Image description

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিদ্যমান বহরের রক্ষণাবেক্ষণ ও পরিচালন সক্ষমতা নিয়ে প্রশ্নের মধ্যেই আরো ৩৫টি উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। দক্ষ প্রকৌশলীর সংকট, ব্যবস্থাপনাগত দুর্বলতা ও রাজনৈতিক প্রভাবের অভিযোগের প্রেক্ষাপটে নতুন এই উড়োজাহাজগুলোর নিরাপদ পরিচালনা নিশ্চিত করার সক্ষমতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বর্তমানে ১৯টি উড়োজাহাজ পরিচালনাতেই যেখানে নানা সীমাবদ্ধতা রয়েছে, সেখানে বহর সম্প্রসারণের পরিকল্পনা কতটা বাস্তবসম্মত— সেই প্রশ্নই সামনে আসছে।

সম্প্রতি জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে নারিতা বিমানবন্দরে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্ব হয়। প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটির পর বিমানের প্রকৌশল ও রক্ষণাবেক্ষণ বিভাগের কার্যক্রম পর্যালোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, উড়োজাহাজটির গত তিন থেকে ছয় মাসের রক্ষণাবেক্ষণ, ত্রুটি শনাক্তকরণ ও প্রয়োজনীয় ক্যালিব্রেশন যথাযথভাবে হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একটি ফ্লাইটে স্পয়লার, ফ্ল্যাপ কমান্ড, বাম পাশের পিটোট হিট ও র‌্যাম ফ্যান-সংক্রান্ত একাধিক ত্রুটি কীভাবে একসঙ্গে দেখা দিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিমানসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সংস্থাটি জন্মলগ্ন থেকেই রাজনৈতিক প্রভাব ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।

উড়োজাহাজ কেনা, রুট নির্ধারণ, নিয়োগ ও বরখাস্তের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পেশাদারিত্বের চেয়ে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পেয়েছে। ব্যতিক্রম ছিল কেবল ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময়। দীর্ঘ বিশ্লেষণ ও যথাযথ সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) শেষে তারা বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছিল। সেগুলো দিয়ে বিমান এখনও পরিচালিত হচ্ছে।

পরবর্তী সময়ে আওয়ামী সরকার ক্ষমতায় এসে চুক্তির কমিশন বা সুবিধা লাভের উদ্দেশ্যে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা আরো বাড়িয়ে দেয়। বিমানের প্রতিটি বিভাগকে রাজনীতিকীকরণ করে ফেলায় যারাই ক্ষমতায় থাকত, নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্যই উড়োজাহাজ কিনত এবং নতুন নতুন রুট ঘোষণা করত। নিয়োগ প্রক্রিয়াও রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত হতো। বিমানের লাভ-ক্ষতি নিয়ে কারো মাথাব্যথা ছিল না; সবার উদ্দেশ্য ছিল নিজের আখের গোছানো। বর্তমানে সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটছে।

 

প্রকৌশলী সংকট ও রক্ষণাবেক্ষণে ঘাটতি

বিমানসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সংস্থাটির উড়োজাহাজে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বর্তমানে সংস্থাটিতে প্রায় ২৫০ জন প্রকৌশলী কর্মরত। প্রয়োজনের তুলনায় প্রায় ১০০ জন প্রকৌশলীর ঘাটতি রয়েছে। ভালো বেতনের সুযোগে দক্ষ প্রকৌশলীদের অনেকে বিদেশি এয়ারলাইনসে চলে যাচ্ছেন। ফলে রক্ষণাবেক্ষণ কার্যক্রমে চাপ বাড়ছে।

সূত্রের দাবি, বিমানে কর্মরতদের একটি অংশ আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে সক্রিয়। কেউ কেউ কাজের চেয়ে শ্রমিক ইউনিয়নের কার্যক্রমে বেশি সময় দেন। আবার অনেকে যথাযথ দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা পাচ্ছেন। ফলে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কাজের জবাবদিহিতা নিয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

বিমানের প্রকৌশল ও রক্ষণাবেক্ষণ বিভাগ উড়োজাহাজের কারিগরি সক্ষমতা এবং উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করে। প্রতিটি ফ্লাইটের আগে ও পরে উড়োজাহাজ পরীক্ষা করেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও কারিগরি কর্মীরা। তাদের অনুমোদন ছাড়া উড়োজাহাজ পরিচালনার সুযোগ নেই। ভিভিআইপি ফ্লাইটে সাধারণত অভিজ্ঞ প্রকৌশলীদের দায়িত্ব দেওয়া হয়।

তবে প্রধানমন্ত্রীর জাপান সফরে ভিভিআইপি ফ্লাইটের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী পাঁচজন প্রকৌশলী যাওয়ার কথা থাকলেও দায়িত্ব পালন করেন দুজন। এ নিয়ে প্রশ্ন উঠেছে।

 

বিমানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকের ব্যাখ্যা

বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ আমার দেশকে বলেন, প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়। ভিভিআইপি ফ্লাইটের আগে বিশেষ পরিদর্শন করা হয় এবং প্রয়োজনীয় যন্ত্রাংশসহ একটি ফ্লাইট প্যাক রাখা হয়। সম্ভাব্য ত্রুটি মোকাবিলায় দক্ষ প্রকৌশলীদেরও দায়িত্ব দেওয়া হয়।

পাঁচজনের পরিবর্তে দুজন প্রকৌশলী দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, এসওপি তৈরির সময় বি১ ও বি২ লাইসেন্সিং ব্যবস্থা ছিল না। বর্তমানে এসব লাইসেন্সের মাধ্যমে বিভিন্ন কারিগরি ট্রেডের কাজ কাভার করা সম্ভব। জাপান সফরে দায়িত্ব পালনকারী দুজনের একজনের পূর্ণ বি২ এবং অন্যজনের পূর্ণ বি১ লাইসেন্স ছিল। ফলে কারিগরি দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় ঘটেনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ন্যূনতম প্রয়োজনীয়সংখ্যক প্রকৌশলী পাঠানোর বিষয়টিও বিবেচনা করা হয়েছে।

তিনি আরো বলেন, এসএসএফ কার্যালয়ের সমন্বয় সভায় অংশ নিতে ভিভিআইপি নিরাপত্তা ছাড়পত্র বাধ্যতামূলক নয়। তবে ভিভিআইপি উড়োজাহাজের পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের কাজে নিরাপত্তা ছাড়পত্র ছাড়া কাউকে নিয়োগ দেওয়া হয় না।

নাম প্রকাশ না করার শর্তে বিমানের এক কর্মকর্তা আমার দেশকে বলেন, এ ঘটনায় প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। অনেককে নজরদারির আওতায় আনা হচ্ছে।

রাজনৈতিক প্রভাব ও পেশাদারিত্বের সংকট

অ্যাভিয়েশন বিশেষজ্ঞ ও বিমান পরিচালনা কমিটির সাবেক সদস্য কাজী ওয়াহিদুল আমার দেশকে বলেন, বিমানে পেশাদারিত্বের অভাব রয়েছে। প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ ধরনের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে পুরো রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করা উচিত।

তিনি বলেন, সব সরকারই বিমানে নিজেদের পছন্দের লোককে গুরুত্বপূর্ণ পদে বসায়। বড় পদগুলোতে অ্যাভিয়েশন খাতের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ না দিলে প্রতিষ্ঠানের উন্নতি সম্ভব নয়। আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় আর্থিক ভারসাম্যও নেই। রাজনৈতিক প্রভাবমুক্ত পেশাদার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বিমান লাভবান হতে পারে।

সূত্রের মতে, বর্তমানে বিমানের বহরে থাকা উড়োজাহাজগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ করা হলে সেগুলো ২০ থেকে ২৫ বছর পর্যন্ত অনায়াসে চালানো সম্ভব। বিদেশি এয়ারলাইনসগুলোও দীর্ঘ সময় এভাবে উড়োজাহাজ পরিচালনা করে। নতুন উড়োজাহাজ কেনার চুক্তি ইতিবাচক উদ্যোগ হলেও এর আগে পরামর্শক নিয়োগ করে প্রয়োজনীয়তা যাচাই, বহর ও রুট পরিকল্পনা করা উচিত ছিল। পাশাপাশি ককপিট ক্রু, কেবিন ক্রু ও প্রকৌশলীদের প্রয়োজনীয় নিয়োগ আগেই সম্পন্ন করে প্রস্তুতি নেওয়া জরুরি।

 

বেতন বাড়ছে, বাড়ছে আর্থিক চাপ

বিমান সূত্রের দাবি, প্রত্যেক সরকারই বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার ঘোষণা দেয়। কিন্তু দীর্ঘদিনেও সংস্থাটির সমস্যার সমাধান হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সংস্থাটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপব্যবস্থাপনা পরিচালক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে বহর সম্প্রসারণের জন্য বড় অঙ্কের উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে।

সংস্থাটির প্রায় ৩৫০০ কর্মকর্তা-কর্মচারীর বেতন গড়ে ১৮৭ শতাংশ বাড়ানো হয়েছে। এতে প্রতি মাসে বেতন বাবদ ব্যয় হচ্ছে প্রায় ৪২ কোটি টাকা। অন্যদিকে চেয়ারম্যান ও প্রধান নির্বাহীসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বেতনও দ্বিগুণ হয়েছে। তাদের বেতন অন্য যেকোনো সংস্থার তুলনায় বেশি বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্রের দাবি, প্রতিষ্ঠানের রিজার্ভ কমার পাশাপাশি বেতন-ভাতা ও পরিচালন ব্যয় বাড়ছে। এ অবস্থায় দক্ষতা ও আয় না বাড়িয়ে বহর সম্প্রসারণ করা হলে আর্থিক চাপ আরো বাড়তে পারে।

৩৫ উড়োজাহাজ কেনার পরিকল্পনা

বর্তমানে বিমানের বহরে রয়েছে ১৯টি উড়োজাহাজ। এর বিপরীতে নতুন করে ২৫টি বোয়িং ও ১০টি এয়ারবাস কেনার চুক্তি করেছে সরকার। গত এপ্রিলে বোয়িংয়ের সঙ্গে ১৪টি এবং ২৩ সেপ্টেম্বর আরো ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়। এ ছাড়া এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। শুধু ২৫টি বোয়িং কিনতেই ব্যয় হবে প্রায় ৬৪০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮ হাজার ৭০০ কোটি টাকা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, যাত্রীচাহিদা, উড়োজাহাজের সক্ষমতা, দূরপাল্লার রুট ও ফ্লাইটের সংখ্যা বিবেচনায় নিয়ে বহর সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। ভবিষ্যতে দেশের বিমানবহর দুই শতাধিক উড়োজাহাজে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

তবে সংশ্লিষ্টদের মতে, বর্তমানে ১৯টি উড়োজাহাজ পরিচালনা ও রক্ষণাবেক্ষণেই জনবল, অবকাঠামো, দক্ষ ব্যবস্থাপনা এবং নিয়মিত কারিগরি পরিচর্যার সীমাবদ্ধতা রয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি উড়োজাহাজে উড্ডয়নের পর ইঞ্জিনের সমস্যা এবং জরুরি অবতরণের ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। ফলে নতুন উড়োজাহাজ কেনার আগে দক্ষ প্রকৌশলী, পাইলট, কেবিন ক্রু ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা জরুরি। বহর সম্প্রসারণের পাশাপাশি রুট পরিকল্পনা, রক্ষণাবেক্ষণ সক্ষমতা ও আর্থিক সম্ভাব্যতাও বিবেচনায় নিতে হবে।

আগেও ঘটেছে যান্ত্রিক ত্রুটি

বিমান এয়ারলাইনসের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির ঘটনা নতুন নয়। ২০১৬ সালের ২৭ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ হাঙ্গেরি যাওয়ার পথে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। ইঞ্জিনের তেলের চাপসংক্রান্ত সমস্যার কারণে এ ঘটনা ঘটে। তদন্তে ইঞ্জিনের লুব্রিকেশন ব্যবস্থায় একটি নাট ঢিলা থাকার বিষয়টি উঠে আসে। ২০২৩ সালের এপ্রিলে শেখ হাসিনাকে টোকিওতে নামিয়ে দিয়ে ঢাকায় ফেরার পথেও বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে ত্রুটি দেখা দেয়। তবে ওই সময় প্রধানমন্ত্রী উড়োজাহাজে ছিলেন না।

সাম্প্রতিক ঘটনাসহ এসব সমস্যার পর বিমানের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা ও প্রকৌশল বিভাগের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানা গেছে।

সংসদীয় কমিটির ব্যাখ্যা তলব

এদিকে প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি। উড়োজাহাজ ও যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়মের দায় নির্ধারণ এবং আইটি ব্যবস্থার দুর্বলতায় রাজস্ব ক্ষতি বন্ধেরও সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সব মিলিয়ে বিমানের সামনে এখন বড় চ্যালেঞ্জ—বিদ্যমান বহরের নিরাপদ পরিচালনা নিশ্চিত করার পাশাপাশি নতুন উড়োজাহাজ পরিচালনার সক্ষমতা তৈরি করা। শুধু উড়োজাহাজ কেনা নয়, দক্ষ জনবল, পেশাদার ব্যবস্থাপনা, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে বহর সম্প্রসারণই সংস্থাটির জন্য নতুন চাপ তৈরি করতে পারে। প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনা এসব ঘাটতি পর্যালোচনার প্রয়োজনীয়তাকে আরো সামনে নিয়ে এসেছে।