Image description

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে। একই সঙ্গে মঙ্গলবার সকালেও কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন কয়েকজন শ্রমিক। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দিলে কোনো সংঘাতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসন ও শিল্প পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকলেও মঙ্গলবার তা বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে। এসব ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।অন্যদিকে, গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল ৮টার কিছু সময় আগে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। এ ঘটনায় কোনো সংঘাত হয়নি।

তিনি আরও জানান, এ ঘটনা ছাড়া মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের অন্য কোথাও শ্রমিক অসন্তোষ কিংবা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।

মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে, নতুন করে ১০ থেকে ১২টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি বন্ধ থাকা কিছু কারখানা পুনরায় চালু হয়েছে। তবে ঠিক কতটি কারখানা খুলেছে, তা নিশ্চিত করতে পারেননি শিল্প পুলিশের পুলিশ সুপার।

এদিকে, সকাল থেকে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকদের দলবদ্ধভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত গাজীপুরের কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবস্থান নেওয়ার খবর পাওয়া যায়নি।

শীর্ষনিউজ