Image description

‘আমি এই দেশে আর নাই, যা হয় হোক, আপনারা ভালো থাকেন’—এমন বার্তা দিয়ে টঙ্গীর মাদ্রাসায় শিশু নিপীড়নের মামলার বাদী শাহজালাল রুমি দেশত্যাগের কথা জানিয়েছেন। তবে তিনি কোথায় আছেন, তা জানা যায়নি।

 

সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে মুঠোফোনে পাঠানো এক খুদেবার্তায় রুমি দেশ ছেড়ে যাওয়ার কথা জানান। বার্তায় তিনি লেখেন, ‘ভাই, আমি এই দেশে আর নাই। সো, আমি এগুলা নিয়ে আর ভাবতেছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’

 

একই বার্তায় মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ তোলেন তিনি। একজন আলেম হয়েও অধ্যক্ষ অনেক মিথ্যা বলেছেন এবং এখনো বলে যাচ্ছেন বলে দাবি করেন রুমি। বার্তার শেষ দিকে তিনি লেখেন, যাই হোক, আপনাদের সাথে আর পারলাম না, এবার আপনারা হ্যাপি থাকেন।

 

তবে তাঁর বক্তব্যে ‘আপনাদের’ বলতে কাদের বুঝিয়েছেন, তা স্পষ্ট নয়। তিনি কোন দেশে গেছেন, সে বিষয়েও কিছু জানাননি। খুদেবার্তা পাঠানোর পর এ বিষয়ে আর কোনো প্রশ্নের জবাব দেননি তিনি। তাঁর দেশত্যাগের দাবির বিষয়ে স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ সামনে আসে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন শিশুটির বাবা শাহজালাল রুমি। পরে ওই শিক্ষককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

 

এ ঘটনায় রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। পরে মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়। ওই মামলায় ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে।

 

পাল্টা মামলার পর থেকে রুমিকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। এর মধ্যেই তাঁর দেশত্যাগের কথা জানিয়ে দেওয়া খুদেবার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে তাঁর বর্তমান অবস্থান এবং দেশত্যাগের সময় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।