হাফেজ জুবায়ের আহমাদ তাশরীফের বাবা ১৭-১৮টি বিয়ে করেছেন বলে দাবি করেছেন তার মা। তিনি বলেন, তাশরীফের বাবা তার ছেলের বিরুদ্ধে যেসব কথা বলছেন, সেগুলো সত্য নয়। ছেলে পরিচিতি পাওয়ায় তিনি তা মেনে নিতে পারছেন না বলেও অভিযোগ করেন তাশরীফের মা।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) একটি ফেসবুক পেজে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে তাশরীফের মা জানান, ‘তাশরীফের বাবা অনেকগুলো বিবাহ করেছে। আমি আসার সময় ৭-৮টা বিবাহ করেছে। আমি আসার পর জানতে পারি তিনি ১৭-১৮টা বিয়ে করেছেন।’
তাশরীফের বাবার করা বিভিন্ন মন্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘তাশরীফের বাবার কথাগুলো সত্যি না। এটা মিথ্যা। যেহেতু তার ছেলে এতটুকু উপরে উঠছে, সে চায় না তার ছেলে উপরে থাকুক। কখনো যদি চাইতো, তাহলে তার ছেলের সঙ্গে মিলে সুন্দরভাবে চলাচল করতো। কিন্তু সে অনেক লোকের মন্তব্য শুনে শুনে চলে।’
তিনি আরও বলেন, প্রতি মাসে তাশরীফ ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা দিতেন। তবে এক মাস টাকা না দেওয়াকে কেন্দ্র করে তার ছেলেকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, অন্য লোকদের বুদ্ধি ও পরামর্শ শুনে তাশরীফের বাবা এসব করছেন।
এর আগে তাশরীফকে ঘিরে মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও মাদ্রাসা ভাঙচুরের ঘটনা নিয়ে দেওয়া বক্তব্যেও আলোচনা তৈরি হয়। ওই ঘটনায় সংবাদ সম্মেলনে তাশরীফ বলেছিলেন, ‘উনি চুমু দেয় নাই, দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছিলেন।’ তিনি আরও বলেন, ‘যতটুকু অপরাধ, শাস্তি ততটুকু হতে পারে।’ একই সঙ্গে কোনো একজন শিক্ষকের অপরাধের দায়ে পুরো মাদ্রাসাকে দায়ী করা বা সেখানে ভাঙচুরের বিরোধিতা করেন তিনি। গতকাল রাতে তাশরীফের বাবা গণমাধ্যমে এক সাক্ষাৎকার দিয়ে ছেলের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।