মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়নের জন্য চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (এক্সিম ব্যাংক) সঙ্গে প্রায় ৩ হাজার ৫৯২ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার টাকার ঋণচুক্তি করেছে বাংলাদেশ সরকার। সোমবার (১২ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এ তথ্য জানায়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় মোংলা বন্দর কর্তৃপক্ষের নেওয়া ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ প্রকল্পে এ ঋণের অর্থ ব্যয় করা হবে। প্রকল্পের আওতায় আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কনটেইনার টার্মিনাল, কনটেইনার ইয়ার্ড, কনটেইনার ডেলিভারি ইয়ার্ড ও কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণ করা হবে। পাশাপাশি বন্দরের প্রয়োজনীয় আধুনিকায়ন করা হবে।
চুক্তি অনুযায়ী, চীন সরকার ২ শতাংশ সুদে এ ঋণ দেবে। ঋণ পরিশোধের মেয়াদ ২০ বছর। এর মধ্যে প্রথম পাঁচ বছর ঋণ পরিশোধে ছাড় থাকবে।
গত ১০ অক্টোবর এ চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব আলিয়া মেহের এবং চীনের এক্সিম ব্যাংকের পক্ষে ব্যাংকটির সহকারী মহাব্যবস্থাপক ফেংজুন তিয়ান।