পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন এবং ন্যূনতম মজুরি ঘোষণার উদ্যোগ নেওয়ার পরও নিরসন হচ্ছে না অস্থিতিশীলতা। উদ্ভূত পরিস্থিতিতে আজ থেকে আশুলিয়া, সাভার ও গাজীপুর শিল্পাঞ্চলের যেসব পোশাক কারখানা উৎপাদন চালাতে পারবে না, সেগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। পোশাক খাতে শ্রম-অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া এবং কারখানার নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সরকারের তরফে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানানো হয়েছে। এমতাবস্থায় আগামীকাল মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, এ সভাতে ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। ভারপ্রাপ্ত শ্রম সচিব আব্দুর রহিম খান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা পোশাক কারখানা বন্ধ না রাখার অনুরোধ করেছি মালিকদের। সরকার শ্রমিকদের জন্য মজুরি নির্ধারনে বোর্ড গঠন করেছে। সেখানে মালিক-শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে মজুরি নির্ধারণ করা হবে। মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকদের আন্দোলন কাম্য নয়, যোগ করেন তিনি।
রাজধানীর উত্তরায় গতকাল বিজিএমইএর প্রধান কার্যালয়ে পোশাকশিল্পের মালিকদের জরুরি যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে কারখানা বন্ধের সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। সভায় প্রায় ২০০ কারখানার মালিক অংশ নেন।
মালিকদের দাবি, নিরাপত্তাহীন পরিবেশে কারখানা সচল রাখা সম্ভব নয়। অন্যদিকে শ্রমিকদের অভিযোগ ও ন্যায্য মজুরির দাবি বিবেচনায় নেওয়ার তাগিদ দিয়েছেন শ্রমিকনেতারা।
বিশ্লেষকরা বলছেন, শ্রমিক ও মালিক-কোনো পক্ষই বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট নয়। শ্রমিকদের দাবি পূরণ ও সংলাপের মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি। সব মিলিয়ে দেশের প্রধান রপ্তানি খাতটি এখন উৎপাদন, কর্মসংস্থান ও আন্তর্জাতিক বাজারে ভাবমূর্তি রক্ষার চ্যালেঞ্জে পড়েছে।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান সংবাদ সম্মেলনে বলেন, সামগ্রিক নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় অনেক কারখানা সচল রাখা সম্ভব হচ্ছে না। শ্রম-অসন্তোষের কারণে যেসব কারখানা উৎপাদন চালাতে ব্যর্থ হবে, সেগুলো শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বাধ্য হবেন মালিকরা।
তিনি জানান, গতকাল পর্যন্ত বিজিএমইএর সদস্যভুক্ত ১৪৭টি কারখানায় পূর্ণাঙ্গ উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে ৫৫টি কারখানা ইতোমধ্যে ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্য কারখানাগুলোতেও শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। এসব কারখানায় প্রায় ৩ লাখ শ্রমিক কর্মরত। তবে আগামীকাল (রবিবার) কতটি কারখানা বন্ধ থাকবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ প্রতিদিন একই কারখানায় অসন্তোষ দেখা যাচ্ছে না।
প্রসঙ্গত, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, শ্রম-অসন্তোষের কারণে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হলে মালিকপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করতে পারে। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা মজুরি পান না। অর্থাৎ কার্যকর হয় ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি। ফলে উৎপাদন বন্ধের সিদ্ধান্তে শ্রমিকদের কর্মসংস্থানের পাশাপাশি তাঁদের দৈনন্দিন আয়ের ওপরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজিএমইএ সভাপতি বলেন, আশুলিয়া, সাভার ও গাজীপুরের কিছু কারখানায় সাত থেকে ১২ দিন ধরে উৎপাদন ব্যাহত হচ্ছে। অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিতে আগ্রহী হলেও কিছু শ্রমিক বাইরের মহলের উসকানিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে মালিকদের অভিযোগ। এতে অন্য শ্রমিকরাও কাজে যোগ দিতে বাধার মুখে পড়ছেন। এক কারখানার শ্রমিকদের অন্য কারখানায় গিয়ে কাজে বাধা দেওয়ার ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে নিম্নতম মজুরি বোর্ডের কার্যক্রমও ব্যাহত হচ্ছে। সংকট মোকাবিলায় শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা যথেষ্ট কার্যকর হয়নি বলেও মন্তব্য করেন তিনি। কারখানার নিরাপত্তা নিশ্চিত না হলে মজুরি বোর্ডের আলোচনা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শ্রমিকদের নামে কারা আন্দোলনে নামছে এবং কেন নামছে, তা খুঁজে বের করা জরুরি। শ্রমিকদের প্রকৃত দাবি ও আন্দোলনের পেছনের কারণ আলাদাভাবে চিহ্নিত করতে হবে।
সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, পোশাক খাতের বর্তমান পরিস্থিতিতে শ্রমিক ও মালিক-কোনো পক্ষই পুরোপুরি সন্তুষ্ট নয়। শ্রমিকরা মজুরি ও কর্মপরিবেশ নিয়ে অসন্তুষ্ট। অন্যদিকে মালিকরা জ্বালানি সংকট, বন্দর ব্যবস্থাপনা ও উৎপাদনশীলতা বাড়ানোর চ্যালেঞ্জ মোকাবিলা করছেন।
তিনি বলেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং শিক্ষা ও চিকিৎসার খরচ বিবেচনায় নিয়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা উচিত। শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয় জানতে সরকারকে বৃহৎ জনগোষ্ঠীর কাছ থেকে তথ্য সংগ্রহের পরামর্শ দেন তিনি। তাঁর মতে, আন্দোলন শুরুর আগেই মজুরি বোর্ড গঠন করা হলে সাম্প্রতিক অস্থিরতা এড়ানো সম্ভব হতো। ২০২৩ সালে আগের মজুরি বোর্ড গঠনের পর ২০২৬ সালে নতুন বোর্ড গঠনের কথা থাকলেও আন্দোলন শুরুর আগে সরকার এ উদ্যোগ নেয়নি। মজুরি নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি মালিকদের আর্থিক সক্ষমতাও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের পাশাপাশি সংলাপের মাধ্যমে কারখানায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি। পোশাক খাতের অস্থিরতা শুধু শ্রমিক ও মালিকের সমস্যা নয়; এটি দেশের রপ্তানি, বিনিয়োগ ও অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্যও ঝুঁকি তৈরি করছে। কারখানায় অস্থিরতা উৎপাদন, শ্রমিক কিংবা রপ্তানি-কোনোটির জন্যই ভালো নয়। এটি সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শ্রমিকদের অন্যান্য যৌক্তিক দাবিও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে বলে মনে করেন তিনি।
শ্রমিকনেত্রী তাসলিমা আখতার বলেন, মজুরি বোর্ডকে কাজ করার জন্য শ্রমিকদের সময় দেওয়া উচিত। তবে বোর্ডকেও দ্রুত কাজ শেষ করতে হবে। কারখানা বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয়। কেউ শ্রমিকদের বিভ্রান্ত করার চেষ্টা করলে সে বিষয়েও শ্রমিকদের সতর্ক থাকতে হবে।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে গত অক্টোবর থেকে ঢাকা, গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন চলছে। শ্রমিকদের দাবি, বর্তমান মজুরিতে জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পরও আন্দোলন অব্যাহত রয়েছে।
এ পরিস্থিতিতে কারখানার নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশের দাবি বিবেচনা এবং মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত শেষ করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংকট নিরসনে সরকার, মালিক ও শ্রমিক-তিন পক্ষের কার্যকর সংলাপই এখন বড় চ্যালেঞ্জ।
সরবরাহে উদ্বেগ, কমছে ক্রয়াদেশ
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, অস্থিরতা অব্যাহত থাকলে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলো বাংলাদেশের বাজার দখলের সুযোগ পাবে। কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধিরা সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানতে চেয়েছেন। বড় একটি ইউরোপীয় ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিস্থিতি মূল্যায়ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন।
কয়েকজন ক্রেতা প্রাথমিক প্রতিশ্রুতির তুলনায় ১০ থেকে ১৫ শতাংশ ক্রয়াদেশ কমিয়ে দিচ্ছেন বলে জানা গেছে। অন্যরা নিশ্চিত হতে চাইছেন- উৎপাদন ও সরবরাহে বিঘ্ন আর কত দিন চলতে পারে, সে বিষয়ে। বাংলাদেশের শীর্ষ পাঁচটি পোশাক ক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি এক রপ্তানিকারকের কাছে জানতে চান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কি না এবং এ পরিস্থিতি মোকাবিলায় সরকার কী পদক্ষেপ নিচ্ছে।
গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ; টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ৪৮ কারখানা বন্ধ
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর ও সাভারের আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল ও আশুলিয়ার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়। প্রায় দেড় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে আশুলিয়ার জিরাবো-বিশমাইল সড়কেও বিক্ষোভ ও অবরোধ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়ার অন্তত ৪২টি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আরও আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষের কারণে এসব কারখানা বন্ধ রাখা হয়েছে। তবে শিল্পাঞ্চলে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকদের আন্দোলন স্থগিত করে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।