দীর্ঘ অপেক্ষার পর কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে এমভি বার আউলিয়া ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে ছেড়ে গেছে। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া এআইডাব্লিউটিএ ঘাট থেকে জাহাজটি ছেড়ে যায়।
এর আগে বুধবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।
তিনি জানান, পর্যটকের সংখ্যা যা-ই হোক, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে বৃহস্পতিবার সকাল থেকেই জাহাজ চলাচল শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত করা হলেও বিভিন্ন জটিলতায় এত দিন জাহাজ চলাচল শুরু করা সম্ভব হয়নি।
নৌপরিবহন অধিদফতর ও পরিবেশ অধিদফতরসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর অনুমোদন এবং জেলা প্রশাসকের সম্মতি পাওয়ার পর জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়েছে। এমভি কর্ণফুলি ও এমভি টেকনাফও পর্যায়ক্রমে কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে।
অনুমোদন পাওয়া তিনটি জাহাজের মোট যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। এর মধ্যে এমভি বার আউলিয়ার ধারণক্ষমতা ৮৫০ জন, এমভি কর্ণফুলির ৭৩২ জন এবং এমভি টেকনাফের ৭১৬ জন।