Image description

মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপনের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় মোটরসাইকেলের সামনে নির্ধারিত নকশা ও মাপ অনুযায়ী নম্বরপ্লেট স্থাপন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিআরটিএর প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি যুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। তবে সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি জোরদার করার লক্ষ্যে পেছনের পাশাপাশি মোটরসাইকেলের সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য প্রাথমিকভাবে মোটরসাইকেলের মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত শর্ত মেনে সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপন করতে হবে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। এতে সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের নকশা বা অতিরিক্ত শোভাবর্ধনের সুযোগ রাখা যাবে না।

নির্দেশনায় স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের জন্য আলাদা মাপ নির্ধারণ করা হয়েছে। স্কুটার মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। নম্বর লেখার ফন্টের উচ্চতা হতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার।

অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য সাধারণ মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এসব নম্বরপ্লেটেও নম্বরের ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে বিআরটিএর নির্দেশনা অনুসরণ করে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট স্থাপনের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। সময়সীমার মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।