Image description

বঙ্গোপসাগরে চলছে অঘোষিত রাজাদের রাজত্ব। সেখানে নেই আইনের শাসন। আছে অস্ত্রের ঝনঝনানি আর রক্তের হোলিখেলা। মহেশখালী, কুতুবদিয়া ও বাঁশখালী থেকে শুরু করে পুরো বঙ্গোপসাগর নিয়ন্ত্রণ করছে ২০ জলদস্যু বাহিনী। সক্রিয় কয়েক বাহিনী দস্যুতায় ব্যবহার করছে লাইসেন্স করা অস্ত্র। সাগরের অঘোষিত ‘রাজা’ জলদস্যুরা মাছ ও জাল লুট, মাদক কারবার এবং মানব পাচার নিয়ন্ত্রণ করে।

বঙ্গোপসাগরের নিরাপত্তায় নিয়োজিত কোস্টগার্ড বাংলাদেশের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘সাগরে নিয়মিত অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার হন জলদস্যুরা।’

নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলামের মতে, সাগরে জলদস্যুদের নিয়ন্ত্রণে আনতে নিয়মিত সাঁড়াশি অভিযান চালানো জরুরি। চিহ্নিত দস্যুদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি আলোর পথে আসা দস্যুদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।’

একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনে জেলেদের লুণ্ঠিত মাছ ও ট্রলার ক্রয় এবং মুক্তিপণ আদায়ে যোগসাজশের অভিযোগে কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। এ তালিকায় রয়েছে- কক্সবাজারের সৈয়দ নুর, আনসারুল ইসলাম টিপু, রিয়াজ উদ্দিন রাজু, নুরুন্নবী ওরফে বাদশা, লালা, রুস্তম ফরাজী, শেখ কামাল, আওরঙ্গজেব মাতবর, আজব মাতবর, জহিরুল ইসলাম ফারুক, নুরুল আবছার ওরফে বদু মেম্বার, চট্টগ্রামের বাঁশখালীর জাহাঙ্গীর ফিশিং ও জহির ফিশিং।

অনুসন্ধানে জানা যায়, সাধারণ জেলেরা যখন সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় থাকেন, ঠিক তখনই ইঞ্জিনচালিত ট্রলারে করে হানা দেয় দস্যু বাহিনী। তাদের প্রাথমিক লক্ষ্য জেলেদের ধরা দামি মাছ এবং লাখ টাকা মূল্যের জাল। কেউ বাধা দিলে বা জাল দিতে না চাইলে তাদের ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। অস্ত্রের বাঁট দিয়ে পিটিয়ে জেলেদের হাড়গোড় ভেঙে দেওয়া হয়।

প্রতিরোধের চেষ্টা করলে সরাসরি গুলিতে হত্যা করে লাশ ভাসিয়ে দেওয়া হয় সাগরের নোনাজলে। অনেক সময় ট্রলারসহ জেলেদের অপহরণ করে গোপন আস্তানায় আটকে রেখে আদায় করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ। প্রতিটি জলদস্যু বাহিনী সুসংগঠিতভাবে পরিচালিত হয়। একেকটি গ্রুপে সাধারণত ১৫ থেকে ২৫ জন সশস্ত্র সদস্য থাকেন। এদের মধ্যে থাকেন সরদার, নেভিগেটর (যিনি সাগরের রুট চেনেন), শুটার ও পাহারাদার। তারা সজ্জিত থাকেন আধুনিক ও দেশীয় আগ্নেয়াস্ত্রে। জলদস্যুদের আয়ের উৎস শুধু মাছ বা জাল লুটের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা বঙ্গোপসাগরকে ব্যবহার করছেন ইয়াবা এবং মানব পাচারের নিরাপদ রুট হিসেবে। 

মিয়ানমার থেকে আসা ইয়াবার বড় বড় চালান তাদের পাহারায় বাংলাদেশের উপকূলে প্রবেশ করে। পাশাপাশি মালয়েশিয়ায় সাগরপথে মানব পাচারেও এই দস্যুরা সিন্ডিকেটের হয়ে কাজ করেন। অসহায় রোহিঙ্গা বা গ্রামের সহজ-সরল মানুষদের উন্নত জীবনের লোভ দেখিয়ে ট্রলারে তুলে সাগরে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করাও তাদের অন্যতম পেশায় পরিণত হয়েছে। ভয়ংকর এসব জলদস্যুর পেছনে রয়েছে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা, অসাধু জনপ্রতিনিধি ও গডফাদারদের শক্তিশালী পৃষ্ঠপোষকতা। উপকূলে থাকা প্রভাবশালী মহাজন ও গডফাদাররাই তাদের ট্রলার ভাড়া করে দেয় এবং সাগরে নামার আগে লাখ লাখ টাকার ‘দাদন’ দিয়ে থাকে। 

এই দাদনের টাকায় কেনা হয় অস্ত্র, গুলি ও প্রয়োজনীয় রসদ। সাগর থেকে লুট করে আনা মাছ, জাল, ট্রলার এবং মুক্তিপণের টাকা কিংবা পাচারের কমিশন ভাগ-বাঁটোয়ারা হয় অলিখিত নিয়ম অনুযায়ী। লুটের আয়ের ৪০ থেকে ৫০ শতাংশ সরাসরি চলে যায় গডফাদার ও ট্রলার সরবরাহকারীর পকেটে। বাকি টাকা দস্যু সরদার তার বাহিনীর সদস্যদের মধ্যে দায়িত্ব, সাহসিকতা ও পদমর্যাদা অনুযায়ী ভাগ করে দেয়। সাগরে দাপিয়ে বেড়ানো বৃহৎ একটি দস্যু বাহিনীর নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ জলদস্যু আনছারুল ইসলাম ওরফে টিপু মাস্তান। সাগরে যা টিপু মাস্তান বাহিনী হিসেবে পরিচিত। 

টিপুর বাবা আবদুল মালেকের নামে রয়েছে লাইসেন্স করা অস্ত্র। এ অস্ত্র ব্যবহার করা হয় সাগরে ডাকাতির কাজে। টিপু মাস্তানের বিরুদ্ধে চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অবৈধ অস্ত্র বহনসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। এই বাহিনী গভীর সাগরে ট্রলার, জাল, মাছ ডাকাতি, জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়, চাঁদাবাজি এবং ট্রলারে ইয়াবা কারবারে জড়িত। সাগরে সক্রিয় আরেকটা জলদস্যু বাহিনীর নেতৃত্বে রয়েছেন সৈয়দ নুর ওরফে নুর ডাকাত। সাগরে ডাকাত নুর বাহিনী হিসেবে পরিচিত। এ গ্রুপের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ৩৩টি মামলা রয়েছে। ডাকাত নুর বাহিনীর ২৫ থেকে ৩০ জন সদস্য সক্রিয় রয়েছে। 

এ ছাড়া আরেকটি বৃহৎ জলদস্যু বাহিনীর নেতৃত্বে রয়েছেন নুরুল আবছার বদু ওরফে বদু ডাকাত ওরফে বদি আলম। বদু ডাকাত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু ও গডফাদার। তার রয়েছে লাইসেন্স করা অস্ত্র। এ অস্ত্র ব্যবহার করা হয় ডাকাতিতে। বদু ডাকাতের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৩৭টি মামলা রয়েছে। যদিও গত রবিবার চট্টগ্রামের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এমন একটি খবর ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। তবে মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়নি। সাগরে দাপিয়ে বেড়ানো আরেকটি বাহিনীর নেতৃত্বে রয়েছেন জহির আলম। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। এ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জহিরের ভাই মোহাম্মদ রাজিব। 

তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে দেশের বিভিন্ন থানায়। জেলেদের আরেক আতঙ্ক জালাল বাহিনী। এ বাহিনীপ্রধান জালাল আহমেদের বিরুদ্ধে গভীর সমুদ্রে জাল ও মাছ ডাকাতি, জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়, সাগরে চাঁদাবাজি এবং খুনসহ বিভিন্ন অপরাধে ১২টি মামলা রয়েছে দেশের বিভিন্ন থানায়। দস্যুতার পাশাপাশি সাগরপথে মানব এবং ইয়াবা পাচারের অভিযোগও রয়েছে এ বাহিনীর বিরুদ্ধে। সাগরে সক্রিয় জলদস্যু গ্রুপের মধ্যে জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ট্রলারের জাল এবং মাছ ডাকাতির অভিযোগে দেশের বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। এ ছাড়াও সাগরে সক্রিয় জলদস্যু গ্রুপের মধ্যে মানিক বাহিনী ও ইসহাক বাহিনী অন্যতম।