Image description

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ কেডিসিপাড়া বস্তি এখন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও প্রশাসনের জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। প্রায় চার দশক ধরে গড়ে ওঠা শান্তিপাড়া নামেও পরিচিত এই বস্তি বর্তমানে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে সেখানে অভিযান চালাতে গিয়ে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও লাঞ্ছনার শিকার হয়েছেন। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। মাদক কারবার, ছিনতাই ও অসামাজিক কার্যকলাপসহ নানা অপরাধের কেন্দ্র হয়ে ওঠা বস্তিটি দ্রুত উচ্ছেদের দাবি এখন পুরো রহনপুরজুড়ে জোরালো হচ্ছে। এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনও শুরু করেছে নানা তৎপরতা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪০ বছর আগে রহনপুর রেলস্টেশনসংলগ্ন রেলওয়ের শত শত বিঘা জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা হয় কেডিসিপাড়া বস্তি। সময়ের সঙ্গে সঙ্গে এটি এলাকার অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, দিন-রাত ২৪ ঘণ্টাই সেখানে অবাধে চলে মাদক কেনাবেচা ও সেবন।

বস্তির বাসিন্দা আয়না নামের এক ব্যক্তির বাড়িসহ বিভিন্ন স্থানে এসব অবৈধ কর্মকাণ্ড চলে বলে স্থানীয়দের দাবি। মাদকের পাশাপাশি অসামাজিক কার্যকলাপ, ছিনতাই এবং সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগও দীর্ঘদিনের।

 

বিশেষ করে চলতি আম মৌসুমে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা আম ব্যবসায়ী ও ট্রাকচালকদের ওই এলাকায় আটকে ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চললেও কার্যকর পদক্ষেপ না থাকায় অপরাধীদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

রহনপুর রেলস্টেশনসংলগ্ন কেডিসিপাড়া বস্তির অপরাধপ্রবণতা ও নিয়মিত হয়রানির ঘটনায় এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এরই মধ্যে গত ১৯ আগস্ট দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা ওই বস্তিতে মাদকবিরোধী অভিযান চালাতে যান। সেদিন স্থানীয় সচেতন নাগরিকদের দাবি ছিল, মাদকসেবীদের আটক না করে মাদক কারবারিদের আটক করতে হবে। এ বিষয় নিয়ে স্থানীয়দের সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত বাসিন্দারা ডিএনসির সদস্যদের ঘেরাও করে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

কেডিসিপাড়া বস্তি। ছবি: এশিয়া পোস্ট
কেডিসিপাড়া বস্তি। ছবি: এশিয়া পোস্ট

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে উত্তেজিত স্থানীয়রা বিক্ষোভ মিছিল নিয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। সেখানে ইউএনওর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে অবরুদ্ধ ডিএনসি সদস্যরা মুক্তি পান। এরপর কয়েক দিন ডিএনসির কর্মকর্তারা অভিযান চালিয়ে কয়েকজন মাদক কারবারিকে আটক করেন।

 

মাদকবিরোধী অভিযানে গিয়ে অবরুদ্ধ হওয়ার ঘটনা স্বীকার করে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিএনসির সদস্যরা সেখানে গিয়েছিলেন। স্থানীয়দের সঙ্গে ভুল-বোঝাবুঝির কারণে সাময়িকভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিষয়টির সমাধান করা হয়। ওই এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান এখনো অব্যাহত রয়েছে।

 

এদিকে কেডিসিপাড়া বস্তি উচ্ছেদ এবং মাদক ও অসামাজিক কার্যকলাপ চিরতরে বন্ধের দাবিতে গত ১৩ অক্টোবর বিকেলে রহনপুর রেলস্টেশনসংলগ্ন আমবাজার চত্বরে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। রহনপুর আম আড়তদার সমিতির সভাপতি শামীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। বস্তি উচ্ছেদের দাবিতে স্থানীয় জামায়াত ও বিএনপির নেতারা প্রথমবারের মতো একই মঞ্চে উপস্থিত হন। সভায় বক্তারা বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ বস্তিটি অবিলম্বে উচ্ছেদ করতে হবে।

 

এ সময় রহনপুর আম আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের লোকজনের ওপর হামলা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলার ঘটনায় ৬২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৬০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত মাত্র ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে।

 

তিনি অভিযোগ করেন, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদিচ্ছার অভাবেই মাদক কারবারিরা পার পেয়ে যাচ্ছে। টাকার কাছে সবাই জিম্মি হয়ে পড়ায় বস্তিটি উচ্ছেদ করা যাচ্ছে না।

কেডিসিপাড়া বস্তির কারণে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিই ঘটছে না, থমকে আছে এলাকার বড় ধরনের অর্থনৈতিক উন্নয়নও। রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল বলেন, রহনপুর রেলবন্দরের অবকাঠামোগত উন্নয়নের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। রহনপুর রেলস্টেশনের চারপাশে রেলওয়ের শত শত বিঘা জমি অবৈধভাবে দখল হয়ে থাকায় বন্দরের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হচ্ছে না। জমিগুলো উদ্ধার করা গেলে এলাকার অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে।

 

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, কেডিসিপাড়া বস্তির অপরাধপ্রবণতা কমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। সম্প্রতি ইউএনওর গাড়িতে হামলা ও ব্যবসায়ীদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে বস্তি উচ্ছেদের বিষয়টি সম্পূর্ণ রেলওয়ে কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত বলে জানান তিনি।

 

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান এশিয়া পোস্টকে বলেন, রহনপুরে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ কেডিসিপাড়া বস্তিটি স্থানীয়দের কাছে মাদক কারবার, ছিনতাই ও অসামাজিক কার্যকলাপসহ নানা অপকর্মের কেন্দ্র হিসেবে পরিচিত। বস্তিটি উচ্ছেদের বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অভিযান চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসন কাজ করছে।