সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তিস্তা চরাঞ্চলের কৃষকরা। মঙ্গলবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কৃষকদের অভিযোগ, স্থানীয় জাদু মেম্বার ও ভুট্টু নামের দুই ব্যক্তি স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণ করছেন। পাশাপাশি তাঁরা কালোবাজারে সার বিক্রির অভিযোগও তোলেন।
কৃষকরা জানান, চাষাবাদের গুরুত্বপূর্ণ সময়ে বারবার চেষ্টা করেও তারা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। এতে চরম বিপাকে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। সার বিতরণে অনিয়ম বন্ধ করে প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান বিক্ষোভকারীরা।
এদিকে কৃষকদের আশ্বস্ত করে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন মিত্র জানান, উপজেলায় পর্যাপ্ত সার মজুত রয়েছে। যাদের সার কার্ড রয়েছে, তারা সবাই সার পাবেন। কৃষকদের কাছ থেকে কার্ড সংগ্রহ করা হয়েছে এবং পরবর্তীতে কার্ডের মাধ্যমে সার বিতরণের ব্যবস্থা নেওয়া হবে।