Image description

দিল্লির রাজপথে উত্তাল আন্দোলনের মধ্যে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার আটক হওয়ার ঘটনা ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে সাড়া ফেলেছে। তবে তার আটক হওয়ার পাশাপাশি, গত ১০ অক্টোবর ক্যামেরাবন্দি হওয়া একটি ছবিও ঘিরে শুরু হয়েছে আলোচনা। বিক্ষোভের দিন নেহার পরনে থাকা লাল টি-শার্টের বুকে দেখা যায় বিখ্যাত জাপানি মাঙ্গা সিরিজ় ‘ওয়ান পিস’-এর প্রতীক হলুদ-কমলা খড়ের টুপি পরা একটি হাসিমুখের খুলি। খবর আনন্দবাজারের

প্রথম দর্শনে এটি নিছকই পপ কালচার বা ফ্যাশনের প্রতি আকর্ষণ বলে মনে হতে পারে। কিন্তু এই প্রতীকের সঙ্গে জড়িয়ে রয়েছে বিদ্রোহ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের এক জনপ্রিয় সাংস্কৃতিক বার্তা। ১৯৯৭ সালে যাত্রা শুরু করা ‘ওয়ান পিস’ এর কেন্দ্রীয় চরিত্র মাঙ্কি ডি. লুফি এবং তার দল দুর্নীতিগ্রস্ত ও অন্যায়কারী শাসকদের বিরুদ্ধে লড়াই করে। সেই সূত্রেই সাম্প্রতিক বছরগুলিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে তরুণদের সরকারবিরোধী আন্দোলনে এই প্রতীক প্রতিবাদের একটি পরিচিত চিহ্ন হয়ে উঠেছে।

২০২৫ সালে নেপালে তরুণদের আন্দোলন থেকে শুরু করে ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং ফ্রান্সে শিক্ষাব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ বিভিন্ন আন্দোলনে ‘ওয়ান পিস’-এর এই খুলি প্রতীক নজরে এসেছে। নেপালের সিংহ দরবার থেকে ম্যানিলার রাজপথ পর্যন্ত আন্দোলনকারীদের হাতে এই প্রতীককে রাষ্ট্রীয় অনাচার ও দমনের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা হিসেবে তুলে ধরতে দেখা গিয়েছে। ফলে দিল্লির রাজপথে নির্বাচন কমিশন ও নির্বাচনব্যবস্থার বিরুদ্ধে সরব আন্দোলনে নেহার এই টি-শার্টের উপস্থিতিও রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য পেয়েছে।

Neha bora

যন্তর মন্তর-সহ দিল্লির বিভিন্ন জায়গায় নির্বাচনব্যবস্থা নিয়ে প্রতিবাদে অংশ নিয়েছিলেন প্রবীণ রাজনৈতিক নেতা যোগেন্দ্র যাদব এবং সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণের মতো বিশিষ্ট ব্যক্তিরা। পুলিশি হস্তক্ষেপের সময় তাদের সঙ্গে আটক হন নেহাও। পরে আটকের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনার কেন্দ্রে চলে আসে তার লাল টি-শার্ট।

এই প্রতীককে মূলধারার গণতান্ত্রিক আন্দোলনে ব্যবহার করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে রাজনৈতিক মহলের একাংশে প্রশ্ন উঠেছে। অন্য একাংশের মতে, এটি তরুণ প্রজন্মের উপর সমাজমাধ্যম ও বিশ্বব্যাপী পপ কালচারের প্রভাবের প্রতিফলন। বিভিন্ন দেশের আন্দোলনে একই প্রতীকের ব্যবহার দেখিয়ে দিচ্ছে, কী ভাবে সাংস্কৃতিক অভিব্যক্তি প্রতিবাদের ভাষার সঙ্গে মিশে যেতে পারে।

সমাজমাধ্যমের যুগে কাল্পনিক জগতের বিদ্রোহের প্রতীকও দ্রুত বাস্তব রাজনীতির অংশ হয়ে উঠছে। নেহা বোরার লাল ‘ওয়ান পিস’ টি-শার্ট তাই আর নিছক পোশাকে সীমাবদ্ধ নেই; এটি হয়ে উঠেছে তরুণদের প্রতিবাদী সংস্কৃতি, আন্তর্জাতিক সংহতি এবং রাজনীতিতে পপ কালচারের প্রভাব নিয়ে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।