Image description

সাভার থেকে বাসে সদরঘাট যাচ্ছিলেন মো. আজমল আলী। রাজধানীর শ্যামলী এলাকায় এসে বাসটি যানজটে পড়ে। আসাদগেট এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁর সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘গাড়ি খুব ধীরে চলছে। ২ কিলোমিটার পথ আসতে ৪৫ মিনিট লেগেছে। সকাল সকাল এত জ্যাম হবে ভাবিনি। একটা বিড়ম্বনায় পড়লাম।’

আজ সকাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরসহ আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

খোঁজ নিয়ে জানা যায়, আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে জিয়া উদ্যানে সংগঠনটির পূর্বঘোষিত কর্মসূচি আছে। কর্মসূচি পালনের জন্য সকাল থেকে যুবদলের নেতা–কর্মীরা মিছিল নিয়ে জিয়া উদ্যান এলাকায় জড়ো হচ্ছেন। এতে বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে থমকে আছে যানবাহন। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে থমকে আছে যানবাহন। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকেছবি: প্রথম আলো

কর্মসূচির বিষয়ে গতকাল সোমবার যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখা একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। সেখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সকাল নয়টায় বিজয় সরণির নভোথিয়েটারের সামনে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক–বর্তমান নেতা–কর্মীদের ব্যানারসহ উপস্থিত থাকতে বলা হয়।

জিয়া উদ্যানমুখী যুবদলের মিছিল
জিয়া উদ্যানমুখী যুবদলের মিছিলছবি: বিএনপির মিডিয়া সেলের ভিডিও থেকে নেওয়া

সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে যুবদলের নেতা–কর্মীরা মিছিল নিয়ে জিয়া উদ্যানের দিকে যাচ্ছেন।

মিছিলের কারণে বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বেগম রোকেয়া সরণি, মিরপুর রোডসহ বিভিন্ন সড়কে যানবাহন ধীরে ধীরে চলছে। বিভিন্ন সড়কে তৈরি হয়েছে যানজট।