নেত্রকোনা সদরের মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামীণ ব্যাংক অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) ভোররাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডে ব্যাংকের দুটি মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
শাখা ব্যবস্থাপক মঞ্জুর আহমেদ এশিয়া পোস্টকে জানান, ভোররাতে নৈশপ্রহরী ফোনে অগ্নিকাণ্ডের বিষয়টি জানালে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে এটি একটি পরিকল্পিত নাশকতা।
ঘটনার পরপরই পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন সদস্যরা ক্ষতিগ্রস্ত ব্যাংক শাখাটি পরিদর্শন করেছেন।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এশিয়া পোস্টকে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে । এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।