ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ অবরোধ শুরু হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারী শ্রমিকদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় পুলিশ ও বিজিবি’র সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা।
আন্দোলনরত শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে—ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং কালো তালিকাভুক্ত করার প্রথা বন্ধ করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে শ্রমিক আন্দোলন প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের একাংশকে সড়কে অবস্থান নিতে দেখা গেছে। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান এবং সংসদ সদস্য মো. মজিবুর রহমান একত্রে বৈঠক করছেন।
উল্লেখ্য, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিসহ বিভিন্ন দাবিতে গত রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে আন্দোলন শুরু করে পোশাকশ্রমিকেরা। আন্দোলনকে কেন্দ্র করে এসব এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এতে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধের ঘটনা ঘটে।
ওই দিন তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার। সচিবালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ডের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।