Image description

শুষ্ক মৌসুমের শুরুতেই বগুড়ায় নাব্য সংকটে পড়েছে যমুনা নদী। পানি কমে অসংখ্য বালুচর ও ডুবোচর জেগে ওঠায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। বন্ধ হয়ে গেছে সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার কয়েকটি নৌরুট। এতে দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের হাজারো মানুষ। কৃষিপণ্য পরিবহনেও গুনতে হচ্ছে বাড়তি খরচ। অন্যদিকে এক সময়ের প্রবহমান বাঙালি নদী প্রায় শুকিয়ে গেছে। ইছামতী, গজারিয়া, নাগর, সুখদহ ও হলহলিয়া নদীতেও দেখা দিয়েছে নাব্য সংকট।

স্থানীয়রা জানান, যমুনায় ডুবোচর জেগে ওঠায় নৌকা চলাচল ব্যাহত হচ্ছে। অনেক ঘাট বন্ধ হয়ে গেছে। বাধ্য হয়ে চরাঞ্চলের মানুষকে দীর্ঘ পথ হেঁটে কিংবা ঘোড়ার গাড়িতে যাতায়াত করতে হচ্ছে। বাদাম, ভুট্টা, মসুর ডাল, ধান ও মিষ্টি আলুসহ বিভিন্ন ফসল বাজারে নিতে কৃষকদের বাড়তি খরচ গুনতে হচ্ছে। অনেককে মাথায় করে মাইলের পর মাইল ফসল বহন করতে হচ্ছে। সারিয়াকান্দির কাজলার চরের বাসিন্দা আনোয়ার হোসেন জানান, কালিতলা গ্রোয়েন বাঁধের কাছে বিশাল চর জেগে ওঠায় সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুটে চলাচল ব্যাহত হচ্ছে। কয়েকটি খেয়াঘাট বন্ধ হয়ে যাওয়ায় দুই পাড়ের মানুষের যোগাযোগে দুর্ভোগ বেড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, প্রতি বছর শুষ্ক মৌসুমে যমুনার পানি কমে অনেক নৌরুট বন্ধ হয়ে যায়। এবার ডুবোচরের কারণে দুর্ভোগ আরও বেড়েছে। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হক জানান, যমুনার নাব্য ফিরিয়ে আনা ও ভাঙন রোধে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার খনন প্রকল্পের প্রস্তাব সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট এলাকায় খনন ও নদীভাঙন প্রতিরোধের কাজ করা হবে। বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেন, সারিয়াকান্দিতে নৌবন্দর স্থাপনের কাজ চলছে। বন্দর চালু হলে নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ সচল রাখার সুযোগ তৈরি হবে।