Image description

ধুলাবালি, যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজ ও শিল্পকারখানার দূষণে রাজধানীর বায়ুমান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। বছরের পর বছর দূষণের শীর্ষেই থাকছে ঢাকা। দূষিত বাতাসে এক প্রকার জিম্মি হয়ে পড়েছে রাজধানীবাসী। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৬টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৯৪, যা ‘অস্বাস্থ্যকর’ শ্রেণির। বাতাসে প্রধান দূষক ছিল অতিক্ষুদ্র বস্তুকণা পিএম২.৫, যার ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ১১৭ মাইক্রোগ্রাম।

বছরের পর বছর দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ওপরের দিকে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, শীতের মৌসুমে বৃষ্টিপাত কমে যাওয়া এবং বাতাসের গতি হ্রাস পাওয়ায় দূষণের মাত্রা আরও বাড়তে পারে। এতে শিশু, বৃদ্ধ, হৃদ্রোগী ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়বেন। স্বাস্থ্য ক্যাডারের মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম বলেন, ‘বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব মানুষের জীবনের প্রতিটি পর্যায়ে পড়তে পারে। গর্ভস্থ শিশুর বিকাশ থেকে শুরু করে কৈশোরের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা এবং বৃদ্ধ বয়সের মানসিক স্বাস্থ্যও এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’ তাঁর পরামর্শ, বাইরে বের হলে সবাইকে মাস্ক ব্যবহারে সচেতন হতে হবে। বিশেষ করে শিশু, প্রবীণ এবং হৃদ্?যন্ত্র ও ফুসফুসের রোগীদের বাড়তি সতর্কতা প্রয়োজন।

পরিবেশবিদ অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, ‘বছরের অধিকাংশ সময়ই দেশের মানুষ দূষিত বাতাসের মধ্যে বসবাস করছে। জুন, জুলাই ও আগস্টে বৃষ্টি ও বায়ুপ্রবাহের কারণে সাধারণত দূষণ কিছুটা কমে। কিন্তু সাম্প্রতিক সময়ে বর্ষাকালেও ঢাকায় দূষণের মাত্রা উদ্বেগজনক থাকছে। আসন্ন শীতে অবস্থা আরও ভয়াবহ হবে। পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত মানমাত্রার তুলনায় কখনো ৫ থেকে ৮ গুণ, এমনকি ১০ থেকে ১২ গুণ পর্যন্ত দূষণ দেখা যায়।’

তিনি আরও বলেন, ‘ফিটনেসবিহীন যানবাহন, নির্মাণকাজে অনিয়ম, শিল্পকারখানার নির্গমন, বর্জ্য পোড়ানো ও গৃহস্থালির দূষণ বায়ুর মান নষ্ট করছে। এ ক্ষেত্রে উচ্চ আদালতের দেওয়া নির্দেশনাগুলো বাস্তবায়ন জরুরি। ফিটনেসবিহীন গাড়ি বন্ধ, নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণ, পুরোনো যানবাহন অপসারণ, বর্জ্য পোড়ানো বন্ধ এবং ইটভাটার বিকল্প হিসেবে ব্লক ব্যবহারে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

আইকিউএয়ারের বিশেষজ্ঞদের মতে, রাজধানীর ধুলাদূষণ কমাতে সমন্বিত কর্মপরিকল্পনা প্রয়োজন। সড়কে নিয়মিত পানি ছিটানো, অযোগ্য মোটরযান চলাচল বন্ধ এবং দূষণের উৎসগুলো নিয়ন্ত্রণে আনতে হবে। অন্যথায় আসন্ন শীতে দূষিত বাতাসের কারণে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে।

‘দেশের সব শহরই বসবাসের অযোগ্য’ : ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেছেন, রাজধানীসহ দেশের সব শহরই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। নগর পরিকল্পনার সিদ্ধান্ত নিচ্ছে আমলারা। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রক্রিয়ায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে। ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ আয়োজিত ‘নগর সংলাপ’-এ তিনি এ কথা বলেন।