Image description

ফরিদপুরের পদ্মা ও আড়িয়াল খাঁ নদবেষ্টিত দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নে সড়কপথে যোগাযোগের নেই কোনো মাধ্যম। ভরসা ট্রলার আর ইঞ্জিনচালিত নৌকা। সদরপুর উপজেলা সদর থেকে ট্রলারে সেখানে যেতে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা। প্রায় ১০ হাজার মানুষের বসবাস এ ইউনিয়নটিতে দুর্ভোগের শেষ নেই। নানা প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি কয়েক মাস ধরে মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে আবিভূত হয়েছে বিদ্যুৎ সংকট। দীর্ঘ পাঁচ মাস এ ইউনিয়নটির মানুষ রয়েছে অন্ধকারে। ফলে দিয়ারা নারকেলবাড়িয়া ও পাশের চরনাসিরপুর ইউনিয়নের কয়েকটিসহ চল্লিশটি গ্রাম রয়েছে বিদ্যুৎবিহীন। নদীর তলদেশ দিয়ে স্থাপন করা সাবমেরিন পাওয়ার কেব্‌ল ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগে পড়েছে এসব গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ব্যাহত হচ্ছে কৃষিকাজে ব্যবহৃত সেচসুবিধা, ব্যবসাবাণিজ্যে ধস, শিক্ষার্থীদের পড়ালেখায়ও মারাত্মক বিঘ্ন ঘটছে। আর দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় নষ্ট হচ্ছে ইলেকট্রনিক্স সামগ্রী।

খোঁজ নিয়ে জানা যায়, দেশে শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় ২০২১ সালে ঢাকার দোহার থেকে পদ্মা নদীর তলদেশ দিয়ে প্রায় সাড়ে চার কিলোমিটার পাওয়ার কেব্‌ল টেনে দিয়ারা নারকেলবাড়িয়া ও চরনাসিরপুর ইউনিয়নটিতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। চরাঞ্চলে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার পর এবার নিয়ে চারবার কেব্‌ল ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। তবে এবার কেব্‌ল ঠিক না করায় বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে হাজারো মানুষ। দীর্ঘদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে স্থানীয়দের। তারা বলছেন, কর্তৃপক্ষের গাফিলতির কারণেই তারা বিদ্যুৎ থেকে বঞ্চিত হচ্ছেন। আর বিদ্যুৎ বিভাগের দাবি, নতুন করে কেব্‌ল স্থাপনে টেন্ডার প্রক্রিয়ায় গিয়েছে তারা।

এ বছরের ৮ জুন নদীর তলদেশ দিয়ে নেওয়া কেব্‌লটি ছিঁড়ে যায়। এরপর থেকেই গোটা ইউনিয়নটিতে নেই বিদ্যুৎ। এর আগে ২০২৪ সালের নভেম্বরে কেব্‌ল বিচ্ছিন্ন হওয়ায় প্রায় পনেরো মাস বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো ইউনিয়নটিতে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ দোহার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক খায়রুল বাকী খান বলেন, ‘নদীর তলদেশে প্রবল স্রোত থাকায় আপাতত নতুন করে কেবল স্থাপন করা সম্ভব হচ্ছে না। তবে নতুন সাবমেরিনকেব্‌লের বরাদ্দ পাওয়া গেছে। আশা করছি, নভেম্বরের শেষের দিকে নতুন করে বিদ্যুৎ-সংযোগ স্থাপন সম্ভব হবে।’