Image description

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ সহজ করতে মেরিনার্স সড়কের রাজাখালী খালের ওপর নির্মাণ করা হয়েছিল ৭০ মিটার দীর্ঘ একটি সেতু। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটির নির্মাণকাজ শেষ হয়েছে পাঁচ বছর আগে। কিন্তু দুই পাশে সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) না থাকায় এটি এখনো যান চলাচলের জন্য উন্মুক্ত করা যায়নি। অপরিকল্পিত এই প্রকল্পের কারণে সেতুটি এখন বাসের অবৈধ পার্কিংয়ের জায়গায় পরিণত হয়েছে। আর ঝুঁকি নিয়ে পাশের একটি পুরনো ও জরাজীর্ণ সেতু দিয়ে প্রতিদিন পার হচ্ছে হাজারো যানবাহন।

জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ‘সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’-এর আওতায় ৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নির্মাণকাজ শেষে ২০২২ সালের জানুয়ারিতে এটি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাছে হস্তান্তর করা হয়। এর আগে ১২ কোটি টাকা ব্যয়ে ১ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ চার লেনের মেরিনার্স রোড নির্মাণ করেছিল চসিক।

উদ্দেশ্য ছিল চাক্তাই, খাতুনগঞ্জ ও আসাদগঞ্জ বাণিজ্যিক এলাকার পণ্যবাহী গাড়ি এবং দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের যানবাহন মূল শহরের যানজট এড়িয়ে এই সড়ক দিয়ে চলাচল করবে। কিন্তু সংযোগ সড়ক ছাড়া সেতুটি নির্মাণ করে ফেলে রাখায় এটি কোনো কাজে আসেনি।

গত রবিবার সরেজমিনে দেখা যায়, নতুন সেতুটির দুই প্রান্তে কোনো পিচঢালা সংযোগ সড়ক নেই। অস্থায়ীভাবে মাটি ও বালুর ঢাল তৈরি করে বাসগুলো সেতুর ওপর ওঠানো হয়েছে। সেতু জুড়ে সারি সারি বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে। ‘শাহ গদি’, ‘এনআরবি পরিবহন’, ‘মমিন’সহ বিভিন্ন নামের ১৫ থেকে ২০টি যাত্রীবাহী বাস সেতুটিকে রীতিমতো টার্মিনালে পরিণত করেছে। বাসের ফাঁকে ফাঁকে সেতুর ঢালাই করা মেঝের ওপর কয়েকজন মৎস্য শ্রমিককে বিশাল আকৃতির কালো জাল বিছিয়ে মেরামত করতে দেখা যায়। সেতুর একপাশের রেলিং ঘেঁষে এবং সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে আছে পলিথিনসহ স্তূপ করা নানা ধরনের আবর্জনা।

নতুন সেতুর এক প্রান্তে মাটি ও বালুর বিশাল স্তূপ এবং এর পাশেই একটি খননযন্ত্র (এক্সকাভেটর) পড়ে থাকতে দেখা যায়। সেতুর একপাশে অস্থায়ীভাবে কয়েকটি ভাসমান দোকানও বসানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক ভাসমান দোকানি বলেছেন, ‘সেতুটিতে ওঠার কোনো জায়গা নেই। এটি ব্যবহার হয় না। এখানে মুখে দোকান বসিয়ে কোনোভাবে সংসার চালাচ্ছি।’

সেতুর ওপর পার্ক করে রাখা বাসের কর্মচারী রুহুল আমিন জানিয়েছেন, যান চলাচলের জন্য সেতুটি বন্ধ থাকায় তারা এটিকে গাড়ি রাখার জায়গা হিসেবে ব্যবহার করছেন। মূলত বাস মালিক ও শ্রমিক নেতারাই জায়গাটি অলিখিত পার্কিং জোন হিসেবে নির্ধারণ করে দিয়েছেন।

এদিকে নতুন সেতুটি অব্যবহৃত থাকায় ঠিক এর পাশেই থাকা পুরনো সরু সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী মিনি ট্রাক ও অন্যান্য যানবাহন। দুই লেনের ওই পুরনো সেতুটিতে ভারী গাড়ি উঠলেই যানজটের সৃষ্টি হচ্ছে।

এই রুটে নিয়মিত চলাচলকারী অটোরিকশাচালক মো. রুবেল বলেছেন, ‘নতুন সেতুটিতে ওঠানামার জায়গা না থাকায় ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে পুরনো সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। চাক্তাই-খাতুনগঞ্জের মালবাহী গাড়ির চাপ বাড়লে এই সরু সেতুটিতে প্রায়ই দীর্ঘ যানজট লেগে থাকে। তখন যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।’

সেতু নির্মাণের আগে কেন সংযোগ সড়কের জায়গা অধিগ্রহণ করা হলো না এবং এত বছর ধরে কেন ফেলে রাখা হলো— এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি। তিনি বলেছেন, ‘সেতুটি নির্মাণের সময় আমি দায়িত্বে ছিলাম না। তবে খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি, জায়গা অধিগ্রহণের জটিলতার কারণে তখন সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি। এখন সেতুটি ব্যবহার উপযোগী করতে নতুন একটি প্রকল্পের আওতায় সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলেই এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।’