Image description

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে পৃথক মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে একটি মামলায় মনিরুল ইসলাম, তার স্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা এবং তার শ্যালক রেজাউল আলম শাহীনকে আসামি করা হয়েছে। অন্য মামলায় তাদের সঙ্গে শাহীনের স্ত্রী সানজিদা খানম টুম্পাকেও আসামি করা হয়েছে।

গতকাল দুদকের উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মোজাম্মিল হোসেন মামলা অনুমোদনের বিষয়টি জানান।  দুদকের অনুসন্ধানে রেজাউল আলম শাহীনের নামে জ্ঞাত আয়বহির্ভূত ২৩ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৫২৬ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি তার ৪০টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত জমা ও উত্তোলন মিলিয়ে ১ হাজার ৪৫ কোটি টাকার বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দুদকের অভিযোগ, ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত অর্থ বৈধ করার উদ্দেশ্যে আত্মীয়স্বজনের নামে সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ লেনদেন করা হয়েছে। দুদক সূত্র জানায়, রেজাউল আলম শাহীনের নামে ২৩ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৫২৬ টাকার সম্পদ পাওয়া গেছে, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ছাড়া ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত তার নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের অর্থ জমা ও উত্তোলন হয়েছে।

এসব হিসাবে জমা হয়েছে ৫২৭ কোটি ৯২ লাখ ৮৮ হাজার ৮২৮ টাকা এবং উত্তোলন করা হয়েছে ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার ৯১০ টাকা। অর্থাৎ জমা ও উত্তোলন মিলিয়ে মোট লেনদেনের পরিমাণ ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার ৭৩৮ টাকা। এত বিপুল অঙ্কের লেনদেন ও সম্পদ অর্জনের পক্ষে গ্রহণযোগ্য বৈধ উৎস পাওয়া যায়নি। দুদকের অনুসন্ধানে সংশ্লিষ্টরা জানান, মনিরুলের শ্যালকের স্ত্রী টুম্পার নামে প্রায় ১৫ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার নামে থাকা সম্পদ ও বৈধ আয়ের হিসাব নিয়ে দুদকের অনুসন্ধানে অসংগতি পাওয়া গেছে।

 এ ছাড়া ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত তার নামে থাকা ২৭টি ব্যাংক হিসাবে ৩৩ কোটি ১০ লাখ ৫৫ হাজার ৭৮৮ টাকা জমা এবং ২৫ কোটি ৫১ লাখ ৯৮ হাজার ৫৫৫ টাকা উত্তোলন করা হয়েছে। জমা ও উত্তোলন মিলিয়ে এসব হিসাবে মোট লেনদেনের পরিমাণ ৫৮ কোটি ৬২ লাখ ৫৪ হাজার ৩৪৩ টাকা।