Image description

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম, অপহরণ, ক্রসফায়ার ও জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে দেশের প্রতিটি জেলায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও চিফ প্রসিকিউটর কার্যালয়। গণশুনানির মাধ্যমে এসব অপরাধ চিহ্নিত করে বিচারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

গতকাল ​বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শাপলা চত্বর হত্যা মামলার শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। 

জেলা পর্যায়ে তদন্তের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন এজেন্সি যৌথভাবে প্রতিটি জেলায় সরেজমিন পরিদর্শন করবে। সেখানে গণশুনানি নিয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলো চিহ্নিত করা হবে।’ 

প্রয়োজনে অভিযুক্তদের তাত্ক্ষণিক আইনের আওতায় আনার কথা জানিয়ে তিনি আরো বলেন, গণশুনানিতে কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে অপরাধীদের ঘটনাস্থল থেকেই গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে।

 

চিহ্নিত অভিযোগ ও ঘটনাগুলোর তদন্ত শেষে ট্রাইব্যুনালে এনে বিচার শুরুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।