রাজধানীর ধানমন্ডিতে একটি প্রতিবাদী কর্মসূচি চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ধানমন্ডির ২৭ নম্বর থেকে তাঁকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
পুলিশ সূত্র জানিয়েছে, এদিন বিকেল ৪টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারের সামনে ‘প্রতিবাদী শিল্পী জনতা’র ব্যানারে মানববন্ধনের আয়োজন করেন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। দেশের বিভিন্ন স্থানে বাউল গানসহ অন্যান্য সাংস্কৃতিক আয়োজনে ‘তৌহিদী জনতার নামে সন্ত্রাসীদের হামলা ও আগ্রাসনের’ প্রতিবাদে ওই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।
কর্মসূচিতে যোগ দেন নাট্যকার এহসানুল আজিজ বাবু, অভিনেত্রী সুমনা সোমা, দীপক শীলসহ আরো অনেকে। মানববন্ধনের একপর্যায়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হলে দীপক শীলকে তুলে নিয়ে যায় পুলিশ।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সুমনা সোমা সাংবাদিকদের বলেন, ‘দেশজুড়ে সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদে আমরা মানববন্ধন করতে এসেছি। জয় বাংলা স্লোগান দিলে পুলিশের একজন সদস্য এসে বলেন, এই স্লোগান দেওয়া যাবে না। আমরা প্রতিবাদ করলে তারা দীপককে তুলে নিয়ে যায়।’
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, মানববন্ধনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পর বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এমন আশঙ্কা থেকে পুলিশ মানববন্ধনকারীদের ওই স্লোগান দিতে নিষেধ করে। তখন তাঁরা বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দিলে কী হবে? আমরা স্লোগান দিব। পরে সেখানে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। সেজন্যই দীপক শীলকে তুলে নেওয়া হয়।
মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, কর্মসূচিতে কেন ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হলো, এ বিষয়ে আটক দীপক শীলকে জিজ্ঞাসাবাদ করা হবে। কোনো অসঙ্গতি পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি জানতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া দেননি তিনি।