দেশীয় মিউজিক ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা
সংগীতশিল্পী ও বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিসিবির এই সাবেক পরিচালকের গাড়িতে গুলি চালানো হয়। এটি ঘটেছে শিল্পীর রাজধানীর অফিস মগবাজারে বিশাল সেন্টারের সামনে।
এ সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। তিনি অক্ষত রয়েছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। স্বামী নিরাপদে থাকায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘ভোর ৫টার ঘটনা... আল্লাহ পাক হেফাজতের মালিক, আমিন।’
বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, গুলির ঘটনার পর পুলিশ এ বিষয়ে কাজ করছে। এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। নেপথ্য কারণ উদঘাটনসহ জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।