চাষের খরচ দিন দিন বাড়লেও সরকার ঘোষিত ধান-চালের সংগ্রহমূল্য নিয়ে হতাশ নওগাঁর আমন চাষি ও চালকল মালিকরা। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় সেচ খরচ, বাজারে তীব্র সার সংকট এবং চড়া দামে কৃষি উপকরণ কিনতে গিয়ে এবার বিঘাপ্রতি চাষিদের ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
নওগাঁর রাণীনগর উপজেলার কৃষক ওহিদুল ইসলাম জানান, গত বছরের তুলনায় এবার বিঘাপ্রতি খরচ ৭০০ থেকে এক হাজার টাকা বেড়েছে। তিনি এবার বিঘা প্রতি ১৮ মণ ফলন পেলেও মণপ্রতি বাড়তি খরচ হচ্ছে ৫৫ টাকারও বেশি। অথচ সরকার কেজিপ্রতি দাম বাড়িয়েছে মাত্র এক টাকা, ফলে হিসাব অনুযায়ী তিনি মণপ্রতি ১৫ টাকা কম পাচ্ছেন।
একই জেলার মহাদেবপুর উপজেলার চকরাজা গ্রামের কৃষক লোকমান আলী জানান, গত মৌসুমে বিঘাপ্রতি উৎপাদন খরচ ছিল ১৭ হাজার ৫০০ টাকা। চলতি মৌসুমে সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরিসহ তা ১৮ হাজার টাকা ছাড়িয়ে যাচ্ছে।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজুর রহমান কৃষকদের এই উদ্বেগের কথা স্বীকার করে জানান, চাষের শুরুতে বৃষ্টি কম হওয়ায় সেচের কারণে বিঘাপ্রতি কৃষকের অতিরিক্ত অন্তত ৫০০ টাকা খরচ হতে পারে।
সরকারি তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে প্রতি কেজি বোরোর উৎপাদন ব্যয় ছিল ৩০ টাকা ৫ পয়সা, যা ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ৩৪ টাকা ১১ পয়সায়। অন্যদিকে, আমনে প্রতি কেজিতে উৎপাদন খরচ ২৯ দশমিক ৩৯ টাকা থেকে বেড়ে হয় ৩০ টাকা ৪৬ পয়সা। চলতি মৌসুমের চূড়ান্ত হিসাব এখনো না এলেও বীজ, কীটনাশক এবং দুই দফায় ডিজেলের দাম ৩৫ টাকা বাড়ায় মাঠপর্যায়ে সার্বিক খরচ অনেকটাই ঊর্ধ্বমুখী।
এমন পরিস্থিতিতে চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে সরকার তিন লাখ টন ধান এবং সাড়ে পাঁচ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ঘোষিত দর অনুযায়ী প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৪ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হলেও সেদ্ধ চাল ৫০ টাকা থেকে কমিয়ে ৪৯ টাকা এবং আতপ চাল ৪৯ টাকা থেকে কমিয়ে ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান সংগ্রহ কার্যক্রম আগামী ১৪ নভেম্বর থেকে এবং চাল সংগ্রহ ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এক সংবাদ সম্মেলনে জানান, কৃষকরা বিক্রি করতে চাইলে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান কেনা হবে।
তবে সরকারের এই সংগ্রহনীতি ও মূল্য নির্ধারণ নিয়ে বাজার বিশ্লেষক ও মিল মালিকদের মধ্যে গভীর সংশয় দেখা দিয়েছে। নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার টাইমসকে জানান, গত মৌসুমে চাল আমদানির ফলে দেশীয় মিলগুলোতে আগের অবিক্রিত চালের মজুত জমে আছে। চালের দর কমানোয় এবং নতুন ধানের জন্য অতিরিক্ত মূলধনের চাপ থাকায় ঘোষিত মূল্যে চাল সরবরাহ করে প্রত্যাশিত লাভ পাওয়া অসম্ভব হয়ে পড়বে।
অন্যদিকে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম খান সরকারের এই সংগ্রহমূল্যকে অপ্রতুল আখ্যা দেন। তিনি টাইমসকে বলেন, সেচ সংকট ও সারের চড়া দামের কারণে এবার উৎপাদন ব্যয় অস্বাভাবিক বেড়েছে। বোরো মৌসুমে দাম না বাড়ানোয় কৃষকরা ধানের উপযুক্ত দাম পাননি, যার সুফল তুলে নিয়েছিল মধ্যস্বত্বভোগীরা।
এই কৃষি অর্থনীতিবিদ বলেন, কৃষকের মূল সুবিধা নির্ভর করে সরকারের সরাসরি ধান কেনার ওপর, চাল কেনার ওপর নয়। কিন্তু বিদ্যমান সরকারি ক্রয়নীতিতে সাধারণ কৃষকের সরাসরি সরকারের কাছে ধান বিক্রির সুযোগ খুবই সীমিত।