সড়কে যাত্রী হয়রানি ও অসুস্থ প্রতিযোগিতা বন্ধের আশায় রাজধানীতে চালু করা হয়েছিল ছয় রুটে ছয় কোম্পানির বাস সার্ভিস। তবে কিছুদিন না যেতেই এই উদ্যোগের বাস্তব চিত্র চরম হতাশাজনক। পুরোনো ও ফিটনেসবিহীন বাস দিয়ে চলছে নতুন পরিবহনের সেবা। ছয় কোম্পানির এই বাসের নেই কোনো নির্দিষ্ট স্টপেজ। সড়কে যেখানে সেখানে যাত্রী ওঠা-নামা চলছে আগের মতোই। জানালা ভাঙা, সিট নড়বড়ে। যাত্রী তুলতে আগের মতো হাঁকডাক চলছে। কে কার আগে যাবে সেই পুরোনো প্রতিযোগিতা তো আছেই। রাস্তার মধ্যে আড়াআড়ি করে বাস থামিয়ে যানজট সৃষ্টি করা হচ্ছে। সবমিলে শৃঙ্খলা ফেরার পরিবর্তে বিশৃঙ্খলা আরও বেড়েছে।
গত ১ নভেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে এক অনুষ্ঠানে ছয় রুটে ৮১৬টি বাস চালুর ঘোষণা দেয় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। যার মধ্যে ৭৯৬টি নন-এসি এবং ২০টি এসি বাস ছিল। পাশাপাশি একটি চক্রাকার রুটেও ৩০টি এসি বাস নামানো হয়। ঘোষণা অনুযায়ী ডিজিটাল ডিসপ্লেতে রুট নম্বর, ইলেকট্রনিক টিকিটিং, জিপিএস ট্র্যাকিং ও নির্দিষ্ট স্টপেজে যাত্রী ওঠানো-নামানোর কথা ছিল। কিন্তু বাস্তবে এসব নির্দেশনার লেশমাত্রও নেই। সংখ্যা বাড়াতে প্রতিটি বাসে অতিরিক্ত সিট সংযোজন করা হয়েছে, ফলে যাত্রীদের দাঁড়িয়ে যাতায়াত করা আগের মতোই দুর্বিষহ। ডিটিসিএর নির্দেশনা ছিল- নির্ধারিত স্টপেজ ছাড়া কোথাও বাস থামানো যাবে না, অতিরিক্ত সময় অপেক্ষা করা যাবে না এবং ওভারটেকিং নিষিদ্ধ। অথচ চালক ও সহযোগীরা এসব নিয়মের তোয়াক্কা করছেন না। আগের মতো যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো চলছে। এমনকি একই কোম্পানির বাস হওয়ায় চালকদের মধ্যকার প্রতিযোগিতা উল্টো আরও বেড়ে গেছে।
এ বিষয়ে ডিটিসিএর নির্বাহী পরিচালক সৈয়দ মঈনুল হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। যাত্রীর উপকার না হলে সার্ভিস চালু করে কী লাভ। বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে। নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বাসগুলো আগের মতোই যত্রতত্র থামছে। নেই কোনো টিকিট কাউন্টার; চালকের সহকারীরা আগের মতো গলা ফাটিয়ে যাত্রী ডাকছেন। গুলিস্তান এলাকায় ‘থ্রি স্টার’, ভিক্টর, গাজীপুর পরিবহনের বাসগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা চলে। প্রতিদিন গুলিস্তান ফ্লাইওভারে ওঠার আগে যাত্রী তুলতে এই কোম্পানির বাসগুলো রেষারেষিতে জড়িয়ে পড়ে। একই অবস্থা রামপুরা কুড়িল রোডে চলাচলকারী রাইদা, অনাবিল, ভিক্টর ক্লাসিক, অনাবিল সুপার, গ্রিন অনাবিল পরিবহন, প্রজাপতি পরিবহন, আকাশ পরিবহন, থ্রি স্টার পরিবহন, আলিফ পরিবহন, অর্ণব পরিবহন, আশীর্বাদ পরিবহন, প্রভাতী বনশ্রী পরিবহন, নূর ই মক্কা পরিবহনে। আগের মতো রাস্তার নির্দিষ্ট স্থানে বাস থামিয়ে ‘ওয়েবিল’ সই করিয়ে নেন চালকরা। অতিরিক্ত যাত্রীর জন্য ওয়েবিল স্বাক্ষরকারীকে ২০ টাকা ঘুষ দিতে হয় চালকের সহকারীকে।
নতুন চালু হওয়া ছয় রুটের ছয় কোম্পানির প্রতিটি বাসেই অতিরিক্ত আসন যুক্ত করা হয়েছে। ফলে বাসের ভিতরে যাত্রীদের দাঁড়িয়ে যাতায়াত করতে ভীষণ সমস্যা হচ্ছে। সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী, চালকের আসনসহ একটি বড় বাসে ৫২টি এবং মিনিবাসে ৩১টি আসন থাকার কথা। গুলিস্তানে ঘাটারচর-কাঁচপুর রুটে চলাচলকারী ‘থ্রি স্টার পরিবহনের’ চালক আনোয়ার হোসেন জানান, বাসটিতে ৪৬টি আসন রয়েছে এবং দাঁড়িয়েও যাত্রী নেওয়া হয়, ফলে কিছুটা গাদাগাদি হয়। আইনের নিয়মের বিষয়ে তাঁদের কিছু জানা নেই, মালিক যেভাবে গাড়ি তৈরি করে দেন, তাঁরা সেভাবেই চালান। অতিরিক্ত সিট তাঁরা নিজেরা বসাননি।