অপরাধ দমন করতে গিয়ে পুলিশ মাঝেমধ্যে আক্রমণের শিকার হয় এবং এটি নতুন কোনো বিষয় নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বুধবার দুপুর ১টায় চট্টগ্রামের দামপাড়ায় সিআইডি সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। তা ছাড়া আসামি গ্রেপ্তারের সময় কেউ যদি তাদের আশ্রয় বা সহায়তা দেয়, তবে তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ নিশ্চিত করেন যে, সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা নেই।
এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের দামপাড়ায় সিআইডি অফিসে সাইবার পুলিশ সেন্টার ও আন্তর্জাতিক মানের ডিজিটাল ফরেনসিক ল্যাব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ‘সেফার সাইবারস্পেস ফর ডিজিটাল বাংলাদেশ: এনহ্যান্সিং ন্যাশনাল অ্যান্ড রিজিয়নাল ডিজিটাল ইনভেস্টিগেশন ক্যাপাবিলিটি অব বাংলাদেশ পুলিশ’ প্রকল্পের আওতায় পুরো ভবন ও ল্যাবটি রিপাবলিক অব কোরিয়া সরকার এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির যৌথ সহায়তায় নির্মিত হয়েছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে সাইবার স্পেস ব্যবহার করে অপরাধের ধরন পাল্টেছে। অনলাইনে স্ক্যাম ও শেয়ার বাজার ম্যানিপুলেশনের মতো আধুনিক অপরাধ প্রতিরোধে ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে দ্রুতই ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে এবং কেন্দ্র থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত এই সক্ষমতা সম্প্রসারণ করা হবে। বিচার ব্যবস্থায় দ্রুত বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সিআইডির ল্যাবরেটরি সুবিধা এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া চলছে।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (উন্নয়ন) সরদার নূরুল আমিন, কৈকা বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজমুল হক এবং সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।