মাত্র ৬ দশমিক ২ শতাংশ জীবনে অন্তত একবার এই পরীক্ষা করিয়েছেন এবং মাত্র ২০ শতাংশ জানতেন এইচপিভি ভাইরাসের কারণে জরায়ুমুখ ক্যানসার হতে পারে।
গবেষণায় আরও দেখা গেছে, একজন নারীর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবার বড় ভূমিকা রাখে। দুর্গম ও সীমান্তবর্তী এলাকার মাত্র ৩ দশমিক ৩ শতাংশ নারী নিজের স্বাস্থ্যের বিষয়ে নিজে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারেন। পরিবারের পুরুষ সদস্যদের অনীহা এবং সামাজিক কুসংস্কারের কারণে নারীরা সময়মতো চিকিৎসা নিতে পারেন না।
দেশের একেক অঞ্চলের সমস্যা একেক রকম। কোথাও যোগাযোগব্যবস্থা খারাপ, কোথাও রয়েছে চরম দারিদ্র্য ও অপুষ্টি, আবার কোথাও ভাষাগত বা সাংস্কৃতিক বাধা।
যেমন রংপুরের তিস্তা ও ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলগুলোতে চরম দারিদ্র্য ও বাল্যবিয়ে খুব সাধারণ ঘটনা। আর অল্প বয়সে বিয়ে এবং কম বয়সে বারবার সন্তান জন্ম দেওয়ার কারণে জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি অনেক বেড়ে যায়। আবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মতো বড় জায়গায় পৌঁছাতে অনেক সময় ও টাকা খরচ হয়। গবেষণায় দেখা গেছে, রংপুর বিভাগে মাত্র ৩ দশমিক ১ শতাংশ নারী এই পরীক্ষা করিয়েছেন।
সিলেটের চা-বাগানগুলোর চিত্র আরও বেশি খারাপ। চরম দারিদ্র্য, অপুষ্টি, অস্বাস্থ্যকর পরিবেশ, প্রজনন স্বাস্থ্য নিয়ে অজ্ঞতা এবং বাগানের স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষার ভালো ব্যবস্থা না থাকায় সেখানে নারীরা মারাত্মক বিপদে আছেন। এর ওপর ভাষা ও সংস্কৃতির ভিন্নতাও আরেকটি বড় বাধা।
মৌলভীবাজারের ১০টি চা-বাগানের ৩ হাজার নারী শ্রমিকের ওপর করা এক জরিপে দেখা গেছে, তাদের মধ্যে ৫১৯ জন বা প্রায় ১৫ শতাংশ নারীর শরীরে জরায়ুমুখ ক্যানসারের লক্ষণ রয়েছে। এর মধ্যে বেশির ভাগ রোগীই এমন পর্যায়ে চলে গেছেন যেখানে আর কোনো চিকিৎসা কাজ করে না।
বিশ্ববিদ্যালয়ের আরেকটি গবেষণায় দেখা গেছে, সিলেটের গ্রামীণ এলাকায় উচ্চ ঝুঁকিপূর্ণ এইচপিভি সংক্রমণের হার ৭ দশমিক ১ শতাংশ। অথচ পুরো সিলেট বিভাগে ক্যানসার পরীক্ষার হার মাত্র শূন্য দশমিক ৭ শতাংশ।
খুলনা, বরিশাল এবং সুন্দরবন এলাকার নারীদের চিকিৎসাকেন্দ্রে পৌঁছাতে নদী পার হতে হয়। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর ভাঙাচোরা রাস্তার কারণে নিয়মিত পরীক্ষা বা ফলোআপ চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের জন্য এক প্রকার যুদ্ধ।
ঝালকাঠি, বাগেরহাট ও কক্সবাজারের ৯০০ বিবাহিত নারীর ওপর চালিয়ে দেখা গেছে, ২ দশমিক ৫৬ শতাংশের শরীরে উচ্চ ঝুঁকিপূর্ণ এইচপিভি ভাইরাস রয়েছে। এর মধ্যে ঝালকাঠিতে এই হার সবচেয়ে বেশি-৩ শতাংশ, আর পুরো বরিশাল বিভাগে স্ক্রিনিংয়ের হার মাত্র ১ দশমিক ৬ শতাংশ।
পাহাড়ি এলাকা বান্দরবান বা রাঙ্গামাটিতেও রয়েছে যাতায়াতের সমস্যা এবং বিশেষায়িত চিকিৎসকের অভাব। বান্দরবান জেলা হাসপাতালে ভিআইএ পরীক্ষায় পজিটিভ হওয়া ২৮৪ জন নারীর পরীক্ষা করে দেখা গেছে, ৩৪ দশমিক ৯ শতাংশের প্রাথমিক পর্যায়ের কোষ পরিবর্তন, ৯ দশমিক ৯ শতাংশের মধ্যম পর্যায়ের এবং ১ দশমিক ৪ শতাংশের গুরুতর পরিবর্তন ঘটেছে। এমনকি ২ দশমিক ৫ শতাংশ নারীর শরীরে পুরোপুরি ক্যানসার ধরা পড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০৩০ সালের মধ্যে পৃথিবী থেকে জরায়ুমুখ ক্যানসার নির্মূল করার বড় লক্ষ্য নির্ধারণ করেছে। এই পরিকল্পনার আওতায় ১৫ বছর বয়সের আগেই ৯০ শতাংশ মেয়েশিশুকে এইচপিভি টিকা দেওয়া, ৩৫ ও ৪৫ বছর বয়সে ৭০ শতাংশ নারীর স্ক্রিনিং বা পরীক্ষা করানো এবং ক্যানসারের পূর্বলক্ষণ ধরা পড়া ৯০ শতাংশ নারীকে সঠিক চিকিৎসা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
বাংলাদেশ সরকারও এই লক্ষ্য সামনে রেখে কাজ করছে। এর অংশ হিসেবে পঞ্চম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরে থাকা ১০ বছর বয়সী মেয়েদের নিয়মিত টিকাদানের আওতায় এইচপিভি টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থাও এ নিয়ে কাজ করে যাচ্ছে।
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. জাহানারা রহমান বলেন, ‘দেখুন ও চিকিৎসা নিন’ (সি অ্যান্ড ট্রিট) পদ্ধতির মতো কার্যকর উদ্যোগগুলো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে ক্যানসারের প্রকোপ কমাতে পারে। পরীক্ষার পর যাদের ফলাফল অস্বাভাবিক আসবে, তাদের দীর্ঘ জটিল প্রক্রিয়ায় না ফেলে দ্রুত সঠিক চিকিৎসা নিশ্চিত করা দরকার।
স্বাস্থ্য অর্থনীতিবিদ মোহাম্মদ জুবায়ের খান বলেন, জাতীয় কৌশল বাস্তবায়নের জন্য ৩টি প্রধান কাজ এইচপিভি টিকা দেওয়া, ক্যানসার-পূর্ববর্তী ক্ষতের পরীক্ষা ও চিকিৎসা এবং ক্যানসার ধরা পড়ার পরের চিকিৎসা—এসব ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ক্ষমতা আরও বাড়াতে হবে। শুধু কাগজে-কলমে নীতি বা কর্মসূচি রাখলেই হবে না, দেশের সবচেয়ে প্রত্যন্ত এলাকায় থাকা নারীর কাছেও পরীক্ষা ও চিকিৎসার সুযোগ পৌঁছে দিতে হবে।