ধানমন্ডির ২৭ নম্বরে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের একটি মানববন্ধন থেকে আটক ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক শীলকে ছেড়ে দিয়েছে পুলিশ।
আজ সোমবার রাত ৯টার দিকে বিষয়টি ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন ছাত্র ইউনিয়নের সেক্রেটারি বাহাউদ্দিন শুভ।
এর আগে আজ বিকাল ৪টায় ধানমন্ডির ২৭ নম্বরে মীনা বাজারের সামনে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের একটি মানববন্ধন হওয়ার কথা ছিল। সেখানে বাধা দেয় পুলিশ। সেসময় দীপককে আটক করা হয়।
দেশের বিভিন্ন স্থানে বাউল গানসহ নানা সাংস্কৃতিক আয়োজনে ‘তৌহিদী জনতা’র নামে হামলা ও আগ্রাসনের প্রতিবাদে ‘প্রতিবাদী শিল্পী জনতা’র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করার কথা ছিল।
মানববন্ধনে অংশ নিতে আসা অভিনেত্রী সুমনা সোমা আগামীর সময়কে বলেন, “দেশজুড়ে বাউলদের ওপর হামলা ও সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। পুলিশ বাধা দিলে প্রতিবাদ করেছি। তখন পুলিশ সদস্যরা আমাদের টেনেহিঁচড়ে গাড়ির দিকে নিয়ে যায়। দীপককে পুলিশ ভ্যানে করে নিয়ে যায়।”
সংস্কৃতিকর্মী ফারুক এইচ খান বলেন, ‘বাউল সংগীতের অনুষ্ঠান বন্ধ, শিল্পী-জনতার কর্মসূচিতে বাধা এবং মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা নিন্দনীয়।’
সারা দেশে বাউল ও বাঙালি সংস্কৃতির ওপর অব্যাহত আক্রমণ চলছে উল্লেখ করে তিনি এসব ঘটনার প্রতিবাদ জানান। এসব ঘটনার পেছনে স্বাধীনতাবিরোধী ও জঙ্গি মৌলবাদী গোষ্ঠীর মদদ রয়েছে বলেও অভিযোগ করেন ফারুক এইচ খান।
মুক্তিযুদ্ধ ও বাঙালি সংস্কৃতির ওপর আক্রমণ প্রতিহত করতে ১৯৭১ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।