Image description
গাজীপুর মহানগরীর কাশিমপুরের পশ্চিম শৈলডুবিতে সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
 
তথ্যটি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী।
 
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টুনের গুদামে আগুন লাগে। এসময় কারখানা এবং স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
 
খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি এবং সারাবো ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরবর্তীতে আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করে। পরে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
 
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, আমরা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ফায়ার ফাইটিং টেকনিকে আগুন ঘিরে ধরেছিলাম। তবে পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। সর্বশেষ ৯টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।